আমি ভন্ড,আমার হাঁড়ে হাঁড়ে,মজ্জায় মজ্জায় ভন্ডামী,
আমার বিদঘুটে সব কীর্তিকলাপে মিশে আছে অশ্লীলতা-নষ্টামী:
তোমরা যখন কোনও মেয়েকে একটু শীষ দাও,পথটা আগলে ধরো,
আর এই বোকা আমি তখন তোমাদের বখাটে-বেহায়া বলি,
নিজের পাড়ার মেয়েদের খোঁজ-খবর নেয়া তো তোমাদের অধিকার,
এই মহান কর্মে বাধা দিই আমি, আর ঝাড়ি ফাঁপা বুলি:
যখন তোমরা কাউকে পেটাও,মারধোর করো,হাঁড়গোড় ভাঙো,
এই মুর্খ-আমি তোমাদের তখন গুন্ডা-বদমাশ-মাস্তান ভাবি,
অভদ্রদের ভদ্রতা শেখাতে এটুকু শাসন তো তোমরা করতেই পারো,
ভ্রাতৃত্বের এই বন্ধনে ফাটল ধরাই আমি,পন্ড করে ছাড়ি সবই:
তোমরা যখন কারও কাছ থেকে চাঁদা নাও,টেন্ডার নিয়ে দুর্নীতি করো,
তখন এই ভন্ড-আমি তোমাদের চাঁদাবাজ-দুর্নীতিবাজ বলে গাল দেই,
উপকারের বিনিময়ে তোমাদের কেউ হাদিয়া-উপহার দিতেই পারে,
তা না বুঝে শুধু ঝামেলা পাকাতে আমার কোনও জুড়ি নেই:
তাই তোমরা যখন আমায় ভন্ড বলো,আমি কিছুই মনে করিনা,
সমাজের ভারসাম্য নষ্ট করি আমি,অথচ কিছুই বুঝিনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


