অসাম্প্রদায়িকতা একটা কল্পিত ভাবনা ছাড়া আর কী!
কিছু না। স্রেফ কিচ্ছু না।
তাহলে কল্পিত একটা কিছুর পেছনে ছোটার মানেটা কি?
কিন্তু অসাম্প্রদায়িকতার বিপরীত যে ভাবনা: সাম্প্রদায়িকতা, সেটাই বা কল্পনা ছাড়া আর কি? তাহলে তারই বা চির আধিপত্য মেনে নেবার কি আছে? সে তো একটা ভাবনা (আইডিয়া) ছাড়া আর কিছু না। তো সাম্প্রদায়িকতার কল্প-ভাবনাটা যদি রাজত্ব করতে পারে, অসাম্প্রদায়িকতা কেন পারবে না?
উত্তর হতে পারে একটাই: সেটা হল বাস্তবতা। সাম্প্রদায়িকতা একটা বাস্তবতা। এটা মেনে নিতে হবে। বৈষম্য একটা বাস্তবতা। মেনে নিতে হবে। অগণতন্ত্র কিংবা আর আর যা কিছু মেনে নিতে হবে, কারন তা বাস্তবতা।
সামন্ত যুগের পতন ইউরোপে গিল্ডব্যবস্থার অবসান ঘটিয়েছিল, মানুষের ব্যক্তিস্বাতন্ত্রবোধের বিকাশ ঘটিয়েছিল, চিন্তার স্বাধীনতা নিয়ে এসেছিল, অভিজাততন্ত্রের ক্ষমতা চূর্ণ করেছিল, আর সম্ভবত তারই সাথে একটা নতুন উপসর্গ সমাজে এনেছিল: তীব্র টিকে থাকার লড়াই। আগে যেমন সমাজ টিকে থাকার লড়াইয়ের প্রধান চেষ্টা ছিল যুথবদ্ধতা, সে কারণেই দুর্বল যেন হারিয়ে না যায়, তার একটা প্রাণপণ চেষ্টা যৌথভাবে ছিল সমাজে; সেই আস্ত সমাজটাই গেল দুর্বল হয়ে। উঠে এল নতুন এবং শক্তিশালীতম প্রতিষ্ঠান– রাষ্ট্র। সমাজকে ছাপিয়ে সর্বোচ্চ আইন হিসেবে ধীরে ধীরে কিন্তু অনিবার্যভাবে নিজেকে প্রতিষ্ঠিত করল। সমাজের লক্ষ্য যেমন ছিল ক. গিল্ডের মাঝে যেন কোন প্রতিযাগিতা না থাকে, খ. বাইরের কেউ যেন প্রতিযোগী না হয়, তার বন্দোবস্ত করা, রাষ্ট্রের লক্ষ্য প্রতিযোগিতার সংস্কৃতিকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া।
রাষ্ট্র এই প্রতিযোগিতার দেখভাল করে বটে, কিন্তু তার আচরণ কেমন হবে, তা নিয়ে বিতর্ক একেবারে প্রথম থেকে। হার্বার্ট স্পেনসার (খামাখা তাকে বলা হয় না ডারউইনিয়ান বিফোর ডারউইন, তার বিখ্যাত সারভাইভাল অব দ্যা ফিটেস্ট প্রবাদবাক্যটির জনক হিসেবে) সামাজিক প্রতিযোগিতার চূড়ান্ত দেখতে চেয়েছেন, যেখানে রাষ্ট্রের একমাত্র দায়িত্ব হবে প্রতিযোগিতার দেখভাল করা। দুর্বল যদি না খেয়ে মারা যায়, সেটা তার অযোগ্যতা। অরণ্যের বণ্য আইনকে কারখানার সমাজে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন তিনি। বিষয়টা এমন উৎকট ঠেকেছিল তারই সমসাময়িক প্রকৃতিতে টিকে থাকার লড়াই এবং পরিনামে যোগ্যতমের জয় ধারণাটার উদগাতা ডারউইনের কাছে যে, স্যোশ্যাল ডারউইনিজম নামের এই বস্তুটি তাকে সদাই বিব্রত করত।
