মেঘও নেই।চারদিকে শুধু গনগনে হাওয়া।
যে ঈষৎ মেঘের আভাস ছিল সন্ধ্যায় তাও প্রচন্ড তাপে
হঠাৎ কখন হাওয়া হয়ে গেছে।দুরন্ত শিশুরা ম্যাদা
মেরে আছে।এই খরতাপে কোথায় যে যায় তারা?
একটি কুকুর অবিরত হাঁপায় নোনা ধরা দেয়ালের
ছায়ায়।বলিরেখা,দাঁতহীন,পাঁজরের হাড়,কণ্ঠাস্থি
খাড়া একজন বৃদ্ধ পড়ে আছে সন্ত্রস্ত ও ভীত।
নদীতে স্রোত নেই।ঊষর ধূসর বালুরাশি।হাওয়ায়
উচ্ছ্রিত বালুকণা।জাগছে চর,উদ্বেগ,ভারসাম্যহীনতা।
ভরে গেছে হাওয়া খররৌদ্রে।আকাশ অব্দি অসহ্য
রোদ ঝলসাচ্ছে।রেললাইন বেঁকে গেছে খরতাপে।
ফাঁকা রাজপথ।পীচ গলছে।যেন বারুদের উদ্ভাস।
জানালার কাচেও ঝলসাচ্ছে রোদ।টানা পর্দা স্থির।
হাওয়া ঝিম মেরে আছে।হাঁপাতে হাঁপাতে
একটি বিড়াল দেয়াল টপকালো।জেগে থাকলো
সন্ত্রাসের মতো রোদ,অসহ্য উত্তাপ।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০০৯ রাত ১২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




