আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা খারাপ হচ্ছে না। বরং মনের ভেতর একটা প্রশান্ত ঢেউ বয়ে যাচ্ছে। জীবনের সায়াহ্নে এসে অনেক কিছু উপলব্ধি হচ্ছে। মানুষের প্রতি বিতৃষ্ণা নেই, যারা বেদনা দিয়েছে, যারা অপমান করেছে, যারা পথের বাধা হয়েছে, যারা ঘৃণা করেছে, যারা মনে মনে বদদোয়া দিয়েছে- তাদের কারো প্রতি কোনো অনুযোগ নেই। আবার যারা ভালোবেসে, যারা আপন করে নিয়েছে, যারা শুভাকাঙ্ক্ষী হয়েছে- তাদের প্রতিও কোনো বিশেষ প্রীতি নাম নেই। জীবনে চলার পথে দু'রকম মানুষই আসে, প্রত্যেকের জন্যই ব্যাপারটা একই রকম। শেষ যে মেয়েটার প্রতি তীব্র আকর্ষণ অনুভব করেছি, তার প্রতিও রইলো নিরাসক্ত চাউনি। আর পরিবার? তাদের প্রতি অবজ্ঞা নেই, তাদের প্রতি দায়িত্বে গাফিলতি নেই, আবার তীব্র প্রেমানুভূতিও নেই। নিজেকে নিহিলিস্ট দাবি করে বারংবার 'জীবনের অর্থ খুঁজে যাওয়া'কে ভণ্ডামিও বলতে পারেন- সেটাও বাদ এখন থেকে।
আসলে বেশ কিছু সিদ্ধান্ত এখানে লিখছি। পাঠক আকর্ষণের জন্য লিখছি কি লিখছি না তা বিবেচ্য নয়। বরং একটা নোট-ডাউনের তাগিদ থেকে লিখছি।
আগামীকাল সকাল থেকে যা যা করবো এবং করবো না।
১. প্রথমত নিজের পরিচয়টাকে সুনির্দিষ্টভাবে বিবেচনায় রাখবো। তাতে কোনো বাড়তি সংযোজনের চেষ্টা করবো না।
নাম: সুব্রত দত্ত (পারিবারিক ডাকনাম শুভ)
পেশা: শিক্ষকতা (ইংলিশ মিডিয়ামের বাংলা শিক্ষক) ব্যস্, কো-অর্ডিনেটর কিংবা ডিপার্টমেন্ট হেড কিংবা পরীক্ষা নিয়ন্ত্রক হওয়ার প্রচেষ্টা চিরতরে বাদ
নেশা: সাহিত্য, লেখালেখি ও পড়া
এমএড, ইংরেজিতে মাস্টার্স কিংবা অন্য কোনো একাডেমিক ডিগ্রি নেয়ার চেষ্টা করবো না। অসমাপ্ত পিএইচডি, অসমাপ্তই থাকবে আমৃত্যু। ইংরেজি ভাষায় যতটুকু দক্ষতা আছে ততটুকু চর্চায় রাখবো কিন্তু ঘটা করে শিখতে যাবো না। কবিতা, গল্প কিংবা প্রবন্ধ লেখা বাদ। এসব আর লিখবো না।
স্বপ্ন: জীবনের শেষ লেখা দ্রুত শুরু করবো। ৮ম শ্রেণি থেকে স্বপ্ন ছিল একটি আত্মজৈবনিক উপন্যাস লিখবো। এখন শুধু সেটা লেখাতে মগ্ন হবো।
প্রচেষ্টা: কোনো রকম ব্যবসা-বাণিজ্য কিংবা আর্থিক বিনিয়োগের উদ্যোগ নিয়ে ২য় আয়ের উৎস বানানোর চেষ্টা করবো না। রিযিকের মালিক আল্লাহ, তিনি জীবনের শেষ অংশের খেয়াল রাখবেন। তবে শিক্ষকতায় গাফলতি হবে না। এটা সানন্দে আমৃত্যু করবো নেশা, পেশা দু হিসেবেই।
ভ্রমণ: জীবনে চমৎকার কিছু ভ্রমণের ইতিহাস থাকলেও আমি ভ্রমণপিয়াসী মানুষ নই। ভাগ্যে যেখানে যেখানে যেতে পেরেছি, গিয়েছি। সামনে সুযোগ হলে, সামর্থ্য হলে যাবো নতুবা যাবো না। কেবল আরেকবার কাশ্মির যাওয়ার বাসনা রইলো। এবার স্ত্রীকে নিয়ে যেতে চাই। ২০১৭ তে বিয়ের সময় তাকে কথা দিয়েছিলাম নিয়ে যাবো। সুযোগ, সামর্থ্য এখনও হয়নি।
