জন্মই যেখানে আজন্ম পাপ, সেটাই আমাদের জন্মভূমি! রানা প্লাজার ধসে তা প্রমাণ হল আরেকবার।
ব্রাক ব্যাংক কর্তৃপক্ষকে সবার আগে ধন্যবাদ জানাই তাদের সিদ্ধান্তের জন্য। তারা প্রমাণ করেছেন রানা প্লাজা এবং গার্মেন্টস কর্তৃপক্ষ চাইলে এক ফোটাও রক্ত ঝরত না, প্রানহানি তো দুরের কথা। উল্টো বেতন কাটার হুমকি দিয়ে কাজে বাধ্য করিয়েছে!!! টাকার কাছে পরাস্থ হল শতশত জীবন। আমাদের দেশে এরকম অবহেলা জনিত দুর্ঘটনা নতুন কিছু নয়। আর দেশের প্রধানরা একের পর এক শোঁক প্রকাশ করেই যাচ্ছেন! কিন্তু সেই শোঁক শুধু মাত্র দাপ্তরিক প্রজ্ঞাপন মাত্র। যার সাথে বাস্তবের কোন মিল নাই।
বলার অপেক্ষা রাখে না যাদের কাছে সামান্য কিছু টাকা যখন জীবনের নিরপত্তার থেকে বেশী গুরুত্বপূর্ণ হয় তখন সেই টাকা তাদের জন্য কতটা প্রয়োজনীয় এই মানুষ গুলো নিজের অক্লান্ত পরিশ্রমের ঘাম গুলো সস্তায় বিক্রি করে তাদের পরিবারের খুঁটি হয়েছিল। যারা মারা গেলেন তারা তো বেঁচেই গেলেন প্রতিদিন তিলে তিলে মরার হাত থেকে। রেখে গেলেন তাদের পরিবারকে সেই ক্ষুধার গদ্যময় রাজ্যে। স্বজন হারানোর যন্ত্রণার কথা বাদই দিলাম। আর যারা অচল হয়ে বেঁচে রইলেন, তারা হাসপাতালে কাতরাচ্ছে। তারা তো এখন নিজেই বোঝা হয়ে গেলেন পরিবারের, এই বিবেকহীন সমাজের। কত টাকার বিনিময়ে এই প্রান গুলো বেঁচে উঠবে, কত টাকা হলে স্বজন হারানো বুকের আহাজারি থাকবে না, কত টাকা হলে এই অচল মানুষ গুলোর স্বাভাবিক জীবন ফিরিয়ে দেয়া যাবে? কেউ কি বলতে পারবেন? গার্মেন্টস মালিকদের কত টাকা ক্ষতি হতো যদি কাজ বন্ধ করে দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিত? ক্ষতি হলে তো টাকাই হতো, সেই ক্ষতি কি এই জীবন গুলোর থেকেও বড় ছিল? এখন কি তাদের কোন ক্ষতি হচ্ছে না?
রাজউক নাকি মামলা করেছে ভবন মালিকের বিরুদ্ধে। একের পর এক বিল্ডিং ধসে পরবে আর একের পর এক মামলা হবে। শাস্তির মাধ্যমে কি এই ক্ষতি পূরণ করা সম্ভব? যখন গোঁড়ায় গলদ তখন আগায় পানি ঢেলে লাভ আছে কি কোন? ভবন মালিকের বিরুদ্ধে মামলা না করে রাজউকের বিরুদ্ধে মামলা করা উচিত। কারণ এগুলো মনিটর করার দায়িত্ব তাদের। রক্ষক যখন ভক্ষক এর ভুমিকায় অবতীর্ণ হন, তখন আক্ষেপ করা ছাড়া আর কিবা করার থাকে। ঘটনা ঘটে যাওয়ার পর এতো তৎপর হয়ে লাভ কি? যদি এর কানাকড়ি চেষ্টা ঘটনার আগে করে তবে এরকম দুর্ঘটনা ঘটে না।
তাজরিনের ক্ষত এখনও শুকায় নি, তার মধ্যেই আবার আরেকটি নাম যুক্ত হল রানা প্লাজা। তবু কারো মাথা ব্যথা নাই, জাগে না কারো বিবেক। কবে হতে পারবো আমরা মানুষ। জীবন নিয়ে এই খেলা আর কত দিন চলেব? কবে পাবো স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




