প্রতিমন্ত্রী হাছান মাহমুদের হুমকি ও প্রধানমন্ত্রীর এপিএস'র হামলা :
গত এক সপ্তায় শীর্ষ নিউজ ডটকম ও সাপ্তাহিক শীর্ষ কাগজ দু'টো আক্রমণ ও হয়রানির মুখে পড়েছে। প্রথমত, প্রধানমন্ত্রীর এপিএস খাইরুল ইসলামের অনিয়ম ও নারী সংক্রান্ত অপকর্মের খবর ছাপা হওয়ায় তিনি বেপরোয়া হয়ে উঠেন। এর জের হিসেবে শীর্ষ নিউজ ডটকম ও শীর্ষ কাগজ সম্পাদকের ওপর লেলিয়ে দেন সন্ত্রাসী বাহিনী। তার এই লেলিয়ে দেয়া বাহিনী সম্পাদকের ওপর এক দফায় হামলারও চেষ্টা চালায়। যেহেতু সম্পাদক মো. একরামুল হক আগে থেকেই বিষয়টি অাঁচ করতে পেরেছিলেন, তাই নিশ্চিত হামলার হাত থেকে কোনরকমে বেঁচে যান।
এরপরই হুমকি আসে পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদের দিক থেকে। সাপ্তাহিক শীর্ষ কাগজের বিগত সংখ্যার প্রচ্ছদ প্রতিবেদন ছিলো পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং এর অধীন কর্মকা- নিয়ে। এতে ড. হাছান মাহমুদের অনেক অনিয়মের তথ্য বেরিয়ে আসে। এতে তিনি অত্যন্ত ক্ষুব্ধ হন। নানাভাবে হুমকি দিতে থাকেন সম্পাদক মো. একরামুল হককে। এমনকি এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারি গোয়েন্দা সংস্থাগুলোর নামও ব্যবহার করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রধানমন্ত্রীর এপিএস এবং প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ- উভয় দিক থেকেই হুমকি অব্যাহত ছিলো।
প্রধানমন্ত্রীর এপিএস'র হামলা
শীর্ষ নিউজ ডটকম ও শীর্ষ কাগজ সম্পাদক আগে থেকেই বিশেষ সূত্রে জানতে পারেন, তার উপর যে কোন সময় হামলা হতে পারে। তাকে হেনস্তা করার জন্য প্রধানমন্ত্রীর এপিএস একটি গ্রুপকে দায়িত্ব দিয়েছেন। এ গ্রুপের সদস্যরা সচিবালয়ে ও সচিবালয়ের বাইরে উভয় স্থানেই হামলা চালানোর চক্রান্ত করছে। এদের মধ্যে সচিবালয়েরও কয়েকজন কর্মচারী রয়েছেন, যারা বর্তমানে সচিবালয় বহুমুখী সমবায় সমিতির নেতৃত্ব দিচ্ছেন। এদের বহুমুখী সমবায় সমিতির পরিচালনার দায়িত্বে বসানোর নেপথ্যেও রয়েছেন খাইরুল ইসলাম। এ বিষয়ে জানতে পেরে তা নিশ্চিত হবার জন্য সম্পাদক একরামুল হক এপিএস খাইরুল ইসলামের কাছে ফোন দিলে তিনি দেখে নেবেন বলে হুমকি দিয়ে ফোন রেখে দেন।
গত ২৯ জুন দুপুর ২টার দিকে সম্পাদক মো. একরামুল হক সচিবালয়ের ৬ নম্বর ভবনস্থ ক্যান্টিনে বসা। এ সময় সম্পাদকের পূর্ব পরিচিত একজন এসে এই মর্মে খবর দিলেন যে, আপনার ওপর এখনই হামলা হতে পারে। আপনি এখানে আর বসবেন না। হামলা থেকে বাঁচতে হলে এক্ষুণি এখান থেকে চলে যান। পরে জানা গেলো, সত্যি সত্যিই সেদিন খাইরুল ইসলামের বাহিনীর হামলার পরিকল্পনা ছিলো। সম্পাদকের কাছে আগাম খবর পেঁৗছে যাবার কারণে তাদের সেই পরিকল্পনা ভেস্তে যায়।
