জীবনের প্রান্তে এসে,আমার প্রতিবিম্ব খুঁজি
স্মৃতির আকাশে ভেসে মেঘের ফাঁকে মুখটা গুজি,
সে আকাশে পাই না আমি,আমার কোনও চিহ্ন,
এমনি করেই কেটে চলে অসার পূর্বাহ্ন:
জলের দেখা পেলেই ভাবি,এ যেন এক দর্পন
আপন বিম্ব দেখতে ব্যাকুল,নিজেকে করি অর্পন,
জলের মাঝে পাই না খুঁজে আমার চিহ্ন
এমনি করে তন্দ্রায় কাটে অলস মধ্যাহ্ন;
রাস্তা দিয়ে হাঁটার সময় খুঁজি আমার ছায়া,
কোনও ছায়া দেখলে ভাবি,এটাই আমার কায়া:
নিজের ছায়া দেখতে গিয়ে পাইনা কোনও চিহ্ন
এভাবেই কাটাই আমি পুরো অপরাহ্ন:
মনের আয়নায় অবশেষে আমার বিম্ব দেখি
বুঝি না কে আসল আমি,কোনটা আমার মেকী,
নিজের বিম্ব দেখতে পেয়েও,খুঁজে বেড়াই চিহ্ন
রাতটা কাটলে বুঝি,জীবন হয়েছে ছিন্ন- ভিন্ন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