স্পেনসার কিন্তু এই যুগেও বিরল নন, দেড়শত বছর পরও। এদের অনেকেই আদতে স্পেনসার এর ই আধুনিক সংস্করণ। এদের অন্যতম পুরোধা মিল্টন ফ্রিডম্যান তো মনে করেন, পর্নগ্রাফি, মাদক কিংবা আর কোন বাণিজ্যের ওপর-ই বিধিনিষেধ থাকা উচিত না। বিজ্ঞাপনের ওপর নানা রকম বিধিনিষেধের চরম বিরোধী তিনি, কেউ যদি পাব্লিককে ঠকিয়ে পয়সা করতে পারে, সেটাও তার যোগ্যতা। অ্যান্টিট্রাস্ট আইন বলে যে সব আইন মার্কিন মুল্লুকে বা ইউরোপে আছে, সেগুলোর মুণ্ডুপাত করেন তিনি দুইবেলা। কেননা সেগুলো ক্রেতাদের স্বার্থ রক্ষার নামে প্রতিযোগী দুর্বল কোম্পানিগুলোকে রক্ষা করে! এতই প্রতিযোগিতার পক্ষের লোক তিনি যে মার্কিন যুক্তরাষ্ট্রকেও কিছুমাত্রায় সমাজতান্ত্রিক বলে সমালোচনা করতেন তিনি। কেননা, সেখানে স্যোশ্যাল সিকিউরিটির ব্যবস্থা আছে, বেকার ভাতা, মাতৃত্বকালীন ছুটি ইত্যাদি কি খাটি, পবিত্র প্রতিযোগিতার আবহের বারটা বাজায় না! ফ্রিডম্যানের চরমপন্থা বোঝার জন্য এটা জানাই যথেষ্ট যে তিনি ডাক্তারদের সনদপত্রের ব্যবস্থাও তুলে দিতে চান; এভাবে রাষ্ট্রর তদারিকির ভিত্তিতে নয়, যোগ্যতার ভিত্তিতে কোন ডাক্তার টিকে থাকবে। বড়লোকদের ওপর কর হ্রাসের প্রস্তাবকও তিনিই। উদারনীতির ওপর তার এত আস্থা ছিল যে, আলেন্দের মৃত্যুর পর তিনি চিলি সফর করে জেনারেল পিনোশের সামরিক জান্তাকে সকল রকম বুদ্ধিবৃত্তিক সহায়তা প্রদান করেন, তার অ্যাকাডেমিভুক্ত চিলিয়ান ছাত্রদের সকল উচ্চপদে নিয়োগ দেয়া হয়, ফ্রিডম্যানের আশা ছিল যে মুক্তবাজার আর প্রতিযোগিতা আর উদারনীতি চিলিকে খুব দ্রুত উন্নত রাষ্ট্রে পরিনত করবে।
এই চরম লিবারেল প্রতিযেগিতাবাদী অর্থনীতির দর্শনের বাইরে সবচে' শক্তিশালী দল হল কেইনসিয় ধারা। তারা রাষ্ট্রের শক্ত হস্তক্ষেপের পক্ষে। ধনীদের ওপর উচ্চকর, সামাজিক নিরাপত্তা জাল তাদের প্রধান বুলি। জীবিতাবস্থায় ফ্রিডম্যানকে তাদের মোকাবেলা করতে হয় দারুণভাবে, বিশেষকরে কেইনসীয় অর্থনীতিবিদ জোয়ান রবিনসনকে। ৩০ দশকের মহামন্দার কালে রাষ্ট্রের ব্যয়ের মাত্রা বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রেসক্রিপশন দিয়ে কেইনস বিখ্যাত হন, আর মিল্টন ফ্রিডম্যান বিখ্যাত হন পরবর্তীকালে ওই ভাবে রাষ্ট্রের হস্তক্ষেপের বিরোধিতা করে। তার মতে অর্থের সরবরাহ বৃদ্ধি করলেই সঙ্কটের সুরাহা হত, প্রবচন আকারে তার কথাটি চালু হয়: ড্রপিং মানি আউট অব আ হেলিকপ্টার!