এরপর গত ৩ জুলাই রোববার সচিবালয়ে বেলা ৩ টার দিকে সম্পাদক মো. একরামুল হকের উপর অতর্কিত ও পূর্বপরিকল্পিত হামলার চেষ্টা চালানো হয়। সচিবালয়ে ৬ নম্বর ভবনের দক্ষিণ পাশে (কাঁঠাল গাছ তলা) দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন সম্পাদক মো. একরামুল হক। এ সময় জনৈক মহিলা সম্পাদকের কাছে এসে উত্তেজিতভাবে বলতে থাকেন, 'আপনি প্রধানমন্ত্রীর এপিএস-কে নিয়ে খবর ছেপেছেন। তাকে নিয়ে মিথ্যা কথা লিখেছেন।' এ সময় আগে থেকেই ওঁৎ পেতে থাকা ১০ থেকে ১২ জনের একটি দল একরামুল হককে আঘাত করার জন্য তেড়ে আসে। এদের নেতৃত্বে ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের এমএলএসএস মোহাম্মদ আলী। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের আরও একজন কর্মচারী হিরন এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের এমদাদও এই দলে ছিলেন। এসময় কয়েকজন সাংবাদিক একরামুল হককে বাঁচাতে এগিয়ে আসেন। সম্পাদক নিকটে থাকা তার গাড়িতে উঠে দ্রুত ওই স্থান ত্যাগ করেন।
পরে জানা গেলো, ওই মহিলার নাম মেহেরুন নেসা। তিনি মহিলা বিষয়ক অধিদফতরের এমএলএসএস। মহিলা বিষয়ক অধিদফতরে তিনি একজন অত্যন্ত বিতর্কিত কর্মচারী হিসেবে পরিচিত। অনেক অপ্রীতিকর ঘটনা সেখানে তিনি ঘটিয়েছেন। তদন্তে প্রমাণিত হবার পর তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেয়া হয়, যদিও এখন পর্যন্ত তা কার্যকর করা যায়নি।
তার বিরুদ্ধে এমনও অভিযোগ রয়েছে যে, তিনি তরুণীদের বস্ন্যাকমেইল করে বিভিন্ন জায়গায় সরবরাহ করেন। সেই সূত্রেই নাকি প্রধানমন্ত্রীর এপিএস'র সঙ্গে তার সম্পর্ক হয়েছে। প্রধানমন্ত্রীর এপিএস খাইরুল ইসলাম শীর্ষ কাগজ সম্পাদককে ট্র্যাপে ফেলে নাজেহাল করার জন্যই এই মহিলাকে তার বাহিনীতে অন্তর্ভুক্ত করেছেন। সচিবালয় কর্মচারী নেতা আরজ আলীর বিরুদ্ধেও এই মহিলা এক ভুয়া নারী নির্র্যাতনের মামলা দায়ের করেছেন।
উল্লেখ্য, গত বছরের ২৬ মে জনৈকা মোসাম্মাৎ রেশমা বেগম নামে এক মহিলা সাপ্তাহিক শীর্ষ কাগজ ও শীর্ষ নিউজ ডটকম সম্পাদক মো. একরামুল হকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১ এ একটি মামলা করেন। আদালত তা ৩১ মে কাফরুল থানায় পাঠালে ওই দিনই সম্পাদকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ১১ (গ) ধারায় মামলা (মামলা নং-৭৮) নথিভুক্ত করা হয়। মূলত এ মামলার পেছনে ছিলো প্রধানমন্ত্রীর এপিএস খাইরুল ইসলাম মান্নান। আর সেই রেশমা বেগম ছিলো এপিএস'র দ্বিতীয় স্ত্রী।
