আমি সাধারণ একটি মেয়ে; সাধারণ সব কথা বলি। রাজনীতি বুঝিনা, অর্থনীতি সম্পর্কে তেমন কিছু জানিনা, তবে বাজারনীতির চাপটা টের পাই যেহেতু খেয়ে পড়ে আমাকে বেঁচে থাকতে হয়।নানান ঘটনা ও অঘটনার মধ্য দিয়ে অবশ্য আরও একটি জিনিস বুঝতে শিখেছি আর তা হল সংস্কার।১১১ এর পর থেকে এত রকমের সংস্কার হচ্ছে যে এখন আমার মাঝে মাঝে মনে হয় সংস্কার শব্দটার সংস্কার করা প্রয়োজন।আমি এক যুবকের কথা জানি সংস্কার শব্দটার মানে বুঝতে বুঝতে মৃত্যুর মানে খুঁজে পেয়েছিল। এখন অবশ্য এই মৃত্যুটারও সংস্কার হচ্ছে: মৃত্যু শব্দটা পাল্টে গিয়ে প্রথমে হল অপমৃত্য, এরপর তা সংস্কার-----ইত হয়ে হল খুন। গল্পটা তাহলে খুলেই বলি-----------------
গল্পটি পুরনো কিন্তু নতুন মোড়কে আবৃত।গল্পের কাঠামোটাই শুধু পরিবর্তিত হয়েছে।গল্পটি অনেকটাই সরল-----
আসলে জানেন কি এক দেশে এক পোলা ছিল। বাপ মা তারে বহুত কষ্ট কইরা লেহাপড়া শিখাইছিল। তয় পোলাডাও আছল লেহাপড়ায় বালা। এম এ ডা ঠিকমতই পাশ দিল। এরপরে গভমেন্টের কি জানি একটা চাকরি আছে হেইডার লাইগ্যা আরেকটা বড় পরীক্ষা দিল।পাশও করল।হেরপরে যে কিডা অইল গরীবের ছাওয়াল হেইডাই বুঝবার পারলনা।মেলা মানুষজন কইতে লাগল পরীক্ষাত নাকি দুর্নীতি অইছে।এই পরীক্ষা বাদ দেওন লাগব।কাগজে বহুত মানুষ বহুত কিছু লেখল।এরপর একদিন পুরা পরীক্ষাইটাই বাদ অইয়্যা গেল।গরীবের পোলার চাকরি আর অইলনা।হে তার বাপ মারে কিছুই বুঝাইতে পারলনা।বাপ রাগে তার সাথে কথা কয়না।মায়ে খলি কান্দে।পোলা আর সহ্য করবার পারলনা।খুন হইয়া গেল।গলাত ফাস লইয়া।
সরলীকৃত গল্পটি এই পর্যন্তই থাকুক।তবে আমাদের গল্পের পরিশিষ্টটি খুবই বিষ্ময়কর।
এ ধরনের একটি মৃত্যু অবশ্যই আকস্মিক এবং অনভিপ্রেত।তাই এ জাতীয় সংবাদের বাজার কাটতি সীমাহীন।প্রায় সকল সংবাদপত্র ঝাপিয়ে পড়ল সংবাদটির ওপর।জবাবদিহি চাইতে লাগল কেন হত্যা করা হল নিরাপরাধ একটি যুবককে ।তবে এ নিয়ে বেশি বাড়াবাড়ি কিংবা মাতামাতি এবার করতে পারলনা।কারণ দেশের আইন কানুন এবার খুব করা।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে বলা হল অন্যান্য সব সংস্কারের মতই চাকরির নিয়ম কানুনেও এবার সংস্কার হচ্ছে।তাই সবকিছু বিলম্ব হচ্ছে ।যেহেতু সংস্কার একটি সার্বজনীন বিষয় তাই কারওরই কিছু বলার রইলনা। এবারের মত মিডিয়া চুপ মেরে গেল।
গল্পটি এ পর্যন্তই। তবে মাঝে মাঝে শুনতে পাই যুবকের মা নাকি একে তাকে প্রশ্ন করে বেড়ায় ' সব কিছুরই তো সংস্কার অইল, তয় আমার পোলার লাশের কি সংস্কার অইছিল?'
[গল্পটির স্থান, কাল ও চরিত্র সবই কাল্পনিক]
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