কেইনসীয় মডেল আর ফ্রিডম্যানের এই বিরোধ পুঁজিবাদের অভ্যন্তরীন শিবিরের দুই পন্থার বিরোধেরই প্রকাশ। একদিক দিয়ে বিবেচনা করলে ফ্রিডম্যানকেই বেশি নম্বর দিতে হবে ব্যক্তির স্বাধীনতা, বাছাইয়ের অধিকার নির্ধারণে চূড়ান্ত স্বাধীনতা দেয়ার কারণে। পুঁজিবাদের ঘোষিত ব্যক্তিস্বাতন্ত্রবাদের চূড়া তিনি, যথাযথ ভাবেই তিনি তার প্রতিপক্ষ কেইনসীয়দের প্রতিক্রিয়াশীল, সমাজের অগ্রগতির শত্রু বলে ঠাট্টা করতে পারেন।
শুরুতে ফ্রিডম্যানের প্রতাপ কম থাকলেও ক্রমশঃ তা বৃদ্ধি পায়। বিশেষ করে রিগ্যান আমলে তিনি শুধু মার্কিন অর্থনীতির না, সেই সূত্রে বিশ্বঅর্থনীতিরও সবচে’ বড় কর্তায় পরিনত হন। মার্গারেট থ্যাচারও তার গুনমুদ্ধ ছিলেন। এই দুইজ্ই স্বদেশে এবং বিশ্বব্যাপী পুঁজিবাদী উদারীকরণের জোয়ার বইয়ে দেন। কিন্তু এই প্রতিযোগিতার সামলানোর ক্ষমতা কোন অর্থনীতিরই আসলে শেষ বিচারে নেই। এর সামাজিক ক্ষয়ক্ষতি মোকাবেলা করা পুজিবাদের পক্ষে অসম্ভব। এর পরিনতিতে অত্যাবশ্যকীয়ভাবেই মানুষ খেপে উঠবে, সামাজিক বিপ্লব ঘটবে, কেইনসীয় মডেলের শক্তির জায়গাটাও আসলে সেখানেই।
কিন্তু আমি লিখতে চেয়েছিলাম মানুষের সৃজনশীলতা নিয়ে, কল্পনা শক্তির জয়গান গাওয়ার উদ্দেশ্য নিয়ে। ‘কথা বলতে বলতে চলে এসেছি বহুদূর।’ এই পোস্টে কি ফেরা যাবে আর?
না মুছি বরং। তিন দিন পর ফিরছি। এবং কথা দিচ্ছি ফিরে এসেই লেখাটা শেষ করব। আপাতত একটা কবিতার ক’টি লাইন দেই:
মাটি পৃথিবীর টানে মানবজন্মের ঘরে কখন এসেছি,
না এলেই ভাল হত অনুভব করে
শিশির শরীর ছুয়ে সমুজ্জ্বল ভোরে
এসে যে গভীর তর লাভ হল সেসব বুঝেছি
দেখেছি যা হল, হবে, মানবের যা হবার নয়
শাশ্বত রাত্রির বুকে সকলি অনন্ত সূর্যোদয়
বিশেষদ্রষ্টব্য:
বেজবান। তাই কোন প্রশ্নের উত্তর দেয়া মানা। কিন্তু পরিচিত বন্ধুদের সাড়া দেখলে তুচ্ছ এই ব্লগারও শান্তি পায়। কাজেই নিশ্চিন্তে কমেন্ট করুন।
আর এরপরও কমেন্টের উত্তর প্রয়াসী হলে
এখানে মন্তব্য করুন।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