এপিএস খাইরুল ইসলাম মান্নান এবং তার দ্বিতীয় স্ত্রী রেশমা বেগমকে নিয়ে সাপ্তাহিক শীর্ষ কাগজের গত ৬ জুন সংখ্যায় একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। 'সেই রেশমা বেগমের খোঁজ অবশেষে পাওয়া গেল' শীর্ষক এই প্রতিবেদনটি প্রকাশের পর বিভিন্ন মহলে তোলপাড় শুরু হয়। বিশেষ করে সরকারি মহলে এ নিয়ে সৃষ্টি হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। এরপর ২০ জুন প্রকাশিত হয় 'প্রধানমন্ত্রীর এপিএস এবং সেই রেশমা বেগমের কাহিনী নিয়ে তোলপাড়'।
যৌতুক দাবি, শারীরিক নির্যাতনসহ নানা মিথ্যা তথ্য দিয়ে সাজানো সম্পাদকের বিরুদ্ধে ভুতুড়ে মামলার বাদিনী রেশমা বেগমকে পুলিশ বা শীর্ষ কাগজ কর্তৃপক্ষ একবারের জন্যও দেখেননি। এমনকি ভুয়া ঠিকানার এই মহিলার হদিসও কেউ খুঁজে পায়নি দীর্ঘদিন। তাই মনে করা হচ্ছিল, হয়তো এই নামের কোন মহিলা আদতেই নেই।
পুলিশি তদন্তে অভিযোগটি সাজানো ও মিথ্যা প্রমাণিত হয়। পুলিশের চূড়ান্ত রিপোর্টের পরই আদালত মামলার বাদী এবং তার আইনজীবীকে বক্তব্য নেয়ার জন্য নোটিশ দেয়। কিন্তু মামলার বাদী এবং তার আইনজীবীকে খুঁজে পাওয়া যায়নি। পুলিশ তদন্ত প্রতিবেদনে বিবাদীকে মামলা থেকে অব্যাহতি দানের সুপারিশ করে। এরই প্রেক্ষিতে আদালত শীর্ষ কাগজ সম্পাদককে মামলা থেকে অব্যাহতি দেয়।
কিন্তু শেষ পর্যন্ত খোঁজ মেলে এই রহস্যময়ীর। রহস্যের জাল ভেদ করে দেখা যায় এর পেছনে আসলে কলকাঠি নাড়ছেন প্রধানমন্ত্রীর এপিএস খাইরুল ইসলাম মান্নান। তারই দ্বিতীয় স্ত্রী এই রেশমা বেগম। মামলায় বর্ণিত অভিযোগগুলো আসলে তার বিরুদ্ধেই ছিল রেশমা বেগমের। কিন্তু এপিএস খাইরুল শেষ পর্যন্ত এগুলো সম্পাদকের বিরুদ্ধে ব্যবহার করেন। দুর্নীতি ফাঁস করে দেয়ায় তখন ওরিয়ন গ্রুপও সম্পাদকের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত ছিলো। এপিএস খাইরুল ওরিয়ন ও একটি গোয়েন্দা সংস্থার সাথে হাত মিলিয়ে এ মামলাটি দায়ের করেন। কারণ, সম্পাদকের ওপর তার ছিল বিশেষ ক্ষোভ এবং তার কেলেঙ্কারির ঘটনাটি শীর্ষ কাগজে ছাপা হবার ভয়ও ছিলো।
প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদের হুমকী
শীর্ষ কাগজের গত ৪ জুলাইর সংখ্যায় 'বন ও পরিবেশের বিপর্যস্ত পরিবেশ' শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হবার পর থেকে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ নিজে বিভিন্ন মাধ্যমে সম্পাদককে হুমকি দিয়ে যাচ্ছেন। তার এই হুমকিতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকারি গোয়েন্দা সংস্থাগুলোরও নাম ব্যবহার করছেন। এমনও বলছেন, সম্পাদক মো. একরামুল হকের বিরুদ্ধে নিপীড়নমূলক পদক্ষেপ গ্রহণের ব্যাপারে নাকি এদের সবারই গ্রিন সিগন্যাল পেয়ে গেছেন তিনি।
