অবশ্য সিদ্ধান্তটা আরো আগেই নেওয়া যেতো। কিন্তু তখনো গল্পের নায়িকার মনস্তত্ত্ব নির্ধারন করা যায় নি বলে এই অহেতুক দেরী। ফলে গল্পের নায়ক প্রথম থেকেই কিঞ্চিত বিরক্ত আমার উপর- আমি- অর্থৎ এই গল্পের লেখক। বিরক্ত হবেই না কেন? বিয়ে সংক্রান্ত ব্যপারে কার’ই বা দেরী সহ্য হয়!
আমি আসলে বুঝে উঠতে পারিনি। নতুন তো। পাত্রপাত্রীর বিয়ে পূর্ব দেখাদেখির ব্যবস্থা ট্রেডিশনাল ওয়েতে করবো, না আকস্মিক কোন প্রক্রিয়ায় করবো- এটা নিয়ে একটু সময় নিচ্ছিলাম। দু’যায়গাতে দুইরকম সমস্যা। ট্রেডিশনাল ওয়েতে দেখা করাতে গেলে আরো কিছু চরিত্রের (মামা, চাচা, এরকম মুরব্বী স্থানীয় চরিত্র) সৃষ্টি করতে হবে; ছোট্ট একটা ঘটনার জন্য বাড়তি কিছু সাময়িক চরিত্র সৃষ্টির পক্ষপাতি নই আমি। আবার আকস্মিক কোন ভাবে যদি দেখা করাই তবে আরো ঝামেলা। যেহেতু এখনো নায়িকার মনস্তত্ত্ব ঠিক করিনি। ফলে এটা করতে গেলে আরো কিছুটা সময়ের প্রয়োজন। আমি কিছুটা সময় নিতেও চেয়েছিলাম; কিন্তু এতদূর এসে, বিশেষ করে এরকম একটা মুহূর্তে এসে হঠাৎ বিরতি আমার গল্পের নায়ক ভালো চোখে দেখেনি। খানিকটা শ্লেষ নিয়ে সে বলেই ফেললো: ভাই, আপনার আর গল্পটল্প লিখে কাজ নেই। বরং এসব বাদ দিয়ে ঐ ফিনফিনে কবিতাই লেখেন। এটা আপনার কাজ নয়।
কিছুটা অপমানিত হলেও গল্পটা পুনরায় লেখা শুরু করলাম। কি আর করা। চরিত্রটা তো আমি তৈরী করেছি। এরকম ঠোঁটকাটা স্বভাবতো আমি ঠিক করে দিয়েছি। তখন কি আর ভেবেছিলাম বিষয়টি বুমেরাং হবে।
তার আগে পাঠকদের গল্পের শুরুর দিকটা একটু বলে নেই। গল্পের চরিত্র মুলত চারটি। নায়ক নায়িকাই মুখ্য। বাকী দুই সহায়ক হিসাবে আনতে হয়েছে।
এ গল্পের নায়ক আগেই বলেছি বেশ ঠোঁটকাটা স্বভাবের, ভদ্র কথায় স্পষ্টবাদী; লেখাপড়ায় বিশেষ সুবিধা করতে না পেরে সম্প্রতি আঁতেলের খাতায় নাম লিখিয়েছে। বয়স পাঁচিশের মতো। দেখতে শুনতে মোটামুটি চলনসই- নিজেকে অজ্ঞেয়বাদী বলে দাবী করে। থাকে কুমিল্লা জেলার কান্দির পাড়ে বাপের হোটেলে।
আমাদের নায়িকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পড়াশুনা করে। গত দুই বছর ধরে প্রীতিলতা হলের ২১৪ নং রূমের বাসিন্দা। অন্যান্য তথ্য এখন পর্যন্ত অজ্ঞাত। বাকী দুই জন সম্পর্কে যথা সময়ে জেনে যাবেন।
গল্পের শুরুর দিকটা এরকম:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট কবি নির্ঝর সম্পাদিত জলপত্রে এ গল্পের নায়ক এক্টু লেখালেখি করে। সে সুত্র ধরেই নায়িকার সাথে নায়কের যোগাযোগ স্থাপিত হয়। সে জন্য অবশ্য আমাকে নির্ঝরের একজন প্রেমিকার চরিত্র তৈরী করতে হয় যে কিনা নায়িকার রূমমেট। গল্পের নায়কের যে কবিতাটি পড়ে নায়িকা প্রেমে তরল হয়ে ওঠে, সেটি ছাপা হয় ’জলপত্র’ ১৪ ফেব্রুয়ারি, ২০০৮ সংখ্যায়। কবিতাটির চুম্বক অংশ...
