নারী এবং হাঁস। সূর্য উঠবার আগে দু'দলই লাফিয়ে নামে জলে_ পালকে পালক, জলে জল সংঘর্ষ জাগিয়ে চিরশুষ্ক, নির্বিকার। জলকে জলের ভেতর স্নান করিয়েছে নারী। বহুস্নাত হাঁস আমি দেখেছি, কোন পালক দেখিনি যাতে এক বিন্দু জল লেগে ছিল।
আমার ব্যক্তিগত সংগ্রহশালা আজ হাঁসের পালক আর নারীর চুলে ভরে গেছে। বৃষ্টিভেজা নারীর চুলও স্পর্শ করেছি, নারীর চুলকে নমিত করে এমন জল এখনো আকাশ থেকে গড়িয়ে পড়ে নি। কেননা বাতাসে যদৃচ্ছা উড়বার জন্যই নারীর চুল।
যার একমাত্র প্রসাধন হাঁসের পালক, সে নারীর অধীনতা মেনে নিয়েছি আমি ও চারচারটি পাতিহাঁস।
নারী এবং হাঁস_ ঘুম ও রতির পর দু'দলই লাফিয়ে নামে জলে ।
পবিত্রতার জন্য এই প্রাকৃতিক তাড়নাকে তাই জন্মাবধি ইর্ষা করে এলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
