শুধু ‘ইন্টারন্যাশনাল’ নামটা ছাড়া যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আর কোনো মান নেই বলে মন্তব্য করেছেন সুপ্রিমকোর্টের বয়োজ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক বিচারপতি টিএইচ খান। যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত ন্যুরেমবার্গ ট্রায়ালের এ বিচারক বলেন, কেন এ ট্রাইব্যুনালের নাম ‘ইন্টারন্যাশনাল’ রাখা হয়েছে—তা বুঝে আসে না। নামটা ন্যাশনাল দিলে সুখরঞ্জন বালীকে ডিবি অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনা প্রচলিত আইনে বিচার করতে হতো। তাই আন্তর্জাতিক নাম দিয়ে বিচার শুরু করা হয়েছে। অথচ এ ট্রাইব্যুনালে বিচারের ক্ষেত্রে ন্যূনতম আন্তর্জাতিক মান বজায় রাখা হচ্ছে না। বিচারের নামে যা ইচ্ছা তাই করা হচ্ছে। এ ট্রাইব্যুনালের নামটাই শুধু ইন্টারন্যাশনাল। আর বাকি সব ন্যাশনাল। এখানে যা হচ্ছে তা বলতে গেলে এ ট্রায়ালের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবে।
তিনি বলেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রধানতম শর্ত হচ্ছে এর বিচারকরা হবেন নিরপেক্ষ। এ ট্রাইব্যুনালে ক’দিন পরপর সিচুয়েশন অনুযায়ী আইন অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে। এতে মনে হচ্ছে যেনতেনভাবে তাদের (আটক বন্দিদের) সাজা দিতে হবে।
তিনি বলেন, সরকারি লোকেরা বিভিন্ন বক্তৃতায় স্বচ্ছ বিচারের কথা বলছেন। কিন্তু যা ঘটেছে, এর নাম কি আইনের শাসন? অবস্থা দেখে মনে হচ্ছে যেনতেন একটা সাজা দিতে পারলেই বাঁচা যায়। এখানে ন্যায়বিচারের কোনো দরকার নেই।
‘অন্যায় ও জুলুমের চিহ্ন কখনও মুছে যায় না’—এমন মন্তব্য করে তিনি বলেন, বিচারের নামে অন্যায় ও অবিচার করা হলে এগুলো কখনও মুছে যায় না। সবকিছু থেকে যায়। এই যে এসব করা হচ্ছে, এতে সরকারের সুনাম নষ্ট হচ্ছে। এতে কখনই সরকারের সুনাম বাড়বে না। একদিন ঠিকই এসব অন্যায় হিসেবে চিহ্নিত হবে।
তিনি ট্রাইব্যুনালের গেট থেকে মাওলানা সাঈদীর সাক্ষীকে ডিবি পুলিশের অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনাকে নজিরবিহীন ও নিন্দনীয় উল্লেখ করে বলেছেন, আদালতপাড়া থেকে এভাবে একজন সাক্ষীকে অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর কোথাও এমন ঘটনার নজির নেই। বাংলাদেশেই প্রথম আদালতপাড়া থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা সাক্ষী অপহরণের ঘটনা ঘটল।
তিনি বলেন, যেভাবে একজন সাক্ষীকে পুলিশ অপহরণ করে নিয়ে গেল, এ ঘটনা অবশ্যই নিন্দাযোগ্য। আমি এ ঘটনার প্রতিবাদ জানাই। সরকারের এমন আচরণ পুরো বিচার প্রক্রিয়াটিকেই প্রশ্নবিদ্ধ করেছে। পৃথিবীর ইতিহাসে বাংলাদেশেই ট্রাইব্যুনাল গেটে আইনজীবীর গাড়ি থেকে এভাবে সাক্ষী অপহরণের ঘটনা ঘটল।
সূত্র দৈনিক আমার দেশ- আদালত অঙ্গন থেকে সাক্ষী অপহরণ পৃথিবীর ইতিহাসে জিরবিহীন -বিচারপতি টিএইচ খান

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


