দেশ থেকে অনেক অনেক দূরে আছি, শত সহস্র মাইল দূরে। অনেকটা দিন পেরিয়ে গেছে কিন্তু আসি আসি করেও আর দেশে ফেরা হয়নি এই ছেলেটার। শুনেছি দেশ নাকি বদলে গেছে, তার চেয়েও অনেক বেশী বদলে গেছে দেশের মানুষগুলো। কিন্তু বুকের ভেতরের এই আমি তো বদলে যাইনি! আমার ভালোবাসাও বদলে যায়নি!
দশ বছর আগে দেখা কোন ভীষণ সুন্দর তরুনীর মতো আমার বাংলা আজও চির যৌবনবতী, মায়াবী আর রুপসী অন্তত আমার বুকের ভেতরাটাতে তুমি চিরটাকাল তেমনই থাকবে। মনে পড়ে চিরচেনা পথ-ঘাট, ছুটে চলা দুরন্ত আমার মোটরসাইকেল আর আমি। ঢাকা শহরের অলি-গলি চষে বেড়ানো আমি আজ যেন ঢাকাকে চিনতেই পারিনা। ছবিতে দেখে মনে হয় কোন নতুন শহর দেখছি। তুমি অনেকটাই বদলে গেছ প্রিয়তমা ঢাকা। তোমার কি মনে পড়ে তোমার এই সন্তানের কথা? আজ কতটা দিন তুমি আমায় আর আমি তোমায় দেখিনি। আমার মায়ের মতো করেই তুমিও কি আমায় ভীষণ মিস করো? হয়তো করোনা। তোমার অনেক সন্তানের ভীড়ে হয়তো আমায় ভুলেই গেছো।
আমি কিন্তু ভুলে যাইনি। ঠিক দশটা বছর ধরেই এই পত্রিকা, সেই পত্রিকার পাতায় তোমায় খুঁজেছি নতুন নতুন ছবিতে। প্রভাত ফেরী, একুশে, নববর্ষ এলেই তোমার ছবিগুলো গুগলে খুঁজি, ফেসবুক, টুইটারে তন্ন তন্ন করি তোমার নতুন কোন রূপ দেখবো বলে! তুমি কি বুঝতে পারো? আজ নিউ ইয়র্কে বৃষ্টি হচ্ছে। অবশ্য তোমার মতো করে এখানে বৃষ্টি হয়না। আজ অনেক অনেকদিন পর বাজের শব্দ পেলাম, বিদ্যুৎ চমকালো কিন্তু তোমার মতো যেন আর কেউ নেই।
জীবনের প্রয়োজনে তোমার সন্তান তোমাকে ছেড়ে দূরে আছে বৈকি! কিন্তু একদিন তোমার ছেলে, তোমার সোনার ছেলে হয়েই দেশে ফিরবে। এ আমার তোমাকে দেয়া প্রথম আর শেষ প্রতিশ্রুতি।।
বিঃদ্রঃ ভীষণ ভালোবাসি বাংলাদেশকে, মিস করি তার চেয়েও অনেক অনেক বেশী। কিছুটা আবেগী হয়েই হয়তো লিখে ফিলেছি কিছু কথা। মা'কে ভালোবাসা প্রকাশ করার সঠিক কোন ভাষা আমার জানা নেই। হয়তো কথাগুলো অনেকটাই এলোমেলো। আশা করছি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

