somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্ষমতার পালাবদল, শাসকের পুরোনো রোগ ...

১৪ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জুলাই-আগস্ট মাসে যখন দেশে বিদ্যুতের সমস্যা চলছিল, তখন সংসদে এমপি রুমিন ফারহানা বিদ্যুৎ ও জ্বালানি-মন্ত্রীকে নিয়ে সার্কাজম করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর গ্রামের মানুষ বারবার অভিযোগ করছে, টুকু (বিদ্যুৎ) আসে, টুকু (বিদ্যুৎ) যায়। এই আসে, এই যায়। বিষয়টা তখন বেশ আলোড়ন সৃষ্টি করেছিল।

অনেক দিন পর জ্বালানিমন্ত্রী টুকু সাহেবকে সংসদে কথা বলতে দেখলাম। আগে তাঁর একটা প্রশংসা করে নিই। টুকু সাহেব দাবি করেছেন, মসজিদে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করা হয় যার বিল সরকার পায় না , সেখান থেকে আবার বাসাবাড়িতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হতো। আল্লাহর ঘরের সংযোগ নিয়েও বাঙালি দুই নম্বরি করছে; হাউ প্যাথেটিক !

এরশাদ আমলে কিছু মসজিদে বিনা মূল্যে বিদ্যুৎ দেওয়া হতো বলে পত্রিকায় পড়েছিলাম। কিন্তু এখনো এমন ঘটনা ঘটছে, সেটা জানা ছিল না। টুকু সাহেব বলেছেন, তাঁর অধীনে এমনটা করা যাবে না। সবাইকে বিদ্যুতের খরচ দিতে হবে। সত্য-মিথ্যা যাচাই করা সম্ভব নয়, তবে তিনি একটা পয়েন্ট তুলেছেন, যেটা নিয়ে সামনে আলোচনা করা যেতে পারে।

কিন্তু এত সুন্দর বক্তব্যের মাঝখানে হঠাৎ মন্ত্রী সাহেবকে একটা গোপন অসুখে পেয়ে বসেছে বলে মনে হলো। এই গোপন অসুখ শেষবার দেখেছিলাম আওয়ামী লীগের মন্ত্রীদের মুখে। অসুখের নাম হলো অজুহাত। টুকু সাহেব বললেন, সরকার এলপিজি আমদানি করে না, বেসরকারি খাত আমদানি করে। তাই এখানে সরকারের কোনো দায় নেই। সংসদে দাঁড়িয়ে মন্ত্রী সাহেব বিনা চ্যালেঞ্জে এভাবে বলে যেতে পারলেন? সরকারের কি আসলেই কোনো দায় নেই ?

সরকার এলপিজি আমদানি করে না, এটা সত্য। দেশের এলপিজি বাজারের প্রায় পুরোটাই বেসরকারি খাতের নিয়ন্ত্রণে। কিন্তু সরকার নিজে আমদানি করে না বলেই কি বাজারের ওপর সরকারের কোনো দায়িত্ব থাকে না ? তাহলে সরকার আছে কেন? বাজারে কোনো পণ্যের দাম নির্ধারণের দায়িত্ব, আমদানির অনুমতি, কর আরোপ, লাইসেন্স দেওয়া, নিরাপত্তা নিশ্চিত করা, বাজারে কৃত্রিম সংকট তৈরি হলে ব্যবস্থা নেওয়া, ভোক্তার স্বার্থ রক্ষা করা-এসব কি সরকারের কাজের মধ্যে পড়ে না?

মজার ব্যাপার হলো, এলপিজি-র দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি। অর্থাৎ রাষ্ট্রের নিয়ন্ত্রক কাঠামোর মধ্যেই দাম নির্ধারণের ব্যবস্থা রয়েছে। তাহলে নির্ধারিত দামে পণ্য বিক্রি হচ্ছে কি না, বাজারে সরবরাহ স্বাভাবিক আছে কি না, সেটাও কি সরকারের দেখার বিষয় নয়?

সরকার নিজেই তো জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে, কোথাও কৃত্রিম সংকট তৈরি হচ্ছে কি না এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি হচ্ছে কি না, তা তদন্ত করতে। তাহলে একদিকে সরকার জেলা প্রশাসকদের তদন্ত করতে বলছে, অন্যদিকে সংসদে দাঁড়িয়ে বলছে সরকার আমদানি করে না, তাই দায় নেই। দুই বক্তব্যের মধ্যে সামঞ্জস্যটা কোথায়?

