[ভূমিকা : এই কবিতা একজন নারীকে নিয়ে। একজন বিশেষ নারী। আমার প্রিয়তমা নয়, তবে জীবনের শ্রেষ্ঠতমা তো অবশ্যই। তার কাছে আমার যত আব্দার। পয়সা নাই, তারে ডাকি। সে ব্যাঙ্ক থেকে স্কলারশিপের টাকা তুলে মাইলের পর মাইল দূরত্ব ঠেঙ্গিয়ে এসে টাকা দিয়ে যায়। মাঝরাতে ঘুম না এলে তারে ওঠাই- গান শোনাও। সে শোনায়, যতবার শুনতে চাই শোনায়। কিন্তু যখন তার পালা আসে, আমি নির্বিকার এবং নিষ্ঠুর। সে অভিমান করে, কাঁদে। তারপরও ছাড়েনা আমাকে। তার এই সমর্পণে আমি অবাক, বিস্মিত হই। যতখানি শ্রদ্ধা ও ভালোবাসা তার পাওনা, তার কানাটুকুও সে পায় না। দিতে ভুলে যাই। তার মূল্যায়ন- আমি তো সহজলভ্যা, অ্যাভেইলেবল তোমার কাছে। তাই পৃথিবীর সবাই তোমার কাছে অনেক বেশি গুরুত্বের। এই শ্রদ্ধাঞ্জলীতে জানাই, তোমার ঋণ কখনোই শোধবার নই। শুধতে চাইও না। বরং আজীবন তোমার কাছে ঋণখেলাপীই থেকে যেতে চাই। তুমি ও তোমার নিরব ভালোবাসার কাছে]
অবিরাম ঠকাই তারে পুরুষালী চালে। এবং বোলে;
'তোমাকে শক্ত হতে হবে নারী, যোদ্ধা হতে হবে
সবল শরীর শুধু নয়, সবল মনও চাই যে'!
শীলনটা ঠিকঠাক করে, অন্য পুরুষেতে
তারা বিচলিত ও বিপন্ন ঠিকরানো বিভাতে।
সুদীপ্তা সে নারী আমাতেই বিপন্না বারবার
আমি ও আমার পুরুষালী চালে, বোলে
মায়াবতী সে নারী আমাতেই লাঞ্ছিতা বারবার
আমি ও আমার পুরুষালী চালে, বোলে
আমি ষোলআনা শুষে নিই প্রবল-প্রতাপে
অধিকারবোধ কিসের? না সে জানে, না আমি
শুধু আমি ও আমার পুরুষালী চালে
সে বিপন্না-লাঞ্ছিতা বারবার। এবং বোলে
অথচ ভিন্ন তেপান্তরে
আমার গমন অন্য পরে
তবু সে অপেক্ষা করে,
উপেক্ষা উপেক্ষা করে;
যদি মন ফেরে!
ভিন নারীর ভালোবাসার গল্প শুনে
রাত এবং দিন কাটে তার,
উপেক্ষায়, প্রতীক্ষায়
যদি মন ফেরে!
হতাশা কী ছোঁয় না এই সর্বংসহাকে!
উপেক্ষা কি পোড়ায় না এই তুমুল বেহায়াকে!
কেন ফিরে ফিরে ঝাপায় সে
ভুল দীপের ফাঁদে!
জ্বলে পুড়ে ছাই হয়, রাত জাগা রোদনে
অজানা অধিকার বোধ, আমার শোষণে
ছাই হয়, জ্বলে পুড়ে, কাঁদে
তবু ঝাপায় বারবার, ফাঁদে
উপভোগ করি আমি এই জালিয়াতি
মন নিয়ে চালাক চালিয়াতি
তবুও দিনরাত, ঠকে সে অবিরাম
আমার পুরুষালী চালে, এবং বোলে
আমার কী আসে যায় তাতে!
কিছু কি আসে যায় তার বেদনাতে?
শুধু জানি বিপন্ন আমার নিরাপদ ঠাঁই আছে একখানা
শীতে জুবুথুবু হলেও অপেক্ষায় গরম বিছানা
তুমুল খিদেয় আছে পরম যত্নে সাজা থাল-বাটি
শোকে ও সন্তাপে ভালোবাসার দুর্ভেদ্য ঘাটি
তবু সে বিপন্না বারবার, লাঞ্ছিতা
আমি ও আমার পুরুষালী চালে, এবং বোলে
পরম মমতায় সে সব সয়ে যায়
প্রগাঢ় ভালোবাসায় সে সব ভুলে যায়
সয়ে যায়, ভুলে যায়; আর ঠকে বারবার
আমি ও আমার পুরুষালী চালে, বোলে।।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


