একটা কবিতা হবে কারো কাছে? একটা কবিতা যার প্রাণ আছে, দুটো ডানা আছে, যে উড়তে পারে, উড়াতে পারে, ভাবতে পারে, ভাবাতে পারে, হাসতে পারে, হাসাতে পারে, ভালবাসতে পারে, ভালবাসাতে পারে। আছে এমন একটি কবিতা?রোজ রাতে ঘুমাতে যাওয়ার সময় মাথার কাছে নিয়ে ঘুমাবো তাকে। সকালে ঘুম থেকে জেগে আড়মোড় ভেঙ্গে দিনের প্রথম তপ্ত চুমু একে দিব যার বুকে। সারাদিন বুকের মাঝে লুকিয়ে রাখবো ভাঁজ করে। প্রতি মূহুর্তে ভাঁজ খুলে পোড়বো.....।এক বার, দুই বার, তিন বার, হাজার বার! আছে?
কেন চাই এমন একটি কবিতা?! শোন তবে,.................... আমি হারিয়ে গেছি। সেই কবে ঘর ছেড়ে বেরিয়েছিলাম এক কবির খোঁজে। মাঠ ঘাট পাহাড় পর্বত হেঁটে হেঁটে খুঁজে পেলাম এক পাথরের মূর্তি। ক্লান্ত এই আমি বসে পড়লাম তার কাছে। সে মূর্তি জাগ্রত, জানো? শুধু মাংসের মদির গন্ধে জেগে ওঠে সে। আমি বসতেই জেগে উঠলো সে। তার পাথুরে হাত গুলো চেপে ধরলো আমাকে। পাথরের শরীর টা আমাকে তছনছ করে দিল নির্মম পেষনে। সেই নিশ্চল পাথর টি কখনও বোঝেনি আমার জ্বালা, আমার তৃষ্ঞা---- মনের তৃষ্ণা,শরীরের তৃষ্ণা! তার ছিল শুধু রাক্ষুসে ক্ষিধে। কাঁচা মাংসের ক্ষিধে! তবুও মায়া ছিল বড্ড, কালমুখী মায়া। রোজ ঝেড়ে মুছে দিতাম তার শরীরের সব জমে থাকা ধুলা, ক্ষয়ে যাওয়া রং ভরিয়ে দিতাম আমার রঙে। প্রতি রাতে নিজেকে নিঃশ্বেষ করে ক্ষুধা মিটাতাম তার। তবুও তার খোরাক আমি জোগাতে পারলাম না। আবার হারিয়ে গেলাম একদিন।
চলতে চলতে খুঁজে পেলাম এক বিদ্ধস্ত কবিকে। রাশি রাশি কবিতার ভিড়ে ডুবে আছে সে। জীবন্ত এক লাশ। জাগালাম তাকে। "চোখ মেলো কবি, দেখো পৃথিবীটা রংধনুর রঙে সেজেছে,ঠিক যেন নববধূ কোন,ঐ দেখ গাঙ শালিকের ঝাঁক, সবুজের সমুদ্রে ঢেউ উঠেছে দেখ। তোমার কি ক্ষুধা নেই,তৃষ্ণা নেই? চেয়ে দেখ কবি"
তারপর মেলে ধরলাম আমার আমিকে। " নাও কবি, ভালবাস" অশেষ মমতায় সে লাঙল চালালো আমার জমিনে। ভালবাসার বীজ বুনলো পরম যত্নে। ফসল ফলালো। রাশি রাশি কবিতা। আমার ঘর ভরে উঠলো। আমার শরীর মনকে আর ক্ষুধার্ত থাকতে হয় না। হাসলাম আমি, ভাসলাম সুখে।
হঠাৎ হারিয়ে গেল কবি, আমিও হারালাম আবার। কবির কবিতায় আমি নেই। কে তবে? জানি না। তার শেষ কবিতা টি ছিল
"এখন কাছে থাকলে,
তোকে শোয়াতাম আমার মাটির বিছানায়,
তারপর;
হাত দুটিকে চেপে দুটো হাতে,
চেয়ে থাকতাম তোর চোখে
দুষ্টুমি করতে পারিস- সেজন্যে নয়,
বরং তোকে চেপে রাখতে বিছানার সাথে
নিজেকে আছড়ে ফেলতাম তোর উপর
তারপর,
শুধু চুমু;
উষ্ন, তপ্ত আর আদরমাখা।
অনেক, অনেক, যতক্ষন ভোর না হয়
যতক্ষন সূর্য না জাগে.........
জানিনা এই "তুই" টি আমি ছিলাম কিনা। হয়ত উৎসর্গে আমি, ভাবনায় অন্য কেউ! কবি আর কবিতা লেখেনা আমাকে নিয়ে। হয়ত তার কবিতার শিরোনাম পাল্টে গেছ, হারিয়ে গেছি আমি। তাই খুঁজছি নিজেকে,খুঁজছি একটা কবিতা।
এমন জীবন্ত কবিতা দিতে পারবে কেউ আমাকে? আছে কারও কাছে?!!!
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১০ রাত ১১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