সরকার আমদানি না করলেও এলপিজি আছে, জ্বালানি বিভাগ আছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আছে, জেলা প্রশাসন আছে। এলপিজি আমদানির জন্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স ও অনুমোদন নিতে হয়। তাদের স্টোরেজ, বোতলজাতকরণ ও পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করারও নিয়ম আছে। এসব প্রতিষ্ঠান কোনো রাষ্ট্রহীন ভূখণ্ডে ব্যবসা করছে না। রাষ্ট্রের আইন ও নিয়ন্ত্রণের মধ্যেই ব্যবসা করছে।

এবার একটু প্রতিবেশী দেশ ভারতের দিকে তাকানো যাক। সবকিছুতেই ভারতকে অনুসরণ করতে হবে, এমন কোনো কথা নেই। কিন্তু নিজের বুদ্ধি না থাকলে অন্যের কাছ থেকে শিক্ষা নিতে দোষ কী ? সব অভিজ্ঞতা নিজে অর্জন করতে গেলে তো জীবন পার হয়ে যাবে। অন্যের ভুল ও সাফল্য দেখে শেখার জন্যই তো পৃথিবীতে এত দেশ, এত গবেষণা আর এত অভিজ্ঞতা।

ভারত এলপিজি খাতে কী করছে, সেটা দেখলেই বিষয়টা কিছুটা বোঝা যায়। ভারতের তিনটি রাষ্ট্রীয় তেল কোম্পানি Indian Oil, BPCL ও HPCL শুধু দেশের ভেতরে এলপিজি সরবরাহই করছে না, আন্তর্জাতিক বাজার থেকেও দীর্ঘমেয়াদি আমদানি চুক্তি করছে। ২০২৭ সালের জন্য যুক্তরাষ্ট্র থেকে প্রায় ২৭.৫ লাখ টন এলপিজি আমদানির টেন্ডার করেছে তারা। একই সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রীয় কোম্পানি Sonatrach-এর সঙ্গে প্রতি মাসে ৪৫ থেকে ৫৫ হাজার টন এলপিজি সরবরাহের চুক্তিও করেছে Indian Oil। অর্থাৎ তারা শুধু আজকের বাজারের কথা ভাবছে না, আগামী বছরের সরবরাহ নিয়েও আগাম পরিকল্পনা করছে।

শুধু আমদানি চুক্তি করেই তারা বসে নেই। ভারতের রাষ্ট্রীয় তেল কোম্পানিগুলোর ২১২টি এলপিজি বটলিং প্ল্যান্ট রয়েছে। এসব প্ল্যান্টের বার্ষিক বোতলজাতকরণ সক্ষমতা প্রায় ২ কোটি ৩০ লাখ টন। স্টোরেজের দিকেও তাদের বিনিয়োগ আছে। মাঙ্গালুরুতে ৮০ হাজার টন এবং বিশাখাপত্তনমে ৬০ হাজার টন ধারণক্ষমতার দুটি ভূগর্ভস্থ এলপিজি স্টোরেজ ক্যাভার্ন রয়েছে। অর্থাৎ তারা আমদানি, বোতলজাতকরণ এবং সংরক্ষণ-তিনটি জায়গাতেই রাষ্ট্রীয় সক্ষমতা তৈরি করেছে।

ভারতকে হুবহু অনুসরণ করার প্রয়োজন নেই। তাদের এলপিজি ব্যবহারের পরিমাণ বাংলাদেশের চেয়ে অনেক বড়। কিন্তু তাদের কাছ থেকে অন্তত একটা শিক্ষা নেওয়া যায়: জ্বালানি নিরাপত্তা শুধু ঘোষণা দিয়ে আসে না। আমদানির পরিকল্পনা, সরবরাহের বিকল্প উৎস, সংরক্ষণব্যবস্থা, বোতলজাতকরণ এবং বাজার নিয়ন্ত্রণ সবকিছুর জন্য দীর্ঘমেয়াদি প্রস্তুতি লাগে।

এলপিজি সংকট মোকাবিলায় সরকার বেশ কিছু পদক্ষেপের কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও আলজেরিয়ার সঙ্গে এলপিজি আমদানির বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বিপিসি-র মাধ্যমে জি-টু-জি পদ্ধতিতে এলপিজি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। আপাতত মাতারবাড়ীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জেটি ব্যবহার করে আমদানি করা এলপিজি খালাসের পরিকল্পনা রয়েছে।

