রাগ থেকে অনুরাগ হয়।
ঝগড়া থেকে কি হয়?
ঝগড়া থেকে একটা করে ফটোফ্রেম ভাঙ্গে আর আমাকে কেউ একজন ফেসবুকে বল্ক করা দেয়।
একটা সময় ছিলো ঝগড়ায় আমাদের অনেক ক্ষতি হতো। ভেঙ্গে ফেলা হতো কত কি? গ্লাস,প্লেট, ফুলদানী, মোবাইল। এখন অনেক ইকনোমিকাল হয়ে গেছি আমরা। ঝগড়ার পরে শুধু ফটোফ্রেম ভেঙ্গে যায়। তারপর আমাকে ফেসবুকে বল্ক করে দেওয়া হয়। “যুদ্ধের মধ্যগগনে সময় শুন্য হয়ে থাকে পৃথিবী”। ফরাসী কবির লেখা। (কবির নাম মনে নেই তবে অনুবাদকের নাম মনে আছে। অনুবাদক-সুনীল গঙ্গোপধ্যায়, বই-ছবির দেশে কবিতার দেশে।) ঝগড়ার ঠিক মাঝখানে সময় শুন্য হয়ে থাকে আমার পৃথিবী। আমি মনে মনে অপেক্ষা করি ফটোফ্রেম ভাঙ্গার শব্দের জন্য। ফটো ফ্রেম ভেঙ্গে পরার মানে হচ্ছে ঝগড়া থামার প্রথম লক্ষন। এর পরেই শুনতে হবে “ফেসবুক থেকে তোমাকে বল্ক করে দিয়েছি”। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে টিভি রুমে চলে যাই। ঝগড়া থেমে গেছে।ভোর হয়ে গেছে।
পরদিন সকালে আমাকে ফটোফ্রেমের দোকান খুজতে হয় আর দুপুর নাগাদ একটা মেয়ের ফ্রেন্ড রিকুয়েস্ট এক্সেপ্ট করতে হয়। এই একটা মাত্র মেয়েই আমাকে ফ্রেন্ড রেকুয়েস্ট পাঠিয়েছে জীবনে , তাও বারেবার।
আমার জীবন কাটে ফটোফ্রেম কিনতে কিনতে আর আমার বৌয়ের ফ্রেন্ড রিকুয়েস্ট আক্সেপ্ট করতে করতে।
এক ঝড়ের পরের সকালে ফটোফ্রেম কিনতে যাচ্ছি। এক বন্ধুর সাথে দেখা। মনো বিশেষজ্ঞ। আমি কথায় কথায় জিজ্ঞেস করলাম দাম্পত্য জীবনের ঝগড়া ঝাটির কথা। সে বিশাল ব্যাখ্যা দেওয়া শুরু করলো।এই নিয়ে তার পড়ালেখা প্রায় পিএইচডি পর্যায়ের। এক সমুদ্রসম উপদেশমালা শুনতে হচ্ছে। কথা বলতে বলতেই সে আমার সাথে ফটো ফ্রেমের দোকানে ঢুকে পরলো। আমি ফ্রেম কিনলাম একটা, সে কিনলো তিনটা। ঘটনা কি?
-“আরে তোর ভাবীর হাত থেকে খালী ফ্রেম পইরা গিয়া ভেঙ্গে যায়।
-আচ্ছা বুঝলাম। তো এতোগুলো কেনার কি দরকার।
-আরে বলা যায়না আজ রাতেও ভেঙ্গে যেতে পারে। বারবার আসার কি দরকার? প্রায়ই যেহেতু ভাঙ্গে। এই মহিলাকে নিয়া আর পারিনা…একটু শক্ত করে ফ্রেম ধরবেনা , বল?
৬০/৬৫ বছরের এক বুড়োকে দেখলাম ফ্রেম কিনছে।কাচুমুচু চেহারার।
-বুঝছেন একটূ শক্ত পক্ত দেখে দিবেন। পরে গেলেই বা আছার দিলেই ভেঙ্গে যায় এমন যেনো না হয়। লোহার ফ্রেম আছে নাকি??
বুড়ো দাদুর যদি ফ্রেম কেনার দরকার হয় তো আমি কে?? আমি হাসি হাসি মুখে ফ্রেম কিনি।দোকানদারকে বলি-
“ নিশ্চিত থাকেন, যতদিন দাম্পত্য টিকে আছে জগতে, ততদিন ফটোফ্রেমের ব্যবসা”।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

