গরমের দিনে সন্ধাবেলায় মা বাড়ির উঠানে বড় মাদুর পেতে দিতেন। আমরা ভাই বোন মিলে সেখানে হ্যারিকেনের আলোয় পড়তাম। আমি অংক করা রেখে আকাশের দিকে তাকিয়ে থাকতাম। দেখতাম চাঁদের আলো, নারিকেল গাছের পাতার ফাঁক দিয়ে চাঁদটাকে কি সুন্দরই না লাগে, আম গাছের পাতাগুলির ফাঁক দিয়ে আধো আলো, আধো ছায়া লুকোচুরি খেলে, তাঁরা ভরা আকাশ... এই সব দেখতাম আর ভাবনার জগতে ডুবে থাকতাম। কী ভালই না লাগতো। ঠিক সেই সময় নারায়ন স্যার আমাদের পড়াতে আসতেন । খুব কঠিণ আর গম্ভীর স্বরে বলতেন ‘কিরে তুই অংক করা বাদ দিয়ে আকাশের তাঁরা গুনছিস। আমার এই ভাল লাগার সময়টাকে এক নিমিষেই দোষখে পাঠিয়ে দিতেন। বিকালে পুকুর পাড়ের ঘাসগুলোকে কিযে ভাল লাগতো, আর ঐ ওরহর গাছগুলির ডালাপালাগুলো পানির উপর নুয়ে পড়েছে! যেন পানির সাথে চুপি চুপি কথা বলছে। আমি এসব দেখি আর একটু একটু করে যা মনে আসে তাই লিখি। একদিন আমার মা স্যারকে বললেন, দেখেন মাস্টার মশাই, মেয়ে কি পড়া লেখা করে জানে, এই দ্যাখেন, সারা খাতা ভরে এই ছাই ভষ্ম লিখেছে। পড়া বাদ দিয়ে রান্না ঘরে চুপ করে বসে গল্পের বই পড়ে। ওর বাবা জানতে পারলে আমাকে বাড়ি ছাড়া করবে। স্যার বললেন কোন দিন মার খেয়েছিস? আমি ভয়ে বললাম না, কোন দি -ই- ই -ই -ন না। স্যার বললেন ঠিক আছে, আর কোন দিন এই সব লিখবি না । আজকের মতো ছেড়ে দিলাম। আর যদি দেখি এ সব লিখে সময় নষ্ট করছিস তো মেরে হার ভেঙ্গে দিব। কিন্তু লেখা আমি ছাড়িনি। শেষ রাতে উঠে জোড়ে জোড়ে পড়তাম আর কিছু সময় ভাবতাম । সবাই ভাবতো আমি অংক করছি। লেখা শেষ হলে তোষকের নীচে রেখে দিতাম। মাঝে মাঝে নিজে সেই লেখাগুলি তোষকের নীচ হতে বের করে দেখতাম। ভাল লাগায় মন ভরে যেত। কিন্তু ঐ যে স্যার মারের ভয় দেখিয়েছিলেন, ওটা মনে হলেই ভয়ে সারা শরীরে যেন জ্বর এসে যেত।
২
একবার আমাদের পাড়ার এক চাচা আমাদের বাড়ী এলেন, তখন আমি আর আমার বোন পড়ছিলাম। ঐ চাচা আমাকে বললেন,‘মা তুমি কোন শ্রেণীতে পড়?’ আমি বললাম ফাইভে, তিনি আমাকে বললেন, ‘মা আমাকে একটা ছড়া শোনাও তো?’ আমি বলতে শুরু করলাম
‘ঐ দেখা যায় ছোট্ট গ্রাম
তারই পাশে নানুর গ্রাম
আম, জাম, কাঁঠাল লিচু
কত ফল যে আছে ভাই!
মনে হয় সারা জীবন
নানুর গাঁয়ে থেকে যাই।
কত মাছ আছে খালে
পাখি ডাকে গাছের ডালে
মনটা আমার নেচে বেড়ায়
জোনাকীদের দলে দলে’।
তিনি আমাকে বললেন, মা এই ছড়াটার নাম বললে না তো? আমি বললাম,‘ আমি তো এই ছড়ার নামই দেই নাই’। তিনি অবাক হয়ে বললেন, কি বল’? তুমি তোমার বই এর ছড়া না বলে হাবি জাবি একটা ছড়া বলে দিলে। আর ছড়া লিখা এত সোজা?? ‘ঘাটের কাছে যামিনী, দেখে আসলাম আমিনী’ , আর এটা বললেই কবিতা হয়ে গেল?? দাঁড়াও তোমার বাবাকে বলবো’। আমার মা এই কথা শুনে বললেন,‘ওর বাবা তো তার মেয়েকে কিছুই বলে না, আপনি একটু বলবেন, কি সব লিখে, পড়া লেখার খবর নাই”। সেই চাচা এক বুক নিঃস্বাস ছেড়ে বললেন, আজকালকার ছেলেমেয়েরা পড়া লেখা করে না, অথচ আমরা কত পড়তাম, বড়দের কথা শুনতাম। আমার মা আমার নিকট হতে সেই ছড়াটা নিয়ে তখনই ছিঁড়ে চার টুকরা করে দিয়েছিলেন। এখনো মনে আছে- কত কান্না যে আমি করেছিলাম। দুই দিন কিছুই খাই নাই। মনে মনে ঐ চাচাকে বকা দিয়েছিলাম, বকেছিলাম - বেটা একটা আস্ত ছাগল, পাগল, ওর যেন জ্বর হয়,ওর পেটে যেন ব্যাথা হয়, ভূতে ওকে যেন বাঁশ গাছের ওপরে তুলে রাখে’। আমার বড় ভাই হাসতে হাসতে আমাকে বলেছিলেন,‘কাউকে বকা দিতে হয় না, বকা দিলে কোন দিন লেখা লেখিও করা যায় না, আর তার পড়ালেখাও হয় না”। আমার বড় বোন সেই কবিতাটি আঠা দিয়ে জোড়া লাগিয়ে আমার হাতে দিয়ে বলেছিলেন, ‘এটা নে, আর ভাত খাবি চল। সেই লেখাটিকে এখনো আমি স্বযন্তে তুলে রেখেছি। আর মনে রেখেছি ঐ দুষ্ট চাচার কথাগুলো।