পাশাপাশি চট্টগ্রামের সীতাকুণ্ডে বছরে এক লাখ টন সক্ষমতার এলপিজি সংরক্ষণ ও বোতলজাতকরণ প্ল্যান্ট এবং মংলায় প্রায় ১,৩০০ কোটি টাকা ব্যয়ে আরেকটি প্রকল্প নেওয়ার কথা জানিয়েছেন জ্বালানিমন্ত্রী। মাতারবাড়ী ও এলেঙ্গাতেও অবকাঠামো তৈরির পরিকল্পনার কথা বলা হয়েছে। এসব উদ্যোগের কোনটি ইতিমধ্যে বাস্তবে কাজে লাগছে ? যুক্তরাষ্ট্র ও আলজেরিয়ার সঙ্গে সমঝোতা হয়েছে, কিন্তু সমঝোতা স্মারক আর নিয়মিত বাণিজ্যিক আমদানি এক জিনিস নয়।

বিপিসির আমদানির উদ্যোগও খুব দ্রুত বাস্তব ফল দিতে পারেনি। জানুয়ারি থেকে সাত মাসে পাঁচবার দরপত্র আহ্বান করেও বিপিসি কোনো গ্রহণযোগ্য সরবরাহকারী পায়নি। পরে ৫ হাজার টন এলপিজি সরাসরি কেনার উদ্যোগ নেওয়া হয়। অথচ দেশের বার্ষিক এলপিজি চাহিদা প্রায় ১৭ লাখ টন। সীতাকুণ্ডে বছরে এক লাখ টন সক্ষমতার প্রকল্পটি বাস্তবায়িত হলেও সেটি দেশের বার্ষিক চাহিদার প্রায় ৬ শতাংশের সমান সক্ষমতা তৈরি করবে।

এটি অবশ্যই কাজে আসতে পারে, কিন্তু প্রকল্পটি চালু হওয়ার আগে এর কোনো সরাসরি প্রভাব ভোক্তার ওপর পড়বে না। আর মংলার ১,৩০০ কোটি টাকার প্রকল্পের ক্ষেত্রেও জমি, অর্থায়ন, নির্মাণ ও উৎপাদন শুরু হতে সময় লাগবে। অর্থাৎ সরকার যে পদক্ষেপগুলোর কথা বলছে, সেগুলোর বেশির ভাগের সুফল পেতে হলে আগে বাস্তবায়ন শেষ করতে হবে। আজকের বাজারে এলপিজি কিনতে গিয়ে যে বাড়তি টাকা দিতে হচ্ছে, সেখান থেকে মানুষ এখনই কতটা স্বস্তি পাবে, তার উত্তর এসব ঘোষণা থেকে পাওয়া যাচ্ছে না।

সরকার কি সত্যিই রাষ্ট্রের নিজস্ব এলপিজি আমদানি ও সরবরাহ সক্ষমতা গড়ে তুলতে চাইছে, নাকি কয়েকটি সমঝোতা, দরপত্র ও প্রকল্পের ঘোষণা দিয়ে আপাতত সংকট মোকাবিলার উদ্যোগ দেখাচ্ছে ? রাষ্ট্রীয় সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তা অস্বীকার করছি না। বরং এলপিজি-র মতো গুরুত্বপূর্ণ জ্বালানি বাজারে রাষ্ট্রের শক্তিশালী উপস্থিতি থাকা দরকার। কিন্তু সেই উপস্থিতি তৈরি করতে হলে শুধু প্রকল্প ঘোষণা নয়, বাস্তবে কত টন এলপিজি আমদানি হবে, কত দ্রুত বাজারে সরবরাহ বাড়বে, কতটা সরকারি সক্ষমতা তৈরি হবে এবং ভোক্তার খরচ কতটা কমবে, তার হিসাব দিতে হবে।

আমার কাছে অন্য একটি প্রস্তাব বেশি বাস্তবসম্মত মনে হয়। সরকার বিপিসি-র মাধ্যমে এলপিজি আমদানির উদ্যোগ এবং ১,৩০০ কোটি টাকার প্রকল্প আপাতত স্থগিত রাখুক। বেসরকারি প্রতিষ্ঠানগুলো আমদানি করুক, আর সরকার এলপিজির আমদানির ওপর থাকা ৭.৫ শতাংশ ভ্যৎ প্রত্যাহার করে দিক। এতে আমদানির খরচ কমবে। সেই সুবিধা যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে বিইআরসি-কে কার্যকর ভূমিকা রাখতে হবে।

