
তুই কি আজও অনুযোগে অগ্রাহ্য করিস
আহূয়মান সোনেলা রোদ্দুর?
সুচালো আঘাতে সুতনুকা'র সিম্ফনি
আজও কি অদৃশ্য হয় অনৃত লাভাস্রোতে?
আমার জানতে বড্ড ইচ্ছে করে!
হয়তো তুই জানবিও না কোনদিন
আদ্র দুটো চোখে কতখানি তৃষ্ণা ছিল!
অবিশ্রুত নীলপদ্ম তোকে স্পর্শ করতে না পারার যন্ত্রণায়
নিজেকেই অভিসম্পাত করেছে!
অবদমনে আজ প্রবাহিত হয় ধমনীতে রক্তের কাল স্রোত
মৌনতায় তুই যবনিকা টেনেছিস সেই কবেই
অভিসন্তাপে অপসৃত করেছি যত ক্লেদ
অভিষেক নাইবা হলো অভিসারিকার!
তুই কি জানিস?
আজ তারাদের উল্লাসে ভাসে অবিমিশ্র মৃত্যুর উৎসব
হুলিয়া জারি হয়েছে আমার--
সমে সমে আমিও নিজেকে সম্প্রদান করতে সম্মত হয়েছি
হয়তো তুই জানবিও না কোনদিন
ঝরা পালকে'র মর্মবেদনা!
কাব্যগ্রন্থঃ নির্বাসিত জোছনাদল বইমেলা ২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



