নির্বাচনের আগে ইশতেহারে ডিজিটাল বাংলাদেশের কথা যখন আওয়ামী লীগ ডিজিটাল বাংলাদেশের কথা বললো তখন আমরা ঠিক এর তাৎপর্যটা বুঝতে পারি নাই। আমি অন্তত বুঝি নাই। জনগণের নেতা হিসাবে শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বলতে তাদের কী বুঝাইছেন তিনি আর জনগণ জানে। দিনবদল বলতে তিনি কী মিন করছেন সেইটাও এই দুই পক্ষ জানে। কিন্তু জিনিশটা আমরা ঠিক মতো বুইঝা উঠি নাই তাৎক্ষণিকভাবে।
পরে যখন মন্ত্রিসভা গঠিত হইলো তখন টাসকি খায়া গেলাম। সবাই বললো, এইটা হয় নাকি? আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যার সম্পর্ক আছে সে তো বটেই আওয়ামী বিরোধীরা পর্যন্ত ব্যাপারটারে আজ পর্যন্ত মাইনা নিতে পারে নাই। কাউন্সিল পর্যন্ত সবাই মনে করছে এইটা হবে না, তোফায়েল, রাজ্জাক, সুরঞ্জিত, আমু মন্ত্রিসভায় স্থান পাইবেন না এইটা হয় না। শেষ পর্যন্ত হয়তো তাদের নেয়া হবে। মন্ত্রিসভায় নেওয়া না হইলেও অন্তত প্রেসিডিয়ামে, দল ও সরকারের পরিচালনা কাঠামোর কোনো গুরুত্বপূর্ণ জায়গায় এনাদের স্থান হবে। বাট সেইগুলা কিছু হয় নাই। শেখ হাসিনা স্থির থাকছেন। এইগুলা নিয়া আমরা মেলা কথা কইছি, কিন্তু এইটার তাৎপর্য বুইঝা উঠি নাই।
মইন উ আহমেদ- ফখরুদ্দিন আহমেদের সরকারের সময় সম্ভবত শেখ হাসিনার মধ্যে কোনো গুরুতর পরিবর্তন ঘটে থাকবে। তার মধ্যে এই উপলদ্ধি তখন হয়া থাকতে পারে যে, বর্ষিয়ান নেতা, ঝানু পার্লামেন্টারিয়ানরা তাকে সরানো চেষ্টা করতেছেন। তারা হয়তো সরাইতে পারবেন না, কিন্তু আওয়ামী লীগের উচ্চস্তরের ক্ষমতাবলয়ের নেতৃত্ব যেহেতু এনাদের হাতে সেহেতু হাসিনার উপস্থিতি অনুপস্থিতি তাদের স্বার্থে ব্যাঘাত ঘটাইতে পারবে না। ঐতিহাসিক কারণে পেছন থেকে ছোরা মারলেও হাসিনা কিছু করতে পারবেন না। কারণ যারা সামনে থেকে শেখ মুজিবকে গুলি চালাইছে এবং গুলি যারা সরবরাহ করছে তাদের তিনি এখনও কিছু করতে পারেন নাই। পিতার রাজনৈতিক সহচরদের থেকে মুক্তির কোনো আকুতি তার মধ্যে কখনো ক্রিয়া করে থাকতে পারে। তাদের সম্মানীত আসন দেবার বাধ্যবাধকতা তাকে পীড়িত করতে পারে। তত্ত্বাবধায়ক সরকারের সময় তারা যে বিবৃতি দিয়া হাসিনার জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈয়ার করছিলেন সেইটাও তাকে মর্মাহত করতে পারে।
