
আমাদের মত তৃতীয় বিশ্বের দেশে দুর্নীতি হবে এটা স্বাভাবিক। না হওয়াটা অস্বাভাবিক। কিন্তু দুর্নীতিরও তো একটা সীমা থাকে। একজন স্বাস্থ্যের সাবেক ডিজি'র সামান্য ড্রাইভার সে শত শত কোটি সম্পদের মালিক! এগুলো কার টাকা? এই সম্পদ কিভাবে তার হাতে গেলো? আবার এমন ড্রাইভার, পিয়নের সংখ্যা নেহায়েৎ কম নয়। এদের সম্পদের পরিমান দেখলে স্বয়ং আলাদিনের জ্বিন অজ্ঞান হয়ে যাবে। হ্যাঁ, এদেরও আলাদিনের জ্বিন আছে, এই জ্বিন হলো এদের স্যারেরা। আলাদিনের জ্বিনের অভ্যাস হলো সে নিজের জন্য কিছু নেয়না কিন্তু এই স্যার জ্বিনেরা সব নিয়ে কিছু উচ্ছিষ্ট তাদের এই পিয়ন ড্রাইভারদের দিয়ে দেয়।
আমি সব সময়ই বলি আমাদের অদক্ষ ও দুষ্ট রাজনীতিবিদদের কারনে সরকারি আমলারা এত দুর্নীতি করতে সাহস পায়। একজন রাজনীতিবিদ যে পরিমান দুর্নীতি করে তার থেকে কয়েকগুণ বেশি দুর্নীতি করে একজন আমলা। রাজনীতিবিদরা ১০ টাকার দুর্নীতি করলে তার ডকুমেন্ট আমলাদের হাতে থেকে যায়, যার পুরো ফায়দা লুটে নেয় তারা। আমলাদের দুর্নীতি পুরোপুরি বন্ধ করা যাবে না, তবে যাই করা যাক সেটা করতে হবে রাজনীতিবিদদেরই। সমস্যা হচ্ছে সে রকম দক্ষ, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে পারদর্শী রাজনীতিবিদ আমাদের নেই। আমাদের দেশে যে ছেলেটা বখাটে হয়ে যায়, পড়ালেখায় বেশি ভালো না, কোন কাজ পায়না সেই ছেলেটিই রাজনীতিতে চলে আসে। অথচ রাজনীতি হচ্ছে সবচেয়ে কঠিন ও সব দর্শনের কেন্দ্র।
সরকারী দুর্নীতিগ্রস্ত আমলারা প্রতিদিন যে পরিমান জাতির সম্পদ লুট করে তা আমার আপনার কল্পনারও বাহিরে। সবচেয়ে বড় কথা জাতিকে সেবা দেওয়ার জন্য এদের যে কাজ ও সময় দেওয়া দরকার তার সিকিভাগও এরা ঠিকভাবে দেয়না। সময় সবচেয়ে বড় সম্পদ।
আজ পর্যন্ত আমি কোন সরকারি কর্মকর্তা, কর্মচারীকে ঠিকভাবে আট ঘণ্টা ডিউটি করতে দেখিনি। কিন্তু জাতির সম্পদ লুট করতে নিজের ব্রেন ও মেধাকে সর্বোচ্চ পর্যায় খাটাতে দেখেছি।
যাইহোক এসব দুর্নীতি নিয়ে কথা কম হয়নি, কিন্তু এর সুরাহা খুব একটা হয়না। যারা সুরাহা করবে তারাও হয়তো দুর্নীতির জালে আটকে যায়। দুর্নীতির দায়ে মামলা হলে সেগুলো নিষ্পত্তি হতে অনেক সময় নেয় এবং মামলার পরিমান হিসেবে নিষ্পত্তির সংখ্যা নিতান্তই অনেক কম। এই যে যার কথা দিয়ে শুরু করলাম স্বাস্থ্যের সাবেক ডিজির ড্রাইভার, তার এত টাকার সম্পদ, তার বিরুদ্ধে মামলা হলো সেটা নিষ্পত্তি হতে কয়েক বছর লেগে যাবে! কিন্তু কেনো? সাধারণ গণিত ও অর্থনীতি বুঝে এমন মাধ্যমিকের ছাত্রও বলে দিতে পারবে তার আয় ও সম্পদের পরিমান অসামঞ্জস্য! একমাত্র দুর্নীতি ছাড়া আর কোন উপায় নেই এমন সম্পদের মালিক হওয়ার।
আপনাকে যদি এই মামলার বিচারক করা হয় আপনি কতদিন নিবেন এর রায় দিতে?
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





