রাজধানীর খিলগাঁওয়ে ডাকাত সন্দেহে তিন যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন। তাকে পুলিশ পাহারায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে নিহতদের আত্মীয়-স্বজনদের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে তাদের পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতরা হলো- মোঃ রাসেল (২৮), মোঃ লিয়াকত (৩২) ও মোঃ রফিকুল ইসলাম ওরফে রফিক (৩২)।
খিলগাঁও পুলিশ বলছে, এরা পেশাদার ডাকাত দলের সদস্য। গতকাল ভোরে বালু নদীতে ট্রলার চড়ে অন্য একটি ট্রলারে ডাকাতি করে পালানোর সময় স্থানীয় এলাকাবাসী তাদের ধরে ফেলে। এ সময় উত্তেজিত জনতার পিটুনিতে তিন ডাকাতের মৃত্যু হয়। ক্ষুব্ধ লোকজন এ সময় ডাকাতদের ব্যবহৃত ট্রলারটিতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় ট্রলার মালিক হাজী আবদুল হাই বাদি হয়ে মামলা করেছেন। নিহত রাসেল, লিয়াকত ও রফিক এবং আহত সালাউদ্দিন ছাড়াও আরো ৪ জন ডাকাতির সঙ্গে জড়িত ছিল বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। মামলায় গণপিটুনিতে গুরুতর আহত মোঃ সালাউদ্দিনকে (২৭) গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশ অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছে।
পুলিশ বলছে, সালাউদ্দিন কিছুটা সুস্থ হয়ে উঠলে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। খিলগাঁও থানার ডিউটি অফিসার সাব-ইন্সপেক্টর রমজান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ধারালো দা উদ্ধার করেছে। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত পুড়িয়ে দেয়া ট্রলারও জব্দ করা হয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


