অনেকদিন ধরেই মন দিয়ে কোনো বইয়ের মাঝে ডুবে যাওয়া হচ্ছে না । বিচ্ছিন্নভাবে শুধু কবিতার বই থেকে কিছু কিছু কবিতাই পড়া হচ্ছে। মনে আছে যখন কলেজে সবে ভর্তি হলাম তখন মনের মাঝে অনেক ফ্যান্টাসি, সবকিছুতেই ব্যাপক উৎসাহ পাই। তখন রাত জেগে প্রচুর বই পড়া হত। পড়তে পড়তে ভোর হয়ে যেত। কলেজ ছিল ঢাকায় তাই সারারাত না ঘুমালেও সকাল সাড়ে ছয়টার মাঝেই বেরিয়ে পড়তে হত কলেজের উদ্দেশ্যে। এখন সে দিন গুলো খুব মিস করি। মানে রাত জেগে বই পড়ার সময়টা বিশেষভাবে । আব্বা খুব রাগ করত বই পড়ে রাত জাগতাম বলে যার কাছে বই মানেই ‘ নভেল বই ’। অথচ আব্বাই আমার জন্মদিনের আগে আগে বলে রাখত কোন কোন বই পছন্দ তাকে লিস্ট দিয়ে রাখতে। জন্মদিনের দিন আব্বার বাসায় ফিরে যখন বইয়ের প্যাকেট দিত হাতে তাকে বলতাম - বইতে উইশ করে লিখে দাও। আব্বা বলত – নিজেই লিখে নে । আমার হাতের লেখা বুঝবি না । আজ আব্বাকে খুব মিস করছি ।
আজ একটা বই নিয়ে বসেছিলাম। ওয়াসি আহমেদের ‘ কালাশনিকভের গোলাপ ’। বইটা কিছুদিন আগে গিফট পেয়েছি অন্যান্য আরও কিছু বইয়ের সাথে। বইটাতে মোট ১১ টা গল্প আছে যেখান থেকে মাত্র ৩ টা গল্প পড়লাম।
১। সুন্দিকাঠের আলমারি
২। কানামাছি
৩। হোয়াইট ম্যাজিক
তিনটা গল্পই তিন রকমের এবং একটা ব্যাপার লক্ষ্য করলাম এই লেখকের গল্পের মাঝে কোন ভাব , শব্দের রিপিটেশন হয় নি। এই ব্যাপারটা খেয়াল রাখা জরুরী যারা লিখতে পছন্দ করেন , লিখেন। আমার নিজেরই অনেক লেখায় একই শব্দের ব্যবহার অনেকবার এসেছে যখন লিখেছি বুঝতে পারিনি। পরে চোখে পড়েছে রিভাইজ দিতে গিয়ে।
এই তিনটা গল্প থেকে সুন্দিকাঠের আলমারি গল্পটা অন্যরকম লেগেছে। নাম শুনে যদিও বোঝা যাচ্ছে একটা আলমারিকে ঘিরে গল্প। কিন্তু গল্পটা পড়লে বোঝা যায় এটা যেন তেন কাঠের আলমারি প্রসঙ্গে বলা হয় নি। সুন্দি কাঠ বা সুন্দি নামের যে গাছ আছে তাই জানতাম না আমি । এই গল্প থেকে সুন্দি গাছ নিয়ে জানলাম –
“ আসামের হাউকা পাহাড়ের জঙ্গলে সুন্দিগাছের ছড়াছড়ি, রুপে- গুণে মেহগনির সমতুল্য এই গাছ বার্মা থেকে ব্রিটিশরা এনে লাগিয়েছিল। বিশাল বিশাল সুন্দিগাছের গুঁড়ি – কাণ্ড গৌহাটি থেকে ব্রহ্মপুত্রে ভেসে ভেসে কিছু পথ, তারপর কাছাড় জেলার ভিতর দিয়ে বরাক নদীতে আবার টানা সাঁতার কেটে সুরমা-কুশিয়ারা হয়ে শেষমেশ সিলেটের কাজির বাজারে কাঠগোলায় এসে ভিড়ত। ”
গল্পের কথকের প্রথম লাইনটা আমার কাছে একটা সুন্দর বাক্যের সূচনা বলে মনে হয়েছে যা ছিল এ রকম –
“ মা মারা যাওয়ার পর সপ্তাহখানেক নানা ঝক্কি –ঝামেলায় কেটে যেতে আমাদের বাবা ডাক্তার আলতাফ চৌধুরী মায়ের পরিত্যক্ত শাড়ি- গয়না- আসবাবপত্র বিলিবন্টনের ফাঁকে হঠাৎই আনমনে বলে উঠলেন , আলমারিটা আমার। ”
