নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে সোমবার সকালে শাহজাদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় হামলা চালিয়ে ওই মাদ্রাসার সুপারিটেনডেন্ট আবুল হাছান মোঃ আলীকে (৫৫) মারাত্মক আহত করেছে স্থানীয় আওয়ামী লীগ সন্ত্রাসীরা। তাকে মারাত্মক জখম অবস্থায় কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভার্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মোঃ আলী বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছে। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় অধিবাসী, মাদ্রাসার শিক্ষক, ছাত্র-ছাত্রীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী লোকজন ও সুপারিটেনডেন্ট আবুল হাছান মোঃ আলী জানান, সকাল ১১টার সময় মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ সভায় যোগদানের জন্য কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমজাদ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশ্রাফীসহ নেতৃবৃন্দ উপস্থিতও হন। এ সময় মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির আহম্মদ মাদ্রাসার সুপারিটেনডেন্ট ও উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে অশোভন আচরণ করলে ইউএনওসহ সবাই অপমানবোধ করে সভা না করেই স্থান ত্যাগ করেন।
পরে আ.লীগ ক্যাডার কবির আহম্মদরে নেতৃত্বে তার সহযোগী স্থানীয় ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক খোকন, আ.লীগ নেতা আবদুল হক, নেয়াজুর রহমান, মির্জা মোজহারসহ ১০-১২জন অতর্কিতে মাদ্রাসায় হামলা চালিয়ে সুপারিটেনডেন্ট আবুল হাছান মোঃ আলীকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এতে তার বাম চোখ ক্ষতিগ্রস্ত হয়। এ সময় সন্ত্রাসীরা মোঃ আলীর কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর ও মাদ্রাসার কয়েক চড়া চাবি ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মারাত্মক আহতাবস্থায় সুপারিটেনডেন্টকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভার্তি করে। এ ব্যাপারে সুপারিটেনডেন্ট মোঃ আলী বাদি হয়ে পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমজাদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কবির আহম্মদ দীর্ঘদিন থেকে মাদ্রাসার আদায়কৃত সকল অর্থ তার কাছে জমা রাখার প্রস্তাব করে আসছিল। কিন্তু এতে সুপারিটেনডেন্ট রাজি না থাকায় তার উপর কবির আহম্মদ ক্ষিপ্ত হন। ইউএনও বলেন, ম্যানেজিং কমিটির সভায় কবির আহম্মদ ওদ্যোত্যপূর্ণ আচরণ করায় সভা বাতিল করা হয়। বর্তমান ম্যানেজিং কমিটি ভেঙ্গে নতুন কমিটি করা হবে বলেও ইউএনও জানান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




