পত্রিকায় দেখে থাকবেন, বিএসটিআই এর অনুমোদন না থাকা দই বিক্রী করার জন্য বেশ কটি দোকানকে মোবাইল কোর্ট দন্ড দিয়েছে। বাংলাদেশের লক্ষ লক্ষ গোয়ালা হাজার বছর ধরে এ উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত। আমি যদি বলি বিএসটিআই এ নিয়মটি তৈরী করেছে কিছু ধনী দই উৎপাদকের স্বার্থ রক্ষার জন্য, এটা কি খুব ভুল হবে? বাজার প্রতিযোগিতায় দেশের সনাতন দই উৎপাদকেরা যেন হেরে যায়, আর আধুনিক যন্ত্রে প্রস্তুত নতুন দই উৎপাদকেরা যেন সে ফাঁকা মাঠে গোল করতে পারেন সে জন্যই এ ব্যবস্থা। এটি ঠিক যেন ঔপনিবেশিক বৃটিশ ব্যবস্থারই পুনরাবৃত্তি, যার মাধ্যমে আমাদের বস্ত্র ও অন্যান্য শিল্পকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল। দেশের উৎপাদিত কাপড়ের উপর উচ্চ হারে কর বসিয়ে, আর বৃটেন থেকে আমদানীতে কর সম্পূর্ণ মওকুফ করে ব্যবস্থা করা হয়েছিল যেন দেশের শিল্প কখনই প্রতিযোগিতায় টিকতে না পারে। আবার সেটিকে ভালভাবে তদারকির জন্য করা হয়েছিল মোবাইল কোর্ট – যা আমরা এখনও চালু রেখেছি।
বিএসটিআই কে লক্ষ লক্ষ গোয়ালার কাছে নিতে গেলে যে রাষ্ট্রযজ্ঞের প্রয়োজন হবে তা যেমন অবাস্তব, তেমনি লক্ষ লক্ষ অশিক্ষিত বা স্বল্পশিক্ষিত গোয়ালাকে গুটিকয়েক বিএসটিআইএর দপ্তর থেকে অনুমোদন নেয়াতে বাধ্য করাটাও অবাস্তব। সরকারের চাপিয়ে দেয়া এ নিয়ম তৈরী করার সঙ্গে সঙ্গেই দেশের লক্ষ লক্ষ গোয়ালা সবাই হঠাৎ করে ‘অপরাধী’ হয়ে গেছে, ঠিক যেমনটি ঔপনিবেশিক বৃটিশ সরকারের সময় স্থানীয় তাঁতীরা হয়ে গিয়েছিল, আর সে সুযোগ নিয়ে যে কোন সময় একজন সরকারী কর্মচারী যে কোন গোয়ালার পুরো জীবন ধারণের ব্যবস্থাকে ধ্বংস করে দিতে পারে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



