বুবু কয় -নাইয়র নিও সামনের শাওনে,
পাল তোলা নাওয়ের ভিতর থিকা দেখুম
বাপের ভিটা,সইয়ের আহ্লাদি জারুল গাছটা,
পুবপাড়ার আন্ধা পুষ্করিণির পাড়,
আজমত কাকার পুরান বাড়িডা
আর আমার মায়েরে।
বুবু বলেছিল মাকে তার খুব মনে পড়ে
নদীর পানিতে চাঁদটা যখন
দস্যি ছেলের মতন লুটোপুটি খায়
থেকে থেকে ছলাৎ ছলাৎ শব্দে
আবেশ তৈরি করে,
যখন জোনাক পোকারা ব্যস্ত হয়ে ওঠে,
পচা পাট আর ভেজা মাটির গন্ধ
মিলেমিশে যখন একাকার-
আসমানে চাঁনডা যেই রাইতে জ্বলজ্বল করে,
নদীর পানিডা যেই রাইতে দুধের মতন অয়,
হেই রাইতে আমি মায়েরে খোয়াব দেহি।
-------

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


