গতরাতে একটা খবর পড়ে চোখটা কিছুক্ষণের জন্য সেখানে আটকে থাকল। রাত ১২বার টার দিকে শুধুমাত্র বাস চালাতে দেরি হওয়ার কারণে জনগণের পিটুনিতে এক বাস চালক নিহত হয়। এই ঘটনা এই দেশে নতুন নয়। প্রায় সময় দেখি গণপিটুনি তে অনেক বাস চালক/হেল্পার আহত অথবা নিহত হয়। বাস চালক/হেল্পার হওয়া মনে হয় তাদের জন্য অভিশাপ হয়ে আসছে। ঢাকায় এসে একটা ব্যাপার বেশ ভালমত দেখতে পাচ্ছি। এখানে বাস চালক/হেল্পার দের সবাই যে যার মত ইচ্ছেমত গালি গালাজ, অশ্রাব্য ভাষায় বকুনি তো আছেই, হাত তুলতেও দ্বিধা করে না। তাদের অপরাধ কি ? তাদের অপরাধ হচ্ছে তারা রাস্তায় রাস্তায় লোক নেয়, যেখানে সেখানে গাড়ি থামায়, বাস ভর্তি করে লোক নেয়। আরে ভাই লোকাল সার্ভিস দেখেই তো নিচ্ছে, তার জন্য তাদের রাগানোর একটা সীমা আছে! আর এই জনবহুল শহরে বাস ভর্তি করে যদি লোক না নেয় তবে অর্ধেকের বেশি মানুষ তাদের গন্তব্যে যেতে পারবে না। কিছু গলা চুলকানো মানুষ আছে যারা একশ জনকে ঠেলে ঠুলে বাসে উঠা মাত্রই শুরু করে দেয় গলা বাজি। কেন ঠেলা ঠেলি করে মানুষ তুলছে হেন তেন ইত্যাদি। অথচ একটু আগে যে ঠেলা ঠেলি করে নিজে উঠছে সে কথা সে বেমালুম ভুলে যায়। এমনি করেই প্রতিটা মুহুর্ত প্রতিটি দিন হাজার হাজার গালি হজম করতে হচ্ছে এই বাস চালক/শ্রমিকদের, মাঝে মাঝে মৃত্যু বরণও করছে ঐ বাস চালকটির মত।
হ্যাঁ, আমরাও মারতে পারি। এর প্রমাণ আমরা দিয়েছি রাজন, রাকিবদের মেরে। তিলে তিলে যন্ত্রনা দিয়েও মারতে আমাদের বিন্দুপরিমাণ হাত কাঁপে না। হাত কাঁপে না বাবা বয়সী কোন বাস চালকদের গাঁয়ে হাত দিতে। হাত কাঁপে শুধু তখনই যখন কোন নেতার ভাতিজারা এসে আমাদের সামনে তাদের অস্ত্র ধরে আমাদের সব কিছু নিয়ে যায়। আমাদের মুখ তখন বন্ধ থাকে যখন দেখি বৈশাখে আমাদের বোনের শ্লীলতাহানি করে কতিপয় যুবক। আমরা এমনি "শক্তের ভক্ত আর নরমের যম"। তাই তো বলছি --- জীবনে চোর হ! ডাকাত হ! তবুও বাস চালক / শ্রমিক হইস না।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