সব মিলায়া হাসিনা তাদের ক্ষমতার মূলধারা থেকে সরানোর সিদ্ধান্ত নিছেন। শুধু সরায়ে দেওয়া না জিনিশটাকে পলিটিকাল ইশতেহারের মধ্য দিয়া বোঝানোর চেষ্টাও করছেন। সম্প্রতি এই জিনিশটা বুইঝা আমি খুব অবাক হইছি। হাসিনা এইবার আর ডালভাত বা শেখ মুজিবের সোনার বাংলার কথা কইলেন না। খুব খিয়াল কইরা দেখেন তিনি ডিজিটাল বাংলাদেশের কথা কইছেন। ডিজিটাল শব্দ দিয়া তিনি ওল্ড জেনারেশনকে বাতিলের খাতায় ফেলে দিছেন। শেখ মুজিবের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার স্বপ্ন আওয়ামী লীগের আধুরা থেকে গেল। আসলো ডিজিটাল বাংলাদেশ। ভিশন ২০২১। তরুণ সমাজ হাসিনার এই কথা বুঝতে পারছিল সম্ভবত। তারা হাসিনাকে সমর্থন দিল।
আরেক দিক থিকা এইটা তাৎপর্যপূর্ণ। ১৯৭১ সালের পর রাজনৈতি দল হিসাবে আওয়ামী লীগ সাধারণ মানুষের জন্য কোনো কর্মসূচি দিতে পারে নাই। ৬৬তে শেখ মুজিব ছয়দফা দেওয়ার পর সবাই বুঝছে কাহিনি কী? ছাত্র-তরুণরা তার ছাতার নিচে আসছে। পুরান আওয়ামী লীগাররা শেখ মুজিবকে পরিত্যাগ করছে। শেখ মুজিব বাধ্য হয়ে একা নেতৃত্ব দিছেন। তরুণদের সঙ্গে নিছেন। জেলা শহর থেকে নেতাদের ডাইকা আইনা জাতীয় নেতা বানাইছেন। তাদের বড় নেতা বানাইছেন। তাদের নিয়া ৭১ সাল পর্যন্ত মুজিব জাতিকে সেই স্বাধীনতার দিকে নিয়া গেছেন এবং সফল হইছেন। কিন্তু তারপর তিনি আর কোনো কর্মসূচি দিতে পারেন নাই। শুধু শেখ মুজিব না পরবর্তীকালে আওয়ামী লীগ তার সমর্থকদের সামনে ট্রু পলিটিক্যাল কর্মসূচি বলতে কিছু দিতে পারে নাই।
গত নির্বাচন ছোট আকারে হইলেও শেখ হাসিনাকে একটা নতুন কর্মসূচির সামনে দাঁড় করাইছে। তিনি বলছেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে হবে। তিনি নতুন লোকরে মন্ত্রী নিলেন। পুরানাদের বিদায় দিলেন। দলে ও মন্ত্রিসভায় নতুন ও আঞ্চলিক নেতাদের প্রাধান্য তৈরি করলেন। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতেছে? পিতার সহচর ও চাচাদের রাজনীতি থেকে শেখ হাসিনা নিজের রাজনীতি শুরু করলেন এবং এর বীজমন্ত্র ডিজিটাল বাংলাদেশ। এর মধ্য দিয়া বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনের আইডিয়া থেকে আওয়ামী লীগ সইরা গেল।
আমি বলবো আওয়ামী লীগের রাজনৈতিক চর্চায় এইটা ইতিবাচক ঘটনা। এবং এটা আরও অনেক ইতির সূচনা করতে পারতো। কিন্তু গত কয়েকমাসে যা ঘটতেছে তাতে মনে হইতেছে- আওয়ামী লীগের মধ্যে ডিজিটাল বাংলাদেশ বনাম বঙ্গবন্ধুর সোনার বাংলা, পুরাতন রাজনীতি বনাম নতুন রাজনীতি, নতুন প্রজন্ম বনাম পুরাতন প্রজন্মের যুদ্ধটা জোরদার হয়েছে। একদিকে রইছে ইতিহাস আরেক দিকে বর্তমান ও ভবিষ্যত।
যারা আওয়ামী লীগের রাজনীতির ঘনিষ্ট পর্যবেক্ষক তাদের মনে হইতে পারে আওয়ামী লীগ ইতিহাসের মধ্যে বন্দি। প্রিজনার অফ হিস্ট্রি। ইতিহাসের দায় থেকে আওয়ামী লীগের যেন মুক্তি নাই। আওয়ামী লীগকে ইতিহাসের দায় থেকে কে মুক্তি দিবেন? শেখ হাসিনা?