বস্তুত, শীর্ষ কাগজের ওই প্রতিবেদনটিতে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের বিভিন্ন দুর্নীতি ফুটে উঠেছে। যা সত্য এবং অনেকেরই অজানা। প্রতিবেদনে থলের বিড়াল বের হওয়াতে প্রতিমন্ত্রীর আসল রূপ জনগণের সামনে উন্মোচিত হয়েছে। তাই তিনি তার দুর্নীতি ঢাকতে সম্পাদককে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন।
৫ জুলাই রাতে সম্পাদক ঘুমে থাকা অবস্থায় একটি ফোন আসে সম্পাদকের ব্যবহৃত মোবাইল ফোনে। নাম্বার দেখে বোঝা যায়, ফোনটি বিদেশ থেকে এসেছে। ফোনের অপর প্রান্তের ব্যক্তিটি তার নাম ঠিকানা উল্লেখ না করে সরাসরি জিজ্ঞেস করেন, শীর্ষ কাগজে কেন এই ধরনের প্রতিবেদন ছাপানো হল? সম্পাদক তার নাম পরিচয় জানতে চাইলে তিনি দুর্ব্যবহার করতে থাকেন। এক পর্যায়ে সম্পাদক লাইন কেটে দেন। উল্লেখ্য, ৫ জুলাই হাছান মাহমুদ দেশের বাইরে ছিলেন। ফোনের কণ্ঠটি তার বলেই মনে হলো।
৬ জুলাই সকালে সরকারের উচ্চপদস্থ এক কর্মকর্তা (বিশেষ কারণে পরিচয় গোপন রাখা হল) সম্পাদককে ফোন করেন। তিনি প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ছাপানো প্রতিবেদনটি সম্পর্কে সম্পাদকের সাথে কথা বলেন। তিনি সম্পাদককে অনুরোধ করেন, আগামীতে যেন এর ফলো আপ প্রতিবেদন আর ছাপানো না হয়। এমনকি তিনি সম্পাদককে অনুরোধ করেন, পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং প্রতিমন্ত্রী সম্পর্কিত প্রকাশিত প্রতিবেদনের বিরুদ্ধে প্রতিমন্ত্রী একটি প্রতিবাদ পাঠাবেন, এটি যাতে হুবহু ছাপিয়ে দেয়া হয়।
৬ জুলাই বিকেলের দিকে সম্পাদককে ফোন করেন লেখক ও সাবেক জেলা জজ ইকতেদার আহমেদ। তিনি সম্পাদককে জিজ্ঞেস করেন, আপনি অফিসের বাইরে কিনা? অফিসে আসলে আমার সঙ্গে কথা বলবেন। জরুরি কথা আছে।
সম্পাদক অফিসে আসতে না আসতেই ফোন পান বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব মনজুরুল হান্নান খানের। ফোন করে তিনি সম্পাদককে বলেন, প্রতিমন্ত্রী তাকে দায়িত্ব দিয়েছেন সম্পাদকের সাথে কথা বলার জন্য। উপসচিব শীর্ষ কাগজের প্রতিবেদনটি নিয়েই কথা বলেন। তিনি বলেন, প্রতিমন্ত্রীর নির্দেশে এই প্রতিবেদনের বিষয়ে মন্ত্রণালয় থেকে একটি প্রতিবাদ দেয়া হবে। সম্পাদক তাকে প্রতিবাদ পাঠাতে বলেন। কিন্তু উপসচিব প্রতিবাদ ছাপানোর ব্যাপারে অনৈতিক এবং অগ্রহণযোগ্য শর্ত জুড়ে দেন, যা সংবাদপত্রের নিয়মের বাইরে। তিনি সম্পাদককে বলেন, প্রতিবাদটি প্রতিবেদকের বক্তব্য ছাড়া হুবহু ছাপিয়ে দিতে হবে। সম্পাদক তাকে বলেন, এটা নিয়মের বাইরে। আমার পক্ষে আপনাদের এই অনুরোধ মানা সম্ভব নয়।
