লাইফ জ্যাকেট গায়ে চড়িয়ে
ভেসে চলেছি তোমার বুকে-একূল থেকে ওকূলে,
তোমার বৈকালিক পুরবৈয়াঁ প্রবাহ আড়মোড়া ভাঙছে
আমার বুকের ওপর-ধলেশ্বরী!
ভাবছ তুমি, আমি সুখেই আছি ভীষণ!
বুকের কাছে সন্তর্পণে কান পাতো স্রোতস্বিনী
শুনতে পাচ্ছো কিছু? আর্তনাদ?
আর্ত হৃদয় আছে আরোহনে ভীষ্মের শরশয্যায়
রক্তপ্রবাহে ভেসে যাচ্ছে উর্বর মনোভূমি
যন্ত্রণা আছে, কাতরতা আছে, তৃষ্ণা আছে
আছে মহাকালের আদিম ক্ষুধা;
নেই কেবল স্বেচ্ছা মৃত্যুর বর!
২
ধলেশ্বরী, তুমি তো শরীর ধুয়ে দিলে
পথের মিহি ধুলো, মোটা বালির আস্তরণ
অবলীলায় নিজের দেহে প্রলীন ক’রে নিলে;
আবার এই প্রাগ্ গোধূলিতে, তোমার পুরবৈয়াঁ প্রবাহে তুলে
সান্তরের ধ্রুপদ পুরবী-চাইছো আমায় করতে পুলকিত!
ধলেশ্বরী, ওগো প্রবাহিনী,
হৃদয়ে পড়েছে যে বেদনার নীলাভ পুরু পলি,
তা করেছে গ্রাস আমার সমস্ত পুলক-উচ্ছাস!
কেউ হলো না তোমার মতো আপন।
আর কে আছে তোমার মতো সুজন
ধুয়ে দিয়ে বেদনার পুরু পলি
করবে হৃদভূষণ!
৯ আগস্ট, ২০১৪।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



