বিপন্ন শীতের রাতে অন্যপুরুষের হাত ধরে নদীরাও চলে যায়
চমকে উঠে তোমারও হাত ধরেছিলাম, বিভিষিকাময় চিৎকার-
নিরীহ মশারীর ভিতরে তুমিও পাশ ফিরে ঘুমাও
বিচূর্ণ রাতের ভাঁজে চৈতন্যের রূপান্তরিত রঙ তোমাকে ঘিরে রেখে
আমার দৃষ্টির প্রতিপক্ষ হয় অতিশয় এক বদমাশ।
মধ্যবর্তি এক দূরত্ব তোমাকে আমাকে শীত ও উষ্ণের মুখোমুখি করে
খুব সহজেই পালিয়ে যায় মহানন্দার দিকে, রূপালি নখের কষ্ট নিয়ে
ভীষণ অভিমানে কেঁপে ওঠো অন্ধকারে, যুদ্ধবাজ ঘোড়ার ক্ষুরে
আমিও খুঁজে পাই বিলুপ্ত নগরীর কান্না, পলিদ্বীপ ভেঙে এসো গড়ে তুলি
নির্ভেজাল ইমারত।
মাঝ রাতে দরোজা খুলে কালোবৃষ্টির বাণিজ্যে
আমরা আর বণিক হবোনা-
এরকমই বিভোর স্বপ্নে খুঁজে আনি স্বজনের মুখ, শাদা প্রজাপতি
নিমজ্জিত বেদনার শহর ছেড়ে চলো যাই মহানন্দার দিকে।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১০ সকাল ৯:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


