০১.
হও হও...
সে পাহাড় থেকে নেমে গান করে এইসব,
মরো মরো...।
হ্যাঁ হ্যাঁ...
প্রথমে উড়তে হবে একজনকে। পৃথিবীর মাটি কোমল। হাসো হাসো। কীভাবে দীর্ঘশ্বাস ছাড়া ঈশ্বর কিংবা প্রিয়তম নারীর নখের কাছে যাবে? সে এতো উপরে থাকে! একশোমাইল উঁচু পাহাড়।
এই মাঝরাতের বৃষ্টিতে গলে পাহাড় রাস্তায় নেমে কাদা।
হা হা
০২.
তোমাকে মরতে হবে। এটা সত্য। এটা সত্য। চাঁদ কাঁদে। পবিত্র শয়তান হাসে। হাসো হাসো। ছবিটি ক্রমে ছায়াছবি হয়। শব্দটি ইকো হয়ে ফিরে গলায়।
এতো গোলমাল কীসের? ধূসর রাত্রির মানে বৃষ্টি অথবা কুয়াশা।
০৩.
দুইশো এক। সবি অর্থহীন। জিব্রিল তোর ডানা ভেঙে গেছে। জানলার ওধারে ভিজে যায় আমগাছ। আমি মাখন পছন্দ করি। পাউরুটি পছন্দ করি না।
আমি তাকে ছুঁই নি।
তুমি তাকে ছুঁয়েছো।
দুইশো একবার বলেছো লবণ আর লিপ্সার কথা। লিবিডো গ্রামে তোমার মতো বালকেরা আঁখক্ষেত ভালোবাসে।
০৪.
বাকরখানি খাও। জামার হাতলে হাত মুছে লুকিয়ে পড়ো বুক পকেটে। ছিলে তো নালাজীবী সঞ্চালক একাকার। হায়! ডোমের ভিতর কে হারিয়ে এসেছিলো সজারুর চক্ষু এবং কাঁটা? যারা কণ্টক ভালোবাসে তারা কি সবাই বেড়াল? ছবি মাইয়াটা মার্কিন কাঁথার ভাঁজে বেড়ালের চাষ করে। তার আগে এপাড়ার আরো দুইজন একই কাজ করে ফলবতী হয়েছে।
ছবি, বস্! কিরাম আছেন?
আপনি আমাকে বস্ বলবেন না। আমার নাম আছে একটা।
ছবি ছবি কবি কবি
আমাদের কমলার বনে থোকা থোকা হরিণ আর হরিয়াল আসে। ভাগ করে খেয়ে ফেলে কমলার ঝাড়। আমি বিবাগী ভাঙন শেষে লুকিয়ে পড়ি কমলার খোসায়। আমার অতৃপ্ত শৈশব মনে পড়ে। আমি কেঁদে কেঁদে বাদল আর বাদলকে হারিয়ে দিই।
০৫.
যমুনাবতী, ধনেশের ঠোঁটে জেগে থাকে দুপুরের সুর। তুমি তুলে নিও ওষ্ঠাধরে জেগে জেগে, জেগে জেগে। আমি বাতাস কুড়িয়ে এনে সাজিয়ে দেবো ঝড় তোমার অরণ্যে। তার আগে জেনো, শুধু একবার ধনেশ হবো।
হলুদ চঞ্চুতে শুষে নেবো যমুনার দীঘলজলের রেখা।
০৬.
মিনার্ভা এসে ভুল করে গেলো এলোমেলো। আমি তখন পম্পেই। ভিসুভিয়াস আমাকে ডেকে বললো, শুদ্ধ হ, হারামজাদা। আমার জন্ম চব্বিশ আগস্ট। নয় ভাদর। আমি কন্যা।
০৭.
তুই কে?
আজ রাতে যদি আমি মরে যাই তুই আমার মুখাগ্নি করিস।
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




