
বহুরুপী !!
© নূর মোহাম্মদ নূরু
বহু মানুষ নিচ্ছে এখন বহুরুপীর সাজ,
বহুরুপী কথাবার্তা, তাদের বহুরুপী কাজ।
নিজের স্বার্থ করতে হাসিল রাখেনাকো লাজ।
যখন যেথায় মানায় যেমন তেমনি করে সাজ,
এক পা'য়েতে চটি পরে, জুতা অন্য পায়ে,
একদিকে তার ধুতি পরা কোট দিয়েছে গা'য়ে।
কালো চশমা চোখে দিয়ে ঘুরে বেড়ায় পাড়া,
বিপদে কেউ ডাকলে তাদের নাহি মেলে সাড়া।
মুখোশ পরা মুখে তাদের বহুরুপী লেবাস,
গায়ে মাখে আতর লোবান আহা কিযে সুবাস!
যায়না বোঝা মতি গতি কখন কি যে করে,
মনের মাঝে কুট বুদ্ধি কে যে ধরা পরে!
হারাম হালাল বলে বলে মুখে তোলে ফেনা,
মিষ্টি কথা শুনে তাদের ভিতর না যায় চেনা।
সিন্ডিকেটের হোতা এরা রক্ত খাবে চুসে,
ভালো কথায় কাজ হবেনা তুষ্ট শুধু ঘুষে।
পরিপাটি চেহারা তাদের ইয়া বড় কান,
দেশের সব গোপন তথ্য তারা শুনতে পান।
হিংস্র মানুষ ধরে এরা ভালো মানুষের ভান।
হাসি মুখে এরাই তোমার নিতে পারে প্রান।
এমন ধারার মানুষ এখন বাংলাদেশে ভরা,
সোনার বাংলা শ্মশান করে দিতে আছে তারা।
পশ্চিমারা যাবার পরে ভাবছি রবো সুখে,
হানাদারের দোশররা যে আছে বাংলার বুকে।
বহুরুপীর ধোকায় পরে সরল মনের মানুষ,
সব হারিয়ে দুই চোখে তারা দেখে শুধু ফানুশ।
বহুরুপীর সাজ দেখে কেউ করো নাকো ভুল,
ভুল করিলে জনম ভরে দিতে হবে তার মাশুল।
প্রকাশকালঃ ঢাকা-১৩ আগস্ট ২০২২ ইং
বিঃদ্রঃ যারা বহুরুপীর সাথে নিজেদের মিল খুঁজে পাবেন; তাদের মন্তব্য করার বাধ্যবাধকতা নাই!
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০২২ রাত ৯:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


