হতাশা, কি করছ তুমি ?
রাত জাগা চাঁদ আর তারার মাঝে ;
তোমার চিন্তার সুচ, স্বপ্নের সুতো দিয়ে
কতগুলো প্রাণ খুঁচিয়ে চলছ
সুখের আশায়।
বারবার কি তোমার স্বপ্ন সুখের
মালা ছিড়ছে না ?
টি.এস.সি, নিউ মার্কেট, মৈত্রী হল আরও
বহুপথ ঘুরে- যখন দিনের চোখে ঘুম এল ;
তখন তোমার দেখা পেলাম।
এতকরে ভাবি ভুলে যাব,
চোখ খুলে নতুন দিগন্ত দেখব !
কিন্তু আমার মনের মাঝের সেই
পুরনো বিভিষিকা বারবার মাথা চাড়া দিয়ে ওঠে ;
টেনে নিয়ে যায় তোমার কাছে।
আজ তোমাকে একটা রঙ্গীন খাম ধরিয়ে দিয়ে এলাম,
হয়তো বা এটাই আমাদের শেষ....
কিন্তু আমার আমিকে যে
একদল হায়নার সামনে বিসর্জন দিলাম-
ঠুকরে খাবার জন্য,
স্বাধীন শ্বাপদের মদের গ্লাসে।
বিছানায় শুয়ে শুধু একাত আর ওকাত করছি
ঘুম আসছে না।
এক অজানা মোহ আর দুর আকাশের
ঐ চাঁদ আমাকে টেনে নিয়ে যাচ্ছে নিজের কাছে
নিজের করে !
আচ্ছা, কে বেশি একা ? আমি
নাকি ঐ কাফন সাদা চাঁদ,
যে আমাকে হাতছানি দিয়ে ডাকছে
নিজের কাছে, আপন করে।
তুমি কি এখনও ঐ পায়েল বেঁধে আছ
নাকি ছুড়ে ফেলে দিয়েছে শিকল ভেবে,
পাছে, ওর স্পর্শে আমাকেই মনে পড়ে।
তাকে দিয়ে ওটা একবার ছুঁইয়ে নিও,
আমার অস্তিত্ব চলে যাবে,
তখন ওটা স্বাধীন স্বাধীন লাগবে।
আর না পারলে,
না পারলে একটা সিগারেট ধরিয়ে নাও
স্তব্ধতা নেমে আসবে চোখে, মুখে, বুকে।
ঘুমাও হতাশা,
ঘুমাও তোমার শান্তির ঘুম।
২৪/০২/০৪
বাকলেইট

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