যার পুরা পরিবারের সবগুলা মানুষ এক ভোরে খুন হয়া গেছে তার পক্ষে কি ৭৫-এর দুঃস্বপ্ন থেকে মুক্তি পাওয়া সম্ভব? যদি মুক্তি না পাওয়া সম্ভব হয় তাইলে মুক্তি তিনি দিবেন কেমনে। রাষ্ট্র যদি বিচার করে তাইলে কি মুক্তি আসবে? এক আগস্ট মাসের ঘটনাপঞ্জী থিকাই আওয়ামী লীগরে মুক্তি দেওয়া কঠিন। ১৫ আগস্ট শোক দিবস। ২১ আগস্ট গ্রেনেড হামলা। ২০০৭ সালে ২০-২২ আগস্ট পালনীয় দিন হয়ে গেছে। এর পর আসে ৩ নভেম্বর জেলহত্যা দিবস। একেকটা ঘটনার বিচার করতে করতে আওয়ামী লীগ যদি যায় তাইলে ইতিহাসের দায় মিটাইতে এবং সেইগুলা সামাল দিতে তার একটা টার্ম চইলা যাইতে পারে।
সঙ্গে আছে ১৯৭১ সালের রাজাকার আলবদরদের বিচার। আওয়ামী লীগের অঙ্গীকার। ১৯৭১ থেকে ২০০৯ পর্যন্ত ছোট বড় অসংখ্য ঘটনা আছে আওয়ামী লীগের রাজনীতি থেকে যেইগুলার দায় মিটানোর দায়িত্ব আওয়ামী লীগের। হোক সেটা খালেদা জিয়ার মইনুল রোডের বাড়ি বা ৭২ এর সংবিধানে ফিরত যাওয়ার প্রশ্ন। আওয়ামী লীগকে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে সে খালেদা জিয়াকে বাড়ি থেকে উৎখাত করবে কি না যেমনভাবে খালেদা জিয়া শেখ হাসিনাকে গণভবন থেকে উচ্ছেদ করেছিলেন। আওয়ামী লীগকে আইন করে ৭২ এর সংবিধানে ফিরতে হবে। কিন্তু খালেদা জিয়ার বাড়ি, ৭২এর সংবিধান থেকে শুরু করে বিডিআর বিদ্রোহের বিচার সব বিষয়ে আওয়ামী লীগ সুপ্রিম কোর্টের দারস্থ হইতেছে। কারণ, আওয়ামী লীগ বিশ্বাস করে তারা একটা দুর্বল সরকার। রাষ্ট্রের সব প্রত্যঙ্গ তাদের পক্ষে কাজ করতেছে না। করবে না করেনি। আওয়ামী লীগ দুই তৃতীয়াংশ আসনে পাইলেও এই প্রাতিষ্ঠানিক কাঠামোয় তার শক্তি বাড়ে না।
রাষ্ট্র যেইদিকে যায় বাংলাদেশের শাসন কাঠামোর যে চরিত্র সেইটা আওয়ামী লীগের তৈরি করা না। যারা সেইটা তৈরি করছে আওয়ামী লীগের কেউ না। তারা বরং বিরোধী পক্ষের কেউ হইতে পারে। ফলে, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই তাকে ইতিহাসে ফিরে যাইতে হয়। বর্তমান থেকে ইতিহাসে ফিরত গিয়া তাকে শুরু করতে হয়। কখনো আওয়ামী লীগ ৭২ সালে ফিরে যায়। কোনো ইসুতে ৭৪ সালে ফেরত যায়। কখনো ৭৫ সালে ফিরত যায়। এইবার দেখা গেল আওয়ামী লীগ এমননি ১৯৯৬/৯৭ সালেও ফিরত যাইতেছে। আধুরা শান্তিচুক্তি সমাপ্ত করতেছে। এইটা খারাপ বা ভালো সেটা তর্কের বিষয় না। বিষয় হইলো আওয়ামী লীগ ইতিহাসের বন্দি। সে যে রাজনীতির প্রতিনিধি তা অসংখ্য কফিন সামনে রেখে অনন্ত জানাযায় দাঁড়ায়ে রইছে। এইখান থেকে তার মুক্তি নাই।
