সেই ছোট বেলা থেকেই আমি একটু মা ঘেষা। স্কুলের গন্ডি পেরুনোর আগ পর্যন্ত মাকে ছাড়া চলতে পারিনি একদন্ড, দুরে কোথাও একদিনের জন্য মাকে ছেড়ে থাকিনি, আর মাও আমাকে চোখে চোখে রাখতেন সারাক্ষন। মা ছাড়া নিজেকে বড্ড অসহায় অসহায় লাগত যা এখনও অনুভুত হয়। এজন্য ভাই বোন সবাই মিলে বলে, মা বুঝি আমাকেই সবচেয়ে বেশী আদর করে। আমিও এটা নিয়ে গর্ব করি এবং গর্ব করে অন্য রকম একটা ভাল লাগায় আপ্লুত হই।
ছোটবেলায় একটা জিনিস খুব মজা লাগত, বাবা কোন কাজে দুরে কোথাও গেলে রাতে মার কাছে কে থাকবে, এ নিয়ে আমাদের ভাই বোনদের মধ্যে রীতিমত হইচই আর প্রতিযোগিতা শুরু হয়ে যেত। কিন্তু শত প্রতিযোগিতার মধ্যেও আমি মার পিছু ছাড়তাম না কখনও । আর অনেক রাত পর্যন্ত মার কোলে মাথা রেখে হাজারো গল্প শুনতাম, কি যে এক অনাবিল ভাল লাগা এসে ভর করত, সেটুকু বলে শেষ করা যাবে না। এখনও প্রায়ই মার কোলে মাথা দিয়ে শুয়ে পরি। এর মত আনন্দ এবং প্রশান্তি দুনিয়ার অন্য কোথাও আছে বলে আমার মনে হয় না। নিজের জীবন থাকতে দুনিয়ার কোন অশুভ শক্তি আমার মাকে স্পর্শ করতে পারবেনা তা দৃঢ় ভাবেই বলতে পারি।
বর্তমানে মা বাবা আমাদের এখানেই আছেন। কয়েকদিন পর যাবেন বড় বোনের বাসায়, যদিও কিছু দিন পর আবার আসবেন তারপরও মনটা খারাপ হয়ে আছে ভীষন। মা বাবার উপস্হিতি অন্য রকম ভাল লাগা ও প্রশান্তির এনে দেয় যা অন্য কিছুর মধ্যে পাওয়া যায় না কোনভাবেই। অফিস থেকে বাসায় ফিরেই মায়ের পাশে গিয়ে বসি। মা মাথায় হাত দিয়ে স্নেহ ও ভালবাসার পরশ বুলিয়ে দেন, আর আমি একটা স্বর্গীয় প্রশান্তিতে চোখ বুঝে থাকি। গতকালও মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে ছিলাম অনেক্ষন আর মা আমার, মুখ ও মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন, এরকম সুখানুভুতি আর দ্বিতীয়টি যে নেই তা হলফ করে বলতে পারি। আপনারা সবাই আমার মা বাবার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি, সবার মা বাবাকেই যেন আল্লাহ ভাল রাখেন, হেফাজতে রাখেন।
দৃষ্টি আকর্ষন: এরকম একটা পোষ্ট দিয়েছিলাম অনেক দিন আগে কিন্তু আজকে সেই পোষ্ট কে এডিট করতে যেয়ে ড্রাফটে চাপ পড়ে গিয়েছিল তারপর পোষ্টটি হারিয়ে গিয়েছে। তা কি কোনভাবে উদ্ধার করা যাবে? দয়া করে কেউ কি বলতে পারেন?
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১০ বিকাল ৪:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



