কবি, আপনার স্বপ্নগুলোর চূড়ান্ত সীমানাটা
আমি এখান থেকেই পরিস্কার দেখতে পাই;
কাটাতারের বেড়া দিয়ে এর শেষ সীমা নির্দেশিত এবং
এ বেড়ার গায়ে লাল অক্ষরে স্পষ্ট ঘোষনা দেয়া আছে,
"অতিক্রমের চেষ্টা করলেই নিশ্চিত মৃত্যু।"
কবি, আপনার স্বপ্নগুলোর চূড়ান্ত সীমানাটা বড়ই অরক্ষিত এবং অবিশ্বস্ত
প্রায়ই দু'পাশের সীমানা প্রহরীদের মাঝে গুলাগুলির শব্দ শুনা যায়,
মৃত্যুর খবরও আসে এবং
ঠিক এই মুহুর্তে আপনি যদি কান পেতে থাকেন তবে
আপনি নিজেও গুলির শব্দ শুনতে পাবেন;
তবে আমি নিশ্চিত আপনি তা স্বীকার করবেন না।
কবি, স্বপ্নগুলোর এমন দুরবস্থা এবং নিশ্চিত অপমৃত্যু দেখেও
আপনি ক্ষণে ক্ষণে স্বপ্নের জন্ম দিয়ে যান,
নিরোধক দিয়েও আপনার এ জন্মক্ষমতাকে প্রতিরোধ করা যায় না
এবং এনিয়ে আপনি গর্বিত-
ভাবছেন জগতের জন্য অনেক কিছুই করছেন।
কিন্ত আমি জানি, এমন অপ্রাপ্ত স্বপ্নের জন্ম দিয়ে
আপনি জগততো দূরের কথা-
নিজের জন্যও কিছু করতে পারবেন না;
বড়জোর নোম্যানস ল্যান্ডে উদ্বাস্তু হতে পারবেন।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



