রংয়ের উৎসবে মেতেছে দেশ, রাজপথ আজ স্লোগানে মুখর-
হর্ষধ্বনি আর নতুনের আহবানে
একটা ফুল নিবেন, ফুল?
সাদা শাড়ি লাল পাড়, পান্জাবী কিংবা সালোয়ার
টুকটুকে টিপ এবং পোড়ামাটির অলংকার
একটা ফুল নিবেন, ফুল?
কাঁচা মরিচ আর পান্তা ইলিশ
কৃষকের মুখে নাই নবান্নের হাসি
ঘর্মাক্ত রাজপথে উচ্চমূল্যের ফাঁসিতে ঝুলে পড়েছে পহেলা বৈশাখ
একটা ফুল নিবেন, ফুল?
ঝলমলে রোদ, হাসি রাশি রাশি
গল্প গান আর আড্ডা। টিএসসির মোড়ে তারুণ্যের প্রাণ-ভোমড়া
গুটি গুটি খালি পায়ে, ছিন্ন কাপড়ে ফুল নিবেন, ফুল?
রক্ত জবা, গোলাপ কিংবা রজনীগন্ধা। তাজা ফুল! নিবেন?
দু-চার কিংবা পাঁচ টাকায়, পান্তা-ইলিশ বা পেঁয়াজ কাঁচা মরিচ পাওয়া যায় না,
নিয়ন আলোর রাজপথে বিএমডব্লিউ, লেক্সাসের ভেঁপু আর ড্রামের শব্দ।
ফুটপাথে শোঁটা ফুল, অবিক্রীত কিংবা অবিকৃত।
খালি পেটে পহেলা বৈশাখে গা এলিয়ে দেয়, কংক্রিটের নরম বিছানায়,
আগামীকালের নতুন স্বপ্নে বিভোর....
একটি ফুল নিবেন, ফুল?
--
অন্যরকম
২২শে আগস্ট ২০০৯, ঢাকা
--
[ফেইসবুকে এক ফুল বিক্রেতার ছবি দেখে হঠাৎ মাথায় শব্দগুলো গেঁথে গিয়েছিল। এমন চমৎকার একটি ছবি শেয়ার করার জন্য সেই ফটোগ্রাফারকে ধন্যবাদ।]
ছবি সৌজন্যে: নাওসাবাহ নুর
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




