তোমার আদরের 'ছোটপাখি' পুরো দিন
ডানা ঝাপ্টেছে একটু উড়বে বলে
তোমারই দেখানো আকাশ সীমায়
সকাল-দুপুর-বিকেল গড়িয়ে এখন
গভীর রাত, দু'ডানায় শুধু কাঁটার
তীব্র জ্বালা- অমানবিক শহরে
এপথ ওপথ সব রুদ্ধ, হয়নি
ওড়া তোমার সাথে নীলে, ঘুমন্ত
অজগরের মতো বেদনা চেপে
'ছোটপাখি' পড়ে আছে নিঃসাড়ে।
ঠোঁটের নীচে চিড়িক চিড়িক দুঃখ
বুকের থলিতে দুশ্চিন্তার কালো পাথর
মুখর জমায়েতে মৌনতার বিষ কর্কটের মতো
দংশে থেকে থেকে। শরতের শার্সিতে তাপের
মুখ রেখে সারাটা দিন আমি অপেক্ষা করেছি
ধূলোমাখা তোমার দু'পায়ের। শত শত
পায়ের প্যারেড ব্যস্ত সড়কে, তুমি অনুপস্থিত।
বৃষ্টির সিম্ফোনি, তপ্ত মাটি-জলের সঙ্গম আশ্লেষ
খুঁটে খুঁটে দেখে চোখ ঢাকলাম; রাশিফলে গোলমাল,
আজকেও হলো না দেখা, চায়ের কাপের হাতল
ওভাবেই পড়ে রইলো ফাঁকা, একা - কার্নিশে দোলে
দী-র্ঘ পথ চাওয়ার, ক্লান্ত শ্বাস।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