গাঢ় খয়েরি রঙের সাত ফিটেরও বেশী উঁচু পাহাড়প্রমাণ আলমারিটা শুধুমাত্র আলতাফ সাহেবের স্ত্রীর স্পর্শ – গন্ধ শ্বাস- প্রশ্বাসে প্রবল স্মৃতি জাগানিয়াই না , বরং কথকের ভাবনা থেকে জানা যে আলমারিটার পাল্লা খুলে এর ভেতরে , অন্তহীন অন্তরে উঁকি দেয়া মাত্র তার বাবা তার মৃত স্ত্রীকে পেয়ে যাবেন।
মৃত্যু – পরবর্তী সব আচার অনুষ্ঠান শেষ করে কথকের অন্য ভাই বোনেরা যে যার মতো সংসার নিয়ে ব্যস্ত হতে ক্যালিফোর্নিয়া , ইংল্যান্ডে চলে গেলেও তার বাবা তাদের সাথে ঢাকা চলে আসেন এবং তার দুই দিন পর পিছু পিছু ট্রাকে করে আলমারিটাও ঢাকা আনা হয়।
গল্পের আরও গভীরে গেলে দেখা যায় এমন ওজনদার আলমারি তাদের এপার্টমেন্ট এ ঢোকানো না গেলে সেটা শেষ পর্যন্ত কারপার্কেই রাখতে হয় । এখানে গল্পের যে ব্যাপারটা আমাকে আকর্ষিত করেছে সেটা হল আলতাফ সাহেবের অন্তর্গত সব চিন্তা, তার প্রকাশ, তার ধৈর্য, তার বিষণ্ণ হতে হতেও নিজেকে সামলে নেয়া। একদিন বৃষ্টির রাতে খেতে বসে যখন আলতাফ সাহেব তাদের বিয়ের ঘটনা বলতে শুরু করেন যার সাথে জড়িত ছিল এই সুন্দিকাঠের আলমারিটা।
এখানে লেখক আলতাফ সাহেব “ বাবা” নামক যে চরিত্র টি এঁকেছেন সে বাবাকে পড়তে যেয়ে মনে হচ্ছিল – বাবারা সংসারে তাদের নির্ধারিত দায়িত্ব পালন ছাড়াও “মায়ের ” জন্য একটা স্থান রেখে দেন যা খুব মূল্যবান । কেউ কেউ সেই গোপন অনুভূতি সন্তানের কাছেও আড়াল করে রেখে দেন।
আমি খুব গুছিয়ে বলতে পারলাম না । কিন্তু গল্পটা আমাকে স্মৃতিকাতর করেছে। একটা বিরহী বাবা যার প্রকাশ খুব কম কিন্তু তীব্রতা ছুঁয়ে গেছে আমাকে । আমি আমার আব্বাকে খুব মিস করছি মনে হয় এই কারণেই। তাছাড়াও আরেকটা ব্যাপার, আজকে আমার বাবা-মায়ের বিবাহবার্ষিকী। গত চার বছর ধরে আব্বা নেই বলেও এই দিনটা পালন করা হয় না। মূলত আমিই এইসব দিবস, জন্মদিন এগুলো মনে রাখি। আব্বাকে নিয়ে বলতে গেলে হয়তো বলা শেষ হবে না। কিন্তু এখন মনে হচ্ছে আরও বেশি করে কেন সময় কাটানো হলো না তার সাথে!
কয়েকদিন আগে একজন ব্লগারের পোস্ট পড়লাম, জীবনের নানা বোধ নিয়ে। তার নাম এবং পোস্টের নাম ভুলে গেছি। সেখানে মৃত্যু বিষয়ক একটা অংশ ছিল যেখানে উনি লিখেছিলেন, কবর এমন একটা জায়গা যেখানে শুধু ঢোকাই যায়, বের হবার রাস্তা নেই। এই মাসের ৪ নভেম্বর আব্বার মৃত্যুবার্ষিকী ছিলো। অনেকদিন পর গত ৩-৫ নভেম্বর পর্যন্ত গ্রামের বাড়িতে ছিলাম। আব্বার কবরের কাছে গিয়ে কতো কতো অনুভব যে মনে হচ্ছিলো সেসব লেখার ভাষা এখন আর নেই আমার!!!
একেকজন মানুষ পরিবার থেকে বিদায় নিলে দেখা যায় তার অভাবে কি নিদারুণ একটা ক্ষত তৈরি হয়ে যায়, যার কোনও বিকল্প নেই, হতে পারে না। বাবা দিবস নিয়ে কতজনেই কতো কিছু লেখে! আমি কখনো সে ধরণের কিছু লিখতে পারিনি। একটা গল্প পড়ার অজুহাতে পাঠ প্রতিক্রিয়া লিখতে গিয়ে তাই নিজের বাবাকে নিয়ে লিখলাম।
সব বাবারা ভালো থাকুক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