এরই মধ্যে ইকতেদার আহমেদ ফোন করেন। তিনিও ফোন করে একই প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, হাছান মাহমুদ তাকে অনুরোধ করেছেন আর যেন শীর্ষ কাগজে এধরনের প্রতিবেদন ছাপানো না হয়। তিনিও বলেন, প্রতিমন্ত্রী একটি প্রতিবাদ পাঠাবেন। সেটি যেন শীর্ষ কাগজের বক্তব্য ছাড়াই হুবহু ছাপা হয়।
৭ জুলাই সন্ধ্যার আগ মুহূর্তে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপসচিব মনজুরুল হান্নান খান সম্পাদককে ফোন করেন। তিনি সম্পাদককে বলেন, আপনার অফিসে এখনি একটি প্রতিবাদ পাঠানো হয়েছে, পেয়েছেন কিনা। সম্পাদক বলেন, না পাইনি। তিনি সম্পাদককে প্রতিবাদটি খুঁজে দেখার অনুরোধ করেন। সম্পাদক তাকে বলেন, প্রতিবাদ পাঠাতে দেরি করে ফেলেছেন, আজতো সপ্তা'র শেষ ওয়াকির্ং ডে। আরো অন্তত একদিন আগে পাঠানো উচিত ছিল। আগে পাঠাননি কেন? উত্তরে উপসচিব বলেন, স্যার দেশের বাইরে থাকায় একটু বিলম্ব হয়েছে। তিনি প্রতিবাদটি হুবহু ছাপানোর জন্য আবারো অনুরোধ করেন। সম্পাদক তার অনুরোধের বিপরীতে বলেন, হুবহু ছাপানো হবে, কিন্তু প্রতিবেদকের বক্তব্য সাথে যাবে। উপসচিব বলেন, প্রতিমন্ত্রী মহোদয় আপনাদের প্রতিবেদকের বক্তব্য না দেয়ার জন্য বলেছেন। তখন সম্পাদক তাকে বলেন, এটা অনৈতিক আবদার। রক্ষা করা সম্ভব নয়।
উপসচিবের সাথে কথা শেষ হওয়ার একটু পরই প্রতিমন্ত্রীর পিএস রফিক আহমেদ সম্পাদককে ফোন করেন। ফোন করে তিনিও একই আবদার করেন. প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন, আপনাদের কোন বক্তব্য ছাড়া যাতে প্রতিবাদটা হুবহু ছাপা হয়। সম্পাদক বলেন, আপনাদের এ বক্তব্য অনৈতিক। মানা সম্ভব নয়। পিএস রফিক আহমেদ ফোন রেখে দেন। কয়েক মিনিট পর তিনি আবারও ফোন করেন। এবার কিছুটা হুমকির সুরে সম্পাদককে বলেন, প্রতিবাদটি আপনাদের কোন বক্তব্য ছাড়াই হুবহু ছাপানোর ব্যবস্থা করতে হবে। তা না হলে, প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন, পরিণতি খারাপ হবে। প্রতিমন্ত্রী এ বিষয়টি নিয়ে উপরের মহলে ইতিমধ্যেই কথা বলেছেন।
সম্পাদক তার উত্তরে বলেন, হ্যাঁ, আমি তা শুনেছি। আপনার স্যার নাকি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। পিএস তখন আরো বলেন, স্যার শুধু প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীই নয় ডিজিএফআই এবং এনএসআই'র সাথেও কথা বলেছেন। স্যারের কথা না শুনলে ব্যবস্থা নেয়া হবে। প্রতিমন্ত্রীর পিএস সম্পাদককে