জরায়ুকে ক্লিষ্ট করে যে শিশু এলো চরম নগরে
বিধ্বস্ত বিদ্বিষ্ট সে দেখে বিধ্বংসী কার্বনের ছায়া
ফুটো ওজনের স্তর,গ্রীণ-হাউজ,অশনি-সংকেত।
বিবর্ণ ঘাসের স্তূপ,হলুদ পাতারা
জড়ায় নিয়ত তার বোধ ও বিস্ময়।
বিনয়ন সে দেখে-
গ্লেসিয়ার গলে যাওয়া জলরাশি,মেরুর উষ্ণতা
বিপন্ন বিষন্ন সব-ঊষর সভ্যতা।
শষ্প ও শস্যের জেল্লা বিয়োজিত বিয়োজিত খুব
সে দেখে ওষ্ঠাগত প্রাণ শ্বাসের সিম্ফনি
শাঙন গুঙিয়ে যায়-
শরতের গায়ে লেগে থাকে হলুদাভ আভা।
বিপন্ন সায়াহ্ন যেন খুলে দেয় আরেক সাহারা
সীমান্ত নিশ্চিহ্ন হয়,এ যেন পৃথিবীর সীমাহীন সীমা।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



