কে জানে বহুমুখি মেঘ তোমাকে নিকষ আঁধারে
এমন গিলে ফেলেছে, শস্যক্ষেত ছুঁয়ে বৃষ্টিবালিকার ভ্রু-পল্লব ছেড়ে
কিভাবে বিবাগী হয়ে যায় চিরদিনের নায়ক
নৈঃশব্দের ভিতর দিয়ে আমাদের সূর্যালোক হেটে যায়
অগোচরে, সসীম শূন্যতা ভেঙে প্রবাহিত জলশিশু
আছড়ে পড়ে কূলে উপকূলে, সুসজ্জিত চোখের পাতায়
বিকেলের রোদ কেমন ভয়ঙ্কর হোয়ে ওঠে, তুমি ভুলে গেছ
দূরে নদীর নিঃশ্বাস, ভুলে গেছ-স্বপ্নগর্ভে জমে থাকা পাথরপথ
ক্রমাগত চিন্তা বাষ্পিভূত হতে হতে দু’হাতে তুলে নাও হতভাগ্য আকাশ
জলের চরিত্র-নিঃশ্বাসযান মাথার উপর অধিক আশ্রয়ে ঘুরপাক খায়
রাতের শীতল বাতাস বাকরুদ্ধ কঙ্কালের মত ছুটে আসে, দৃষ্টিপথ
ভেঙে তোমাকে দ্যাখে, মুগ্ধচোখে জ্বলে ওঠে আদিবাসী স্বপ্ন, জলজ সংসার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


