ছুটে আসে হীরকদ্যুতির বিচ্ছুরণ__ আমাদের ব্যক্তিগত চোখে; আর থাকে
অসম্ভব নির্লিপ্ত ভঙ্গিমা তার চোখের জাদুতে___ তাকে এক সহজাত
অহমিকা ভেবে, যন্ত্রণায়___ নিরিবিলি বিষণ্ণতা এসে___ নষ্ট হলো
অনেক কবিতামগ্ন স্বপ্নপ্রহর; নষ্ট হলো কবিতার দিন। জীবিতের সাথে
বহু গল্প হলো মৃতদের নিয়ে___ গামর ধানের ক্ষেতে কত কত
ব্যাঙডাকা ভোর___ প্রাথমিক বিদ্যালয় পার হলে নিয়মিত আখবন,
তারপাশে সারি সারি অই তো কবর! কবরে কবরে জাগে ঘাস___
কবরে কবরে জাগে জীবনের স্মৃতি ... এইসব মিহিকথা, কোনদিনও
রূপসীর কানে কানে বলাই হলো না___ শুধু তার ত্বকের লাবণ্য থেকে
ঠিকরে বাহিরে এলো বিদ্যুতের লোভবিচ্ছুরণ; আর আমাদের
শহরে স্থাপিত এই গ্রামময় চোখগুলি___ হারালো সাবেক মসৃণতা___
রূপসীর বাস্তবিকই বয়স থাকে না; ফলে, বয়স ও গঠনশৈলীভেদ
নির্লিপ্ত মার্বেল চোখে হেঁটে গেল সারিবদ্ধ, কবরের পাশ দিয়ে
মুখরসন্ধ্যায়; জীবনের গল্প তাতে দীর্ঘ হলো, সমগ্রতা পেলো___
শুধু এক ব্যক্তিগত কবরের পাশে আজও শ্বেতকাঞ্চনের গাছ
ফুটে থাকা নৈঃশব্দ্যে___ গাঢ় হলো অন্তর্গত অশ্রুর আওয়াজ___
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