এতে একদিকে সরকার বড় অঙ্কের অবকাঠামো বিনিয়োগের চাপ থেকে রেহাই পাবে, অন্যদিকে আমদানি পর্যায়ের ভ্যাট প্রত্যাহারের মাধ্যমে এলপজির-র দাম কমানোর সুযোগ তৈরি হবে। অবশ্য ভ্যাট প্রত্যাহার করলে সরকারের কত রাজস্ব কমবে, আর দাম কমলে মানুষের বাড়তি ব্যয়ক্ষমতা থেকে অন্য খাতে কতটা রাজস্ব ফিরে আসতে পারে, সেটারও হিসাব করতে হবে। পুরো রাজস্ব ক্ষতি অন্য খাত থেকে উঠে আসবে, এমন নিশ্চয়তা নেই। কিন্তু মানুষের জীবনযাত্রার ব্যয় ও ব্যবসার উৎপাদন খরচ কমানোর অর্থনৈতিক সুফলও হিসাবের বাইরে রাখা যায় না।

আইএমএফ-ও বাংলাদেশের রাজস্ব কাঠামো নিয়ে বলেছে, আমদানি ও বাণিজ্যভিত্তিক করের ওপর অতিরিক্ত নির্ভরতা কমাতে হবে। আয়কর এবং দেশের ভেতরে ভ্যাট আদায়ের সক্ষমতা বাড়াতে হবে। সরকারের উপর সামনে আরেকটি চাপ তৈরি হতে পারে। নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনায় আইএমএফ বাংলাদেশে সব খাতে একক ১৫ শতাংশ ভ্যাট হার চালুর প্রস্তাব দিয়েছে। বর্তমানে দেশে সব পণ্য ও সেবার ওপর একই হারে ভ্যাট আদায় করা হয় না। অনেক খাতে কম হার, বিশেষ ছাড় ও অব্যাহতি রয়েছে। আইএমএফ এসব ছাড় কমিয়ে ২০৩০ সালের মধ্যে একক ১৫ শতাংশ ভ্যাট কাঠামো চালুর বিষয়ে চাপ দিচ্ছে।

তাই শুধু স্বল্পমেয়াদে ভ্যাট ছাড় বা কয়েকটি এলপিজি আমদানি চুক্তির ঘোষণা দিয়ে সমস্যার সমাধান হবে না। সরকারকে একই সঙ্গে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে হবে। একদিকে রাষ্ট্রের নিজস্ব আমদানি, সংরক্ষণ ও সরবরাহ সক্ষমতা গড়ে তুলতে হবে, অন্যদিকে আইএমএফে-এর রাজস্ব সংস্কারের চাপ সামলাতে গিয়ে যেন প্রয়োজনীয় জ্বালানির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে না যায়, সেটিও নিশ্চিত করতে হবে।

সরকারের কাজ শুধু কর আদায় করা নয়। মানুষের প্রয়োজনীয় জ্বালানির খরচ কমানো, ব্যবসার উৎপাদন ব্যয় কমানো এবং বাজারে প্রতিযোগিতা নিশ্চিত করাও সরকারের দায়িত্ব। রাষ্ট্রীয় সক্ষমতা গড়ে তোলার প্রয়োজন আছে, কিন্তু সেই সক্ষমতা তৈরির নামে এমন বিনিয়োগের ঘোষণা দিয়ে লাভ কী, যার অর্থায়ন ও বাস্তবায়নই এখনো অনিশ্চিত ? তার চেয়ে আপাতত জনগণের খরচ কতটা কমানো যায়, সেটাও তো সরকারের বিবেচনায় থাকা উচিত।

সবশেষে মন্ত্রী সাহেবের কাছে প্রশ্নটা আবার করি। সরকার এলপিজি আমদানি করে না, সেটা আমরা বুঝলাম। কিন্তু আমদানির ওপর কর বসায় কে? বাজারে দাম নির্ধারণ করে কে ? লাইসেন্স দেয় কে ? কৃত্রিম সংকট হলে ব্যবস্থা নেওয়ার কথা কার? আর জনগণের জ্বালানি খরচ কমানোর দায়িত্বই বা কার ? তাই শুধু অজুহাত দেয়া বন্ধ করেন । মানুষের জন্য কিছু করতে চাইলে সেটা নিয়ে সঠিক ভাবে পরিকল্পনা শুরু করেন । না হলে শুধু উই হ্যাভ এ প্লান ঘোষণা দিয়ে পরিস্থিতি সামাল দিতে পারবেন না ।

ফটোকার্ড : এআই দাদু



সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:২১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×