তারপরও বেঁচে থাকি। আবেগকে ঝেটিয়ে বিদায় করেছি বহু আগে। জলাঞ্জলি দিয়েছি আদর্শটাকেও। বিবেক অবশ্য প্রায়ই ঝামেলা পাকায়, হঠাৎ করেই বাঁধার প্রাচীর হয়ে দাঁড়ায় সামনে এসে। পাত্তা টাত্তা অবশ্য পায় না খুব একটা। প্রতিবারই চরম আক্রোশে তাকে ভেঙে গুড়িয়ে দিয়ে যাই। বুকের ভেতর চলছে নিত্য ভাঙাগড়া, তবু হতাশায় বিবর্ণ ঠোঁটের দিগন্তে ফুটিয়ে রাখি এক টুকরো শুকনো হাসি। শত্রুর সঙ্গে আপোষ করেই কাটাই রণাঙ্গণের দিনগুলি। জীবন তো একটা রণাঙ্গণই বটে! এখানকার নিয়ম নীতি অবশ্য বড়ই বিচিত্র আর অদ্ভুত। নিজেই এখানে নিজের প্রতিপক্ষ। নিজের সঙ্গে যুদ্ধ করেই এখানে কেটে যায় প্রতিক্ষণ, প্রতি মূহুর্ত। তবু বেঁচে থাকি। কারণ, বেঁচে থাকার বিকল্প নেই!
চায়ের টেবিলে ঝড় তোলা সেই ন্যায়ের কচকচানি ভুলে গেছি অবলীলায়। থেমে গেছে সকল উন্মাদনা। তারুণ্যেই যেন বার্ধক্য বাসা বেধেছে মানসিকতায়!
যে বিষয়গুলো হেলায় এড়িয়ে গেছি বরাবর, এখন সেগুলোই আকড়ে ধরেছে জালের মতো। যাদের মানুষ বলে মানতেও ছিল ঘোর আপত্তি, তাদের কাছেই আজ নতজানু জীবনের তাগিদে।
বড়ই হাস্যকর এই জীবনের রঙ্গমঞ্চ!!!
..........................
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:৩৯