মাহবুব মতিন পৃথিবীর মায়া ত্যাগ করে অন্য জগতে পাড়ি দিয়েছেন, পেছনে ফেলে গেছেন নানা কীর্তি, স্মৃতি, স্বজন। ওয়েবস্ফিয়ারেও তার সংযুক্তি কম নয়, তার মধ্যে দুটো উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় ও সময়ের প্রয়োজনে নিরূপিত। একটা হচ্ছে 'ছোটরাই' - শিশু কিশোরদের জন্য এই সাইটটি ব্লগস্পটে করা, সবে শুরু করেছিলেন। অন্যটি হলো সাংবাদিকদের জন্য একটা ওয়েব ক্লাব। মাহবুব মতিন ভাইকে নিয়ে স্মৃতিচারণমূলক পোস্টে ফয়সল নোই উল্লেখ করেছেন,
নিজে সংগঠনের জন্য অনুষ্ঠান করছেন ছোটরাই । নাটক বানাচ্ছেন। সাংবাদিকদের একটা অনলাইন ক্লাব বানাচ্ছেন জার্নালিস্ট ক্লাব
শিশুদের জন্য ওয়েবপেজঃ ওয়েব ঘাটাঘাটিতে আমার চোখে এ পর্যণ্ত শিশুদের জন্য নির্মিত ওয়েবের সংখ্যাই সবচেয়ে কম মনে হয়েছে। উপরন্তু অপরিণতবয়স্কদের আকৃষ্ট করার জন্য আকর্ষক যৌনসাইট রয়েছে হাতের নাগালে। পিচ্চিরা এখন অনেক স্ম্যার্ট, কিওয়ার্ড দিয়ে সার্চ করা শিখে যায় ফাইভ/সিক্সেই। সবেধন নীলমনির মতো আছে বিডিনিউজ২৪ এর কিডস , কিন্তু এখন পর্যন্ত যেটি কোন স্পন্সরের মুখ দেখেনি। এছাড়া, কিছুদিন আগে ছোটদের সামহোয়ারইন নামে একটা উদ্যোগ ছিল চোখে পড়ার মত। কয়েকশ ব্লগারের উচ্ছ্বাস ছিল অভাবনীয় - ছোটদের জন্য আশা জাগানিয়া।
বাংলাদেশের ওয়েব জগতের বাণিজ্যিকায়ন এখনও প্রায় শূণ্যের কোঠায় বলে এইসমস্ত বাচ্চাদের সাইটগুলো এবং উদ্যোগগুলোর মধ্যে একটা যোগসূত্র স্থাপন করা যেতে পারে। যেটা হবে তা হলো বিচ্ছিন্ন রিসোর্সগুলো একত্রে কাজ করতে পারবে - এবং আরো ভালো কিছু শিশুদের জন্য তৈরী করতে পারবে।
মাহবুব মতিনের 'ছোটরাই' , বিডিনিউজের 'কিডস' এবং সামহোয়ারের ছোটদের জন্য নেয়া উদ্যোগগুলোর মধ্যে পারস্পরিক সম্বনয় সাধনের মাধ্যমে মাহবুব ভাইয়ের উদ্যোগটিকে পূর্ণ রূপ দেয়া সম্ভব।
প্রচারমাধ্যমকর্মীদের ওয়েবক্লাবঃ মাহবুব মতিন ভাই গণমাধ্যম কর্মীদের সামাজিক সম্পর্ক নির্ভর একটা সাইট তৈরী করেছিলেন। জার্নালিস্টক্লাব নামের এই উদ্যোগটা সময়ের নিরিখে প্রশংসার দাবী রাখে। সাংবাদিকদের তো অনেক ক্লাবই আছে, কিন্তু ওয়েবে এমন উদ্যোগ আগে দেখিনি।
ব্লগে অনেক সাংবাদিক নিয়মিত রোজনামচা লিখে থাকেন, এছাড়া এমন কোনো নিরিহ ব্লগার পাওয়া যাবে না যিনি জীবনে সাংবাদিকদের মত একটা রিপোর্ট লেখেননি। কেবলমাত্র প্রচারমাধ্যমের কর্মীদের নিজস্ব একটা ওয়েব মিটিং জোন হতোই একসময় - আর সেটা শুরু করে দিয়ে গেছেন মাহবুব ভাই।
একটা মানুষের স্মৃতি আমাদের জীবনে থাকতে পারে তার ভালো কর্মের অনুসরণে। মাহবুব ভাই-এর উদ্যোগগুলো সামনে এগিয়ে নেবার জন্য দরকার সম্মিলিত প্রচেষ্টা - যা মাহবুব ভাই শুরু করে দিয়ে গেছেন। ওয়েবস্ফিয়ারে এই দুটো সাইটকে সমৃদ্ধ করে আমরা পালন করতে পারি মাহবুব ভাইয়ের জন্য সত্যিকারের স্মরনসভা।
আমি ভাবছি এই দুটো বিষয় নিয়ে কিছু করার অনুরোধ জানাবো আজকের স্মরণসভায় উপস্থিত ব্লগারদের।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



