২৭ সেপ্টেম্বর, ২০০৯: রাত: ১১:২৫
ঘাসের গন্ধ গায়ে মেখে দাঁড়িয়ে আছে চারুমেয়ে;
তার রাত্রি জেগে আছে বুকের গহীনে জুঁই-চাঁপালীর ঝুপে।
আমরা আমাদের দিকে তাকিয়ে দেখি – তার অবয়ব
মধ্যরাতের পুরনো জীর্ন কোন গাড়ির হেড লাইটের হলুদ
আলোর মতন বিষন্ণতায় ডুবে ডুবে যাচ্ছে। আমাদের হাতেও রয়েছে
কিছু দিনার; কোন এক পানশালায় এক বোতল শরাব আর নির্লজ্জ রাতের মত কোন এক নারীর গোল পৃথিবী হাতে নিয়ে আমাদের ঈশ্বর হবার সুযোগও রয়েছে বেশ; কিন্তু আমাদের তার কথাই স্মরণ হয়- যদিও তার চুম্বনে আমাদের ঠোঁটে ক্ষয়- তার শরীরের তামাটে ঘ্রাণে মৃত্যু নেশা; তথাপি আমরা তার কথা ভুলে অন্য কোন পৃথিবীর ঈশ্বর হতে শিখিনি।
লেবুর শাদা ফুল, রক্তাভ তাজ গোলাপ, নেশা ভাঙ্গা রাতের চারপাশের নিস্তব্ধতা সাক্ষী তার পৃথিবীর খয়েরী বোটায় অঞ্জনলক্ষ্মী ধানের স্পর্শ লাগে নাই- তবু কোথাও কোন দূর নগরে একফালি চাঁদ কথা কয়ে উঠলে – আমাদের আর কোন নারী ভালো লাগে না।
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



