কবিতাটা ১৯৯৬ সালের ১৫ ই অগাস্টের দুপুরে বসে বসে লিখে ফেললাম।
আজ মহান বিজয় দিবস উপলক্ষে কবিতাটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে ও সকল শহিদ মুক্তি যোদ্ধাদের উৎসর্গ করলাম।
আমি সেদিন কান বন্ধ করে থাকিনি
ওর গায়ে বিদ্ধ রক্ত মাখা বুলেট গুলো;
চিৎকার করে আমার কানের কাছে বলেছে-
আমি তার আদেশ চেয়েছিলাম ।
তোমরা আমাকে তার আদেশ দেওনি
তোমরা দিয়েছ এক সাহসী নেতার রক্ত ।
আমি সেদিন কান বন্ধ করে থাকিনি
ওর ঘরের রক্তাক্ত সিঁড়ির প্রতিটি কণা;
চিৎকার করে আমার কানের কাছে বলেছে-
আমি তার পায়ের ধুলো চেয়েছিলাম ।
তোমরা আমাকে তার পায়ের ধুলো দেওনি
তোমরা দিয়েছ এক আদর্শ নেতার জমাট বাঁধা রক্ত ।
আমি সেদিন কান বন্ধ করে থাকিনি
ওর দেওয়ালের প্রতিটি ইট;
চিৎকার করে আমার কানের কাছে বলেছে-
আমি তার রক্ত চাইনি,
আমি তার হাতের ছোঁয়া চেয়েছিলাম ।
তোমরা আমাকে তার হাতের ছোঁয়া দেওনি
তোমরা দিয়েছ এক সংগ্রামী নেতার মাথার মগজ আর রক্তাক্ত ঘ্রাণ ।
আমি সেদিন কান বন্ধ করে থাকিনি
ওর ঘরের ওর প্রতিটি নিঃশ্বাসের বায়ু
চিৎকার করে আমার কানের কাছে বলেছে-
আমি তার রক্ত চাইনি,
আমি তার ভালবাসা চেয়েছিলাম ।
তোমরা আমাকে তার ভালবাসা দেওনি
তোমরা দিয়েছ এক ঐতিহাসিক নেতার কালো রক্তের মত কালো মৃত্যু ।

সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




