বাংলাদেশের পোশাক মালিকদের চাওয়া পূরণ করতে সফর শেষে দেশে ফিরেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশের পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ ভারতে রপ্তানি বাড়াতে ওয়্যারহাউস ও ডিস্ট্রিবিউশন সেন্টার স্থাপনে নরেন্দ্র মোদির কাছে ৫০ একর জমি চেয়ে যে অনুরোধ করেছিল, নিজের রাজনীতির উৎসস্থল গুজরাটে জমি দিয়ে তিনি তা পূরণ করার সিদ্ধান্ত দিয়েছেন। এখন ঢাকার ভারতীয় হাইকমিশন বিজিএমইএর কাছে আনুষ্ঠানিকভাবে বিনিয়োগ প্রস্তাব চেয়েছে। বিজিএমইএ ইতিমধ্যে প্রস্তাব চূড়ান্ত করেছে। লিখিত প্রস্তাবেও সেখানেই জমি চাওয়া হবে। কারণ গুজরাট নরেন্দ্র মোদির নিজস্ব এলাকা। গত ৭ জুন সোনারগাঁও হোটেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন ব্যবসায়ীরা। ঐ সময় ভারতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বাড়াতে একটি বড় আকারের ওয়্যারহাউস ও ডিস্ট্রিবিউশন সেন্টার স্থাপনে নরেন্দ্র মোদির কাছে ৫০ একর জমি চান এ খাতের উদ্যোক্তারা। ভারত সরকার জমি দিলে সেখানে পোশাক শিল্প মালিকরা আড়াই কোটি ডলার বিনিয়োগ করে একটি কম্পানি গঠন করবেন এবং সেখানে ভারতের বৃহত্তম ওয়্যারহাউস ও ডিস্ট্রিবিউশন সেন্টার স্থাপন করা হবে। এ ছাড়া বিজিএমইএ ভারতে এক হাজার রিটেইল শপও (খুচরা দোকান) স্থাপন করবে, ওয়্যারহাউস ও ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে রিটেইল শপগুলোতে সরবরাহ হবে। এর ফলে ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বাণিজ্য ঘাটতি বেশ কমবে। মূলত ভারতজুড়ে বাংলাদেশের পোশাক ছড়িয়ে দেওয়া এবং রিটেইল শপ করে নিজস্ব উদ্যোগে বিক্রি করার জন্যই ওয়্যারহাউস ও ডিস্ট্রিবিউশন সেন্টার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৫ বিকাল ৩:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