তোমার ইচ্ছেরা জেগে আছে অরণ্যে
মৌয়ালের বাঁশের ঝাঁপির
চারপাশে উড়ন্ত মধুকীটের বিদ্রোহে;
এবং সব অবসন্ন চিত্রকরের অবিন্যস্ত সময়ে
তোমার ইচ্ছেরা পর্যুদস্ত গোয়ের্নিকো
আর ঝুটিঅলা বালিকার গুন গুন গান যেন
...
অপরাপর সাধারন গল্পের মতোই এ গল্পেও নায়িকা কবিতা পড়ে যথারীতি টালমাটাল। এবং বান্ধবীর মাধ্যমে সে গল্পের নায়কের মোবাইল নাম্বার সংগ্রহ করে। একদিন সাহস করে ফোন দ্যায়। সাদামাটা কয়েকটি কথা হয়। কিন্তু নায়িকা আবেগে টইটুম্বুর।
নায়িকা: হ্যালো, আপনি কি ... বলছেন?
নায়ক: হুম, বলছি
নায়িকা: আপনার কবিতা ভালো লাগে
নায়ক: আপনি কে বলছেন?
নায়িকা: আমি আপনার একজন ভক্ত; আপনার কন্ঠ খুব সুন্দর
(উল্লেখ্য, আমাদের নায়কের কন্ঠ আসলেই সুন্দর, আবৃত্তি-টাবৃত্তি করে তো)
নায়ক কিছুটা উল্লাসিত হয়। কিছু বলে না। পুনরায়-
নায়িকা: আমি যদি আপনাকে মাঝে মাঝে ফোন করি, আপনি কি বিরক্ত হবেন?
নায়ক: (এবার কিছুটা ভাব নিয়ে) দেখেন আপনি যদি পয়সা খরচ করে ফোন করতে পারেন, তাতে আমার বিশেষ অসুবিধা নেই। তবে বিরক্ত হবো কিনা তাতো আগেই বলা যায় না...
নায়িকা কিছুটা অপ্রস্তুত হয়। আচ্ছা, রাখি। ভালো থাকবেন।
এই ছিল তাদের মধ্যকার প্রথম কথাবার্তা। এ ঘটনার পর যথারীতি ফোনালাপ চলতে থাকে। উভয়েই মোবাইল কোম্পানীর F&F প্যাকেজের আওতায় এসে পড়ে। সে কাহিনী লেখার দর্কার নেই। দক্ষ পাঠক নিজ দায়িত্বে বুঝে নিবেন। আচ্ছা ঠিকাছে; তাদের প্রপোজ সংক্রান্ত সংলাপটাও জানিয়ে দিই।
১৮ জুন। সালটা গোপন থাক। রাত ২.০০টার মতো:
নায়িকা এটা সেটার ফাঁকে নিজের বিভিন্ন কথাও বলে। যেমন, কোন ছেলে কিভাবে তাকে প্রপোজ করেছে; কে কি বলেছে। একে একে রাসেল, বাদল, সৈকত, ফারুকের প্রপোজ দেয়ার কাহিনি আসে।
নায়িকা: আচ্ছা, আপনাকে কেউ প্রপোজ করেনি? (সম্বোধনটা তখনো আপনিতে আছে)
নায়ক: না, সেরকম কেউ করেনি।
নায়িকা: আপনি করেছেন? স্যরি, প্রশ্নটা ব্যক্তিগত হয়ে গেছে বোধহয়। ...
নায়ক: না, ঠিক আছে। (একটু ভাব নেয়)
নায়িকা: আমার কিন্তু কারো প্রেম করতে ইচ্ছে করছে।
নায়ক: (বুকের ভিতর জ্বালা অনুভব করে) করেন;
নায়িকা: কিন্তু কার সাথে করবো?
নায়ক: যারা আপনাকে প্রপোজ করেছে; তাদের মধ্যে যাকে আপনারও ভালো লাগে
নায়িকা: না ... (কন্ঠে এক ধরনে অনিশ্চয়তা)
নায়ক: তবে!
নায়িকা: আমি কবির সাথে প্রেম করতে চাই
নায়ক স্তম্ভিত হয়ে যায়। জীবনে এই প্রথম প্রেম প্রস্তাব পায়। সে ভেবেছিল নায়িকা অন্য কাউকে পছন্দ করে সে কথাই শেয়ার করছে। কী বলবে বুঝতে পারে না। ...
এভাবে সংলাপ এগুতে থাকে। এবং আনুষ্ঠানিক ভাবে তারা প্রনয়ে আবদ্ধ হয়। এখানে একটি কথা বলা হয়নি, তখনো কিন্তু গল্পের নায়ক নায়িকার দেখা হয়নি। এমনকি কেউ কারো ছবিও দেখেনি। এভাবে প্রথম ফোনালাপের তের দিনের মাথায় এ গল্পে নায়ক নায়িকার প্রনয় চুড়ান্ত হয়।
গল্পটা মোটামুটি এরকম ভাবে শুরু করেছিলাম।
(পরবর্তি পর্বে সমাপ্য)
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



