তুমি কি জানো?
আমার কি মনে হয় জানো? তুমি জানো না। তুমি কখনো জানতে না। কথনো জানবেও না। আমার দুর্ভাগ্য তোমার জানার সব পথ মসৃণ হাতে বন্ধ করে দিয়েছে।
আমি কল্পনা করি, তুমি জানো? কল্পনা করি আমি খালি পায়ে হেটে যাচ্ছি ভেজা সবুজ ঘাসের ওপর দিয়ে। মাথার ওপর আকাশ নিজেকে দুটি রঙে সাজিয়েছে। আকাশের এক অংশে সূর্য উকি দিচ্ছে তার সোনালি রোদ নিয়ে। আর এক অংশে অল্প কিছু কালো মেঘ।
নরম ঘাসের ওপর দিয়ে হেটে হেটে আমি সবুজ আর পাথরে ঘেরা পাহাড়টায় উঠি। একেবারে চূড়োতে। ওই চূড়োতে উঠলে কি দেখা যায় জানো? ওমা। কি বোকা আমি। তুমি জানবে কি করে? আমি নিজেই তো জানার পথ বন্ধ করে দিয়েছি!
ঠিক আছে। আমিই বলছি। চূড়ার ওপর দাড়ালে চোখে পড়ে সুবিশাল সমুদ্র। আকাশ কালো করে থাকা অল্প কিছু মেঘ জড়ো হয়ে নামায় বৃষ্টি। তার মাঝে থাকে সোনালি রোদ। আমি বুভুক্ষের মতো দাড়িয়ে দাড়িয়ে দেখি।আকাশের বুকে দেখা দেয় রংধনু।
হঠাৎ করে থেমে যায় বৃষ্টি। চকচকে রোদে ভরে যায় চারপাশ।তারপর কি হয় জানো? সমস্ত পৃথিবী ঢেকে যায় শুভ্র তুষারে। অবাক হচ্ছ? তুষার কোথ্থেকে এল ভেবে? মানুষের কল্পনায় কি না হয়? কোথায় জানি সমুদ্র হারিয়ে যায়! ভাবছ সমুদ্র হারায় কি করে? আমার কল্পনাতে হারায়। আমার কল্পনাতে সব হয়।
কিন্তু আমি তবু এক পাহাড় চূড়ায় ঠায় দাড়িয়ে থাকি। যেখানে সমুদ্র ছিল, সেখানে কিছু গাছপালা আর সমতল ভূমি আছে এখন। সেখানে....সেখানে...হঠাৎ কি দেখি জানো????
তুমি সত্যিই জানো না? এটা কিন্তু তোমার জানার কথা ছিল! আমি দেখি সাদা ধবধবে পোশাকে স্বর্গীয় এক অপ্সরী আকাশের দিকে তাকিয়ে দাড়িয়ে থাকে।
আমি চূড়া থেকে নেমে সেই স্বর্গীয় দেবীর কাছে যাই এক পা এক পা করে। তার মুখখানি ভালো করে লক্ষ্য করি আমি। আমার কল্পনা-বাস্তবতা-অস্তিত্ব সব এক হয়ে যায় তোমাকে দেখে!
তুমি ভাবছ তোমাকে দেখলাম কি করে? আরে, তুমিইতো সেই স্বর্গীয় অপ্সরী। স্বর্গের এক পরী! আমি দু চোখ ভরে তোমাকে দেখি। তোমার হাসি দেখি। তোমার নিস্পাপ মুখখানি দেখি।
তুমি জানো? আমি কল্পনা করি, তুমি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছ। অনুভব করছ আমার প্রতিটি হৃদস্পন্দন। কি আশ্চর্য রকমের বাস্তব সেই অনুভূতি! আমার দু চোখ বেয়ে জল গড়িয়ে নামে। কেন জান? অনেক বেশী সুখের মাঝে এক ধরণের কষ্ট থাকে। আমি সেই কষ্টকে অনুভব করি।
অনেক বেশী করে।
আমি জানি, তোমাকে আমি পাব না। তুমি ঘূণাক্ষরেও ভাবতে পার না আমি তোমাকে নিয়ে কি কল্পনা করি। বাস্তবে তুমি আমার কাছে না থাকলেও, আমার মনের কল্পনাতে তুমি আমার কাছে সবসময় থাকবে।
হিমালয়ের পাদদেশে, কোন এক স্বর্গের অপ্সরী হয়ে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


