
সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত জলিল কেন এত বিশাল অঙ্কের ঋণের বোঝায় জড়িয়ে পড়েছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য-উপাত্তের ভিত্তিতে নিজেদের মতামত দিচ্ছেন না। উভয় পক্ষই মূলত তাঁর ব্যক্তিগত কর্মকাণ্ড বিবেচনা করে পক্ষে-বিপক্ষে অবস্থান নিচ্ছে।
যাঁরা তাঁর পক্ষে অবস্থান নিচ্ছেন, তাঁরা অনন্ত জলিলের কিছু মানবিক কর্মকাণ্ড এবং তাঁর প্রতিষ্ঠানের কর্মচারীদের জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে কথা বলছেন। অন্যদিকে, যাঁরা বিপক্ষে অবস্থান নিচ্ছেন, তাঁরা তাঁর ও তাঁর স্ত্রীর ব্যক্তিগত বিলাসী জীবনযাপনকে সামনে এনে সমালোচনা করছেন।
আসলে আমার কাছে মনে হয়, এই দুটি অবস্থানের কোনোটিই সঠিক নয়। এত বিশাল অঙ্কের ঋণখেলাপি হওয়ার বিষয়টি সম্পূর্ণ অর্থনৈতিক এবং তাঁর ব্যবসা পরিচালনার দক্ষতার সঙ্গে সম্পর্কিত।
যাঁরা তাঁর পক্ষে অবস্থান নিচ্ছেন, তাঁদের উদ্দেশে বলছি, এমনও কি হতে পারে না যে, অনন্ত জলিল তাঁর ব্যবসা থেকে বিপুল অঙ্কের অর্থ অন্যত্র সরিয়ে নিয়েছেন? হতে পারে, অস্ট্রেলিয়া বা আমেরিকায় বাড়ি কিনেছেন কিংবা দুবাইয়ে স্বর্ণের ব্যবসায় বিনিয়োগ করেছেন! আবার এমনও হতে পারে, বায়ারের কাছ থেকে অর্ডার নিয়ে মানসম্মত পণ্য তৈরি করতে ব্যর্থ হয়েছেন। বায়ারের কাছ থেকে অগ্রিম অর্থ নেওয়ার পর অব্যবস্থাপনার কারণে উৎপাদন ও সরবরাহে লোকসান হয়েছে। এমন আরও অনেক কারণ থাকতে পারে।
এবার যাঁরা তাঁর বিপক্ষে অবস্থান নিচ্ছেন, তাঁদের উদ্দেশে বলছি, এমনও তো হতে পারে, কাজ না থাকায় কর্মচারী ও শ্রমিকদের বসিয়ে বসিয়ে বেতন দিতে হয়েছে, ফলে প্রতিষ্ঠানের মূলধন কমে গেছে। ব্যাংকঋণের সুদের হার এত বেশি ছিল যে, তা উৎপাদন খরচের সঙ্গে যুক্ত হয়ে পণ্যের বিক্রয়মূল্যের তুলনায় লাভের মার্জিন কমিয়ে দিয়েছে। অথবা বায়ারের কাছ থেকে যে দামে অর্ডার নেওয়া হয়েছিল, পরবর্তী সময়ে কাঁচামালের দাম বৃদ্ধি এবং গ্যাস-বিদ্যুতের অনিয়মিত সরবরাহের কারণে নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করা সম্ভব হয়নি। এমন অনেক কারণেই ব্যবসায় লোকসান হতে পারে।
তবে সত্যি বলতে, আমি যে সম্ভাবনাগুলোর কথা বললাম, সেগুলোর কোনোটিই সুনির্দিষ্ট তথ্য-উপাত্তের ভিত্তিতে বলিনি। বরং নিজের মতো করে সম্ভাব্য কারণগুলো তুলে ধরার চেষ্টা করেছি। আমি অনন্ত জলিলের পক্ষেও নই, বিপক্ষেও নই। মূলত আমি বোঝাতে চেয়েছি, কোনো সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ভিত্তিতে এমন একটি অর্থনৈতিক বিষয়ে পক্ষ-বিপক্ষে অবস্থান নেওয়া যুক্তিসংগত নয়।
অনন্ত জলিল যদি ঋণখেলাপি হন, তাহলে ব্যাংক ও তিনি আইনি লড়াইয়ে জড়াবেন। একপর্যায়ে আদালতের রায় হবে এবং আমরা প্রকৃত বিষয়টি জানতে পারব। ততক্ষণ পর্যন্ত তথ্য-প্রমাণ ছাড়া পক্ষ-বিপক্ষে অবস্থান নেওয়া দেশের অর্থনীতি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য ক্ষতিকর হতে পারে।
মনে রাখতে হবে, অনন্ত জলিল যে অর্থ ঋণ হিসেবে নিয়েছেন, সেই অর্থের বড় একটি অংশই আমার-আপনার মতো সাধারণ মানুষের আমানত। সুতরাং, প্রকৃত তথ্য না জেনে তাঁর পক্ষে অবস্থান নিয়ে আপনি পরোক্ষভাবে অন্য আমানতকারীদের অর্থ ঝুঁকির মধ্যে ফেলার পক্ষ নিচ্ছেন।
আবার তাঁর প্রতিষ্ঠানের সঙ্গে অনেক মানুষের জীবিকা জড়িত। তাই প্রকৃত পরিস্থিতি না জেনে তাঁর বিপক্ষে নেতিবাচক বয়ান তৈরি করে আপনি সেই মানুষগুলোর জীবিকা নিয়েও অনিশ্চয়তা তৈরি করছেন।
আমার মতে, সঠিক অবস্থান হওয়া উচিত; নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদ্ঘাটন করা। তদন্তে তাঁর কোনো অনিয়ম বা অপরাধ প্রমাণিত হলে তাঁকে দোষী সাব্যস্ত করা এবং ব্যবসায়িক বা অর্থনৈতিক প্রতিকূলতা প্রমাণিত হলে তা বিবেচনায় নিয়ে তাঁকে প্রয়োজনীয় সহযোগিতা করা।
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


