১। তুমি নাই! তুমি নাই!
বহুদিন হয় দেখা নাই তোর
বহুদিন বুকের ভিতরে ভোর
কুয়াশাচ্ছন্ন নদীর বাঁক
থেকে থেকে শুনি
মায়া হরিণের ডাক।
বহুদিন হয় দেখা নাই তোর
বুকের পাঁজরে রক্তাক্ত দুপুর
বৈশাখের তপ্ত বায়ু
কমলো বুঝি
মোমের আয়ু।
বহুদিন হয় দেখা নাই তোর
চোখের গভীরে সাগর
জলসাঘরে সানাই
থেমে থেমে রব উঠে
তুমি নাই! তুমি নাই!
২। তোমার চোখ
তোমাকে চেনার পর
তোমার চক্ষু চিনিনি কতদিন
দুটি চোখ সব নারীরই থাকে
তোমার মত চোখ
কখনো দেখিনি আগে
খুব চেনাচেনা লাগে
আবার মুহূর্তে
অজানা লাগে।
অথই সাগরে ডুবুরী যেমন
ডুব দিয়ে রহস্য খোঁজে
তোমার চোখে ডুব দিয়ে দেখেছি
এখনো রহস্যে ঘেরা খাদ
তবু বারেবারে কেন
মরিবার সাধ।
৩। অকারণ স্তব্দতা
কারণ ছাড়া গাছের পাতাটিও নড়ে না
আমি অকারণে স্তব্দ হয়ে বসে আছি
মহুয়ার বনে মাদল হাওয়া
আলুথালু ঘাসে উঠোন ছাওয়া
তাই বুঝি স্তব্দ পথিক।
ক্ষণে ক্ষণে কে যায় ঐ পথে
কে আসে পাশে কে দূরে হাসে
কে ভেজায় জলরঙ তুলি
আচর কাটে বনময়
দিগন্ত করে নয় ছয়
তাই বুঝি হারায় খেই পথিক।
৪। একবার বলেছি
একবার বলেছি
আমি তোমাকে ভালবাসি
ছুটন্ত তারার মত
সেই কথাকে ফেরাবো কেমন করে।
তুমি যতই না না করো
বাতাস বইবে
মেঘের গর্জন রইবে
পাখিরা ঠিকই গাইবে
চাঁদ পৃথিবীর মোহে
চারিদিকে ঘুরবেই
তোমার নাতে
নদীও টলবে না
তার স্রোতধারা
উজান থেকে ভাটিতে বইবে।
এত সব সত্য শ্বাশ্বত সৃষ্টির সাথে
মিশে যাওয়া আমার ভালবাসাকে
অটুট রাখতে আমি যুদ্ধ ঘোষণা করবো
প্রয়োজনে ছিন্ন করবো সকল না এর ন।
৫। চৈত্রের খর ভূমি
এদিকে আজ বৃষ্টি হলো
খোলা আকাশের নিচে
কোলাব্যাঙ প্রার্থনারত
ওদের বৃষ্টি দরকার তাই হলো
কিছু পাখি ডাকে থেমে থেমে
ওদের কুঞ্জে মাতাল হাওয়া
ওরা স্নান শেষে খোশগল্পে ব্যস্ত
থেমে থাকা লোকজন
যার যার গন্তব্যে ফিরছে
ওদের ফেরা দরকার
তাই ফিরছে।
এই তুমুল বৃষ্টির মাঝে
তুমিও হয়ত ভিজেছো
এখন দখিনা জানালা খুলে
আনমনে বসে আছো
তোমার এলোচুল বাতাসে উড়ছে।
কান পাতো শার্সিতে
শুনতে কি পাও?
দূরে এক অশান্ত উঠোন
অবিরাম শিলাবৃষ্টি।
যে উঠোন জীবনভর শুধু
তোমার পদরেখা ধারণ করেছে
বৃষ্টির জলে মুছে যাওয়ার ভয়ে
উঠোনটাই আজ আস্ত মানুষ
তোমার পদরেখার বদলে
আজ তোমাকেই আষ্টেপৃষ্টে
আঁকড়ে ধরতে চায়
তুমি না না করেছো বলেই
সে পুরনো বৃষ্টিবিলাস ছেড়ে
চৈত্রের খর ভূমি হতে চায়।
৬। মৃত্যুফাঁদে
ঠিক এই জীবন এই সেই জীবন
অলিতে গলিতে কত জীবন
জীবন ঠেলে ঠেলে কায়ক্লেশে
জীবনের অন্ধগলিতে গেলে
কে কারে রাখে স্মরণ
অন্ধকারকে করে বরণ
এক জীবন।
মৃত্যুফাঁদে আটক ঘুঘু
শিমুল ডালে মাতম তোলে
ভুল নিশানায় ভুল ঠিকানায়
তবু পাখি যায়।
কতদিন কেউ দেখে না চাঁদ
আকাশের পরে সাজিয়েছে রূপ
স্বরূপে সন্নিবেশে তারা
ছবি হয়ে ভাসে
কে জানে কোন তারা কবে খসে যায়
কত আলোকবর্ষ পরে
পৃথিবীর বুকে আলো ফুটে রয়।
দিকে দিকে যত তারা
ভাসে সারি সারি
আকাশ চাঁদে মিলে জোড় মিতালি
ঠিক জীবনের মাঝে এসে হাসে মিটিমিটি
কে আসিলো কে বসিলো কখন সূর্য পাটে
জীবন তবু চলে জীবনের ঘাটে-মৃত্যু ললাটে।
৭। তোমাকে সরাতে গিয়ে
তোমাকে ফেলতে গিয়ে আমি
নিজেকেই ফেলে এসেছি কোথাও
তোমাকে সরাতে গিয়ে
আমার হৃদয়ের একটা কুচি নড়ে গেছে
নড়বড়ে ভীত খোলা ছাউনি নিয়ে
আমি বেদনার আকাশ দেখি
আমার আকাশে নেই কোন পাখি
মেঘের আনাগোনায় ঝড় বয়ে যায়
চরাচরাময় বজ্র নিনাদে ভয় হয়
বড় ভয় হয়।
তোমার মুখটা মুছতে গিয়ে
আমি তোমার হাসি মুছে দিয়েছি
তোমার স্মৃতি তাড়াতে গিয়ে
আমিই বিতাড়িত হয়েছি
সহস্র মাইল দূর থেকে দূরে
নির্জনতার অন্তঃপুরে।
আমি কোথাও আশ্রয় পাইনি
আমার জটরে অন্ন ঢোকেনি পানীয় যায়নি
আমি বন্য হয়ে ছন্নছাড়া জীবনে চলেছি।
ছবিঃ নিজম্ব এ্যালবাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

