১। আর কত দিন
কোন সহায় সম্বল নেই
কোন সমুচিত কাজ জানা নেই
বাক্যের আগাগোড়া শূন্য কলস
কি লিখবো স্বদেশ।
আমি কাকে বিশ্বাস করবো
কার কাঁধে মাথা রেখে বলবো
আমার পিতা হারানোর যন্ত্রণা
আমার ভাইয়ের অস্ফূট আর্তনাদ
আমার বোনের আলতা রাঙা দুটি পা
ক্রমশ ফ্যাকাসে হওয়ার ঘটনা।
আমার বাগানের সব ফুল ঝরে গেছে
বাতাবী লেবুর সুগন্ধ চুরি হয়েছে
বিস্মৃত বৃষ্টির অপেক্ষায় বহু দিন
কৃষ্ণচূড়া ফোটেনি পথের ধারে
তোমায় ঠিক কি উপহার দিবো
বলো মা বলো, আর কত বছর পর
তোমার পান্ডুর মুখে হাসি ফোটাবো।
২। আর কদ্দিন?
আমি লিখছি সান্ধ্যগান
সানাইয়ের করুণ আর্তি
বিষণ্ণতার সপ্তসুর
ঝিঝিপোকার রাত পিরিতি।
আমি লিখছি হৃদয়ের ব্যাকুলতা
পাশবিক সময়ের কথা
আমি লিখছি বারুদ জ্বলা আলোর কথা
খোকা ঘুমানো রাতের কথা
জরাজীর্ণ সংসারের কথা।
আমি লিখছি রাতভর উপাসনারত সেই মেয়েটির কথা
রাত পোহালেই পালাবে খুরতুতো ভাইয়ের সাথে
আমি লিখছি এক ভুলো পথের কথা
যে পথে সন্মানিতো কোন পদ স্পর্শ করে না।
আমার জীবন এ পথের এক প্রান্তে প্রার্থনারত
আমি চাই না কোন দামী পদের কেউ আসুক এ গাঁয়ে
যে পদ দিনকে দিন ভারী হয়েছে
নিরক্ষর এই সব মানুষের রক্ত চুষে।
এখন ওদেরটা ওদেরকে বুঝে নিতে দাও মশায়
লাঠি লজেন্স দিয়ে খোকাবাবু সাজিয়ে আর কদ্দিন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