ধর্মভাবনা: সনাতনধর্মী হলেও আমার প্রিয় ধর্ম ইসলাম ও বৌদ্ধ। তবে ধর্মান্তরিত হওয়ার ভাবনা নেই। এখন থেকে ধর্ম নিয়ে ভাবনা কমাবো। জন্মসূত্রে পাওয়াটা নিয়েই মৃত্যু হোক। তবে আমি ঘোরতর পৌত্তলিকতা বিরোধী।
রাজনীতি ভাবনা: আমি সমাজতান্ত্রিক চেতনায় বিশ্বাসী। গণতন্ত্রের প্রতি কোনোদিনও শ্রদ্ধাশীল নই। আবার রাষ্ট্র ধারণাতেও আমার প্রবল অনাস্থা। উল্লেখ্য, বাংলাদেশ রাষ্ট্রের আইন মান্য করেই চলি, রাষ্ট্রবিরোধী কিছু করি না। এবছরের ট্যাক্স রিটার্নও সম্পন্ন করেছি ইতোমধ্যে। তবে আমি মনে করি আমার আর এই রাষ্ট্রের সম্পর্ক ঠিক বাড়িওয়ালা ও ভাড়াটের মতো। আছি, তবে মালিক নই।
অর্থনৈতিক পরিকল্পনা: টাকা-পয়সা, ধন-সম্পদ কিংবা সামাজিক অবস্থান নিয়ে ভাবনা এখন একেবারে শূন্যে চলে যাবে। কোনো রকম কোনো বাজেট প্রণয়ন কিংবা দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকবে না। কেবল বেহিসাবী কিংবা মিতব্যয়ী দুটোর কোনোটাই হওয়া যাবে না।
সন্তান ও পরিবার পরিকল্পনা: এখন নিঃসন্তান এবং মৃত্যুর আগ পর্যন্ত তা-ই থাকবো। বাবা হওয়ার আনন্দ পাওয়ার বিন্দুমাত্র বাসনা নেই।
বন্ধুত্ব ও আত্মীয়তা: বিশেষ বন্ধু কমতে কমতে প্রায় নাইয়ের কোঠায়। সুতরাং তা নিয়ে বিশেষ চিন্তা করার কিছু নেই। যারা বন্ধু হয়ে আছে, থাকবে তাদের তেমন সমাদরই করবো। বেশি না আবার কমও না। আত্মীয়ের ক্ষেত্রেও তা সমান।
শখ পূরণ: হঠাৎ যদি একটা বড় অঙ্কের লটারি পেয়ে যেতাম তাহলে তার একটা অংশ ব্যয় করতাম একটি সুন্দর কালো রঙের গাড়ির জন্য। ঐ যে জিপগাড়ির মতো যেকোনো একটা কিনে ফেলতাম। যেহেতু লটারি পাওয়ার কোনো সম্ভাবনাই নেই এবং হবেও না, কারণ লটারি কিনি না- সেহেতু কালো গাড়িও হবে না কোনোদিন। অন্তত এই শখ পূরণের জন্য বিন্দুমাত্র চেষ্টাও করবো না নিশ্চিত, সুতরাং হবেও না। এছাড়া ২য় শখটি আবার একটু চেষ্টায় হয়ে যেতে পারে, সেটা হয়তো কিনে ফেলবো। একটা ম্যাকবুক।
জীবন দর্শন: নিহিলিস্টই থাকবো এবং জীবনের অত খোঁজা বন্ধ করে মহাকালের বুকে ভাসতে থাকবো।
কদিন আগে বিদায় বার্তা লিখে এখন এই পোস্ট দিলাম। আমাকে মাইর দেয়া উচিত। তবে সত্যি বলছি ঐ উপন্যাস লেখা ব্যতীত আর লেখালেখি করবো না। কর্মক্ষেত্রের প্রয়োজনে যা লেখি তাতে পুরোপুরি এআই নির্ভর হয়ে যাচ্ছি, সেটাকে ঠেকাবোও না। বিশ্বাস করি ক্রিটিকাল ও ক্রিয়েটিভ এনালাইসিস ছাড়া সফলভাবে এআই দিয়ে কাজ করা যায় না। সুতরাং ঐ দুটোতে বেশি মনোযোগী হতে হবে। বুঝতে হবে মেটামর্ডানিজম ও মেটাকগনিটো কী এবং তার প্রভাব।
যাহোক, ভালো থাকবেন সবাই। দোয়া রাখবেন। জীবনের ১৩৩১৩ তম দিন শেষ করলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



