বল, কী ছিল তোর মনে-
আমিতো তখন একান্ত নির্জনে,
নিরেট অবসরকে খন্ডিত করার চেষ্টায়,
নিস্তেজ জীবনের অমৃত তেষ্টায়-
ধ্বসিয়ে দিচ্ছিলাম নিজেকে।
বল, তুই কেন এলি হেঁটে-
আমিতো জীবনের তাল, লয়, সুর কেটে,
নিস্পৃহ হয়ে ধোঁয়াটে জাল বুনি,
নিঃসঙ্গতায় নিরাশার ডাক শুনি-
অদৃশ্য পাপে মনটাকে রাখি ঢেকে।
কেন, তুই মনটাকে গেলি ছুঁয়ে-
আমার সকল আঁধার কেটে গেল এক ফুঁয়ে,
মন উচ্ছলতায় নেচে ওঠে বারেবারে,
সুর বেজে ওঠে বিনাতারে-
বসন্ত দিনের সরেণু বাতাস বয়।
এখন, তুই চলে গেলি দূরে-
আমায় স্বর্গে তুলে আবার ফেললি ছুড়ে,
আমার ঠোঁটে-জিহ্বায় চাঁদের মত খরা-
আমার মনে ও শরীরে বৃদ্ধের মত জরা-
এ কেমন হল? এমনই কি হয়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


