আজকের দৈনিক আমাদের সময়ে প্রকাশিত খবর:
দূতাবাসে চিঠি দিয়ে অভিসন্ধি হতে বিরত থাকতে বলেছে
খুররম জামান: বাংলাদেশের সমুদ্রসীমানায় ফের তেলগ্যাস অনুসন্ধানের উদ্যোগ নিয়েছে মিয়ানমার। তাদের এডি-৭ ব্লকে খনিজ সম্পদ আহরণের জন্য নতুন করে তারা লোভনীয় প্রস্তাব দিয়ে তেলগ্যাস আহরণ ও উত্তোলনকারী আন্তর্জাতিক কোম্পানির (আইওসি) সন্ধান করছে। মিয়ানমার সামরিক সরকারের এসব কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারেন মিয়নামারে বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা। অত্যন্ত নির্ভরযোগ্য একটি মাধ্যম মিয়ানমারের অভিসন্ধি সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করে।
এরই পরিপ্রেক্ষিতে ঢাকাস্থ মিয়ানমার দূতাবাসে গত ২২ জুন পাঠানো এক চিঠিতে বাংলাদেশ জানায়, জাতিসংঘের সিএলসিএস-এ সমুদ্রসীমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এডি-৭সহ কোনো স্থানেই কিছু করা যাবে না। মিয়ানমারের এ ব্লকটি বাংলাদেশের ৮ ও ১৩ নম্বর ব্লকে পড়েছে। ব্লক দুটির আয়তন প্রায় ৬ হাজার বর্গ কিলোমিটার।
মিয়ানমার গত বছরের অক্টোবর-নভেম্বরে দক্ষিণ কোরীয় কোম্পানি দাইয়ুর রিগ অমীমাংসিত এলাকায় তেল গ্যাস অনুসন্ধান করতে পাঠায়। এ নিয়ে নভেম্বরের প্রথম দিকে দু’দেশের নৌবাহিনী যুদ্ধজাহাজ মোতায়েন করে মুখোমুখি অবস্থান নিলে মিয়ানমার ওই এলাকা থেকে ৯ নভেম্বর রিগ সরিয়ে নেয়।
সূত্রে জানা গেছে, গোপনে খবর পাওয়া যায় এডি-৭ ব্লকে তেল গ্যাস অনুসন্ধানের জন্য প্রাথমিকভাবে আগ্রহী কয়েকটি আইওসির সঙ্গে মিয়ানমার কর্তৃপক্ষ আলোচনাও করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানতে পারে, বিদেশি কোম্পানিগুলোকে মিয়ানমার জানিয়েছে, ওই এলাকাটি মিয়ানমারের জলসীমায় পড়েছে। বাংলাদেশ আপত্তি জানালেও জাতিসংঘ সমুদ্র বিষয়ক আইন (ইউএন কনভেশন অন দ্য ল’ অব দ্য সি) অনুসারে বাংলাদেশ তা পাবে না। তাই মিয়ানমার আর দেরি না করে এখন থেকেই তেল গ্যাস অনুসন্ধান কাজ শুরু করতে চায়।
উল্লেখ্য, ১৯৭৪ সালে আমাদের সংসদে ওই জলসীমা বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক এলাকা হিসেবে চিহ্নিত হয়। একারণে সার্বভৌমত্ব রক্ষা করার জন্যই ওই এলাকায় মিয়ানমারকে কিছু করতে দিতে চায় না বাংলাদেশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