৩
এত লিখি কিন্তু বন্ধু –বান্ধব ছাড়া কাউকে দেখাতে পারিনা। ওদের দেখালেও বলি, মাইরী বল......বাড়ীতে কাউকে বলবি না। ওরা ঘার নেড়ে সায় দেয়, মাইরী বলে। একদিন স্কুলে টিচার বললেন, ম্যাগাজিন বের করবো, তোমরা খুব সুন্দর করে গল্প, কবিতা,ছড়া লিখে নিয়ে আসবে। আমি পরের দিন তিনটি গল্প, ছয়টি ছড়া নিয়ে হাজির হলাম। স্যার বললেন এই তুই কাকে দিয়ে লিখিয়েছিস, বল। অন্যের লেখা ছাপানো যাবে না। ভয়ে কেঁদে ফেললাম। বললাম স্যার আমি লিখেছি। স্যার বললেন, এই বোকা কাঁদতে হয়, আমি তো বুঝতে পেরেছি তুই লিখেছিস। ছাপা হলো দুটি ছড়া, ও একটি ছোট গল্প। স্যার বললেন তোর কত বানান যে ভুল ছিল,ভাষাও ঠিক ছিল না- সব ঠিক করে দিয়েছি। কি খুশী তো! মাথা নেড়ে খুশীর ভাবটা প্রকাশ করতে যেয়ে ডুকরে কেঁদে উঠলাম। স্যার বললেন দূর বোকা কাঁদে নাকি, এখন হতে লিখবি ---ঠিক আছে।’
প্রিয় পাঠক! স্কুলে যাওয়া আসা নিয়ে পাঁচ মাইল। সেদিন এই ষ্ষ্ট শ্রেণীর মেয়েটির আড়াই মাইল রাস্তাটা যেন আর শেষ হয় না। কিযে খুশী নিয়ে পথ চলছি। বাড়িতে যেয়েই সবাইকে দেখাবো। বাড়িতে মাকে,ভাই বোনকে আমার লেখা দেখালাম, তারা সবাই যে খুব খুশী হয়েছিলেন তা নয়। মা বললেন পড়াটা যেন মাটি না হয়। বাবা বলছিলেন, আগে পড়া তারপর লেখা। আমি ঘাড় নেড়ে সায় দিয়েছিলাম। সেদিন বিকালে পুকুর পাড়ে ঘাসের উপর খুব গড়া গড়ি করেছিলাম-খুশীতে। মনে মনে কতবার যে বলেছিলাম, আমি লিখবো...লিখবো। কিন্তু আমি কি আর আমার সেই কথা রাখতে পেরেছি! পারিনি!
৪
এখন অনেকে লিখে, প্রকাশিত হয়। ভীষন ভাল লাগে। তাছাড়া বাবা মাগণও অনেক সচেতন হয়েছে। তারা শিশুদেরকে লিখতে উৎসাহিত করছেন। আমি কয়েকদিন আগে ব্লগে লেখাগুলি পড়ছিলাম। অফিসের একটি মিটিং সেরে ঘন্টাখানেক পর আবার পড়তে বসলাম। দেখলাম, প্রথম পৃষ্ঠায় যে লেখাটা পড়েছিলাম তা এখন পঞ্চম পৃষ্ঠায়। আনন্দে আমার বুকটা ভরে গিয়েছিল। ভাই বোনেরা লিখছে,মন্তব্যগুলি প্রকাশিত হচ্ছে। এতে লেখার মানও ভাল হচ্ছে।
আমাদের প্রতিষ্ঠানের একটা প্রজেক্টে একদল জাদরেল শিশু সাংবাদিক আছে, যারা রিপোট সংগ্রহ করে, নিজেরাই এডিট করে, আবার নিজেরাই তা পত্রিকায় প্রকাশ করে। এতে তাদের যেমন প্রতিভার বিকাশ হচ্ছে অন্যদিকে বিপথগামী রাস্তা থেকে নিজেদেরও বাঁচাচ্ছে আবার অন্য শিশুদেরকেও রক্ষা করছে। প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন দায়িত্ববাহকগণ তাদের উৎসাহিত করছেন। এলাকায় তাদের একটা ভাবমূর্তিও তৈরি হয়েছে।
পড়ালেখার পাশাপাশি লেখালেখির সাথে জড়িত হলে ইভ টিজিং, মাদকসহ অন্যান্য অপকর্মমূলক কাজ হতে শিশু, যুবসমাজকে অনেকাংশেই রক্ষা করা যাবে। আমরা যারা লিখছি, আমাদের সকলেরই উচিত শিশুসহ যুব সমাজকে লিখতে উৎসাহিত করা।
ব্লগে যারা লিখছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা ও শুভেচ্ছা থাকলো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