আরো বলেন, প্রধানমন্ত্রী আপনার উপর ক্ষুব্ধ। আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রধানমন্ত্রী গ্রিন সিগন্যাল দিয়ে রেখেছেন। তিনি বলেন, শীর্ষ কাগজের গত ২৭ জুনের সংখ্যায় 'সরকার বিরোধী ইস্যুর পাল্লা ভারী হচ্ছে' শিরোনামের প্রতিবেদনে প্রধানমন্ত্রী ক্ষুব্ধ হয়েছেন। প্রধানমন্ত্রী আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। স্যারের কথা না শুনলে যে কোনো সময় আপনি গ্রেফতার হবেন।
পিএস'র এই কথার জবাবে সম্পাদক তাকে স্পষ্ট জানিয়ে দেন, এ ধরনের অন্যায়ের কাছে আমি মাথা নত করতে শিখিনি। আমরা যে প্রতিবেদন ছাপিয়েছি তা তথ্যভিত্তিক এবং বস্তুনিষ্ঠ। বস্তুত সরকারের ক্ষতির জন্য এই প্রতিবেদন ছাপানো হয়নি। সরকারকে সচেতন করা এবং নিশ্চিত ভরাডুবির হাত থেকে রক্ষার জন্যই আমাদের এই প্রচেষ্টা। এতে যদি প্রধানমন্ত্রী আমাদের ভুল বুঝেন তাহলে আমাদের দুঃখ প্রকাশ ছাড়া আর কিছুই করার নেই। সম্পাদক প্রতিমন্ত্রীর পিএসকে আরো বলেন, গত চারদলীয় জোট সরকারের আমলেও শীর্ষ কাগজ ও এর সম্পাদক চরম অত্যাচার, নির্যাতন এবং দমন-নিপীড়ন সহ্য করেছে। শীর্ষ কাগজে জোট সরকারের দুর্নীতিগ্রস্ত সচিব, প্রতিমন্ত্রী এবং মন্ত্রীদের বিরুদ্ধে বহু দুর্নীতির প্রতিবেদন ছাপানো হয়েছে। কামাল সিদ্দিকী, নাজমুল হুদা এবং তারেক রহমানসহ অনেক প্রভাবশালীর অনিয়মের খবর ফাঁস হয়েছে শীর্ষ কাগজের মাধ্যমে। এ কারণে আমাকে অনেক নির্যাতন, দমন-নিপীড়ন সহ্য করতে হয়েছে।
সম্পাদক পিএসকে বলেন, গত তত্ত্বাবধায়ক সরকারের আমলেও শীর্ষ কাগজ জেনারেল মতিনসহ অনেকের মুখোশ উন্মোচন করে দিয়েছে। তখনও হয়রানির শিকার হতে হয়েছে আমাকে। সুতরাং কোনো অবৈধ আবদারের কাছে আমি আপোষ করতে পারি না। তাছাড়া শীর্ষ কাগজ কোনো পর্যায়ের হুমকিতে মাথা নত করবে না।
গত ৮ জুলাই বেলা সোয়া তিনটার সময় সম্পাদকের মোবাইলে একটি কল আসে। এসময় ডিসপ্লে কোনো নম্বর শো হয়নি। শুধু মোবাইলের মনিটরে ইরেজিতে 'আননোন' লেখা উঠে। কলদাতা সম্পাদকের নাম বলে জানতে চান এটা কি একরামুল হকের নাম্বার? এরপর সে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় অশ্রাব্য গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে সম্পাদক লাইনটি কেটে দেন। এর পর পরই ০১৬৮০৮০৪৮৬৮ এয়ারটেল নাম্বার থেকে আর একটি কল আসে। একই কন্ঠ ও আঞ্চলিক ভাষায় আবারো গালিগালাজ করতে থাকে। সম্পাদক এবারো লাইনটি কেটে দেন। মনে করা হচ্ছে, এই প্রবণতা আরও চলতে থাকবে।
- বিশেষ প্রতিবেদক (নিউজটি শীর্ষ কাগজ থেকে নেওয়া)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