অন্যদিকে বাংলাদেশকে মূলত যারা বছর বছর শাসন করছে আওয়ামী লীগের বাইরে তারা ইতিহাসের দায় থেকে মুক্ত। তাদের মিথ কম, লিজেন্ড সামান্য, উপাধী সম্মান কম। স্মৃতি ও ঘটনা ট্রাজেডি ও প্রতিশোধ স্পৃহা সবই কম। ফলে, কথায় কথায় তারা ইতিহাসে ফেরত যায় না। গেলেও সেইটা বন্দিত্ব না তাদের জন্য। জাস্ট একটা ঘটনা।
ডিজিটাল বাংলাদেশের স্লোগান দেওনের পর ভাবা গিয়েছিল যে, বোধ হয় আওয়ামী লীগ ইতিহাসের দায় থেকে মুক্তি পাইছে। পুরানা নেতাদের আপাত বিদায়ের মধ্য দিয়া কৃত্য শেষ হইছে। কিন্তু দেখা গেল বাস্তবে লোকে, আওয়ামী লীগার সবাই মনে করে ইতিহাসের দায়মুক্তিই আওয়ামী লীগের মেইন এজেন্ডা। ইতিহাসের মধ্যেই আওয়ামী লীগকে ফিরত যাইতে হবে। শুরু করতে হবে, ৭১,৭২,৭৩,৭৪,৭৫, ৯৬-০১ থিকা। সিসিফাসের শৃংখল। ইতিহাসের দায় মিটাইতে মিটাতে আওয়ামী লীগের ২০২১ আইসা পড়বে। কোথায় ভিশন ২০২১?
তাইলে কি আওয়ামী লীগের উচিত ইতিহাসের দায় না মেটানো? আমি বলি আওয়ামী লীগের অবশ্যই ইতিহাসের দায় মিটানো। কঠিন হইলেও রিস্ক নিয়া তাদের এইটা করা উচিত। দ্রুত করলে দ্রুত শেষ হবে। যুদ্ধাপরাধী, ৭৫এর ঘাতকদের বিচার শেষ করে আওয়ামী লীগের উচিত ইতিহাসের দায়মুক্তি সার্টিফিকেট নিয়া নেওয়া।
দেন ডিজিটাল বাংলাদেশের কর্মসূচি শুরু করা।
মাঝে মাঝে মনে হয়, আওয়ামী লীগের পক্ষে জাতির সামনে নতুন কিছু নিয়া আসা থাকা এবং বাস্তবায়ন করা সম্ভব না। কারণ দল হিসেবে আওয়ামী লীগ আসলে ইতিহাস। একটা নস্টালজিয়া বশত মানুষ আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়া আসে। কিন্তু তারপরই তারা দেখে বর্তমানে হাজার সমস্যা থাকা সত্ত্বেও ভবিষ্যতে হাজার স্বপ্ন থাকা সত্ত্বেও আওয়ামী লীগ ইতিহাসের দিকে ফিরত যাইতে বাধ্য। তাতে করে নতুন নতুন সমস্যা সৃষ্টি হয়। নতুন ইতিহাস তৈরি হয়। আওয়ামী লীগ পুরানা ইতিহাসের প্যাঁচের পাশে নতুন প্যাঁচে জড়াইয়া। বড় ধরনের প্যাঁচে পইড়া যায়। এইবার এই দফা আওয়ামী লীগ এক লগে সব প্যাঁচ খুলতে গিয়া কয়েক হাজার গিট্টু লাগায়া ফেলছে। ফলে একটু ভয়ে আছি।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




