বিদগ্ধজনরা 'যৌবন'কে 'বয়ঃসন্দিক্ষণ' হিসেবে চিহ্নিত করেছেন। গেয়ো লোকজন মানবজীবনের এই সময়কে 'যৈবন' বা 'জোয়ানকি' হিসেবে বলে থাকেন। আর অকাল প্রয়াত বাউল সম্রাট মানুষের এই শাশ্বত সময়কে 'বসন্ত' হিসেবে চিহ্নিত করেছেন। এই 'যৌবন বসন্ত' নিয়ে তার একটি চমৎকার গানও আছে।
দুরন্ত কৈশরের উঠোন পেরোনোর পরই সবকিছুর রঙ্গীন অবয়ব নিয়ে আগমণ ঘটে যৌবনের। এই সময় উঠতি বয়সীরা বেপরোয়া হয়ে উঠে। এই সময়টা কারও জন্য সৃষ্টিশীল আবার কারো জন্য বিনাশের কারণ হয়ে দাড়ায়। বিপ্লবী ক্ষুদিরাম, নজরুল, সুকান্তরা দেখিয়েছেন তাদের সৃষ্টির স্বরূপ। আর আমাদের মুক্তিযুদ্ধের সময় অগুণতি মুক্তিযোদ্ধা ছিলেন গর্বিত যৌবনের দাবিদার। যৌবনের তেজস্ক্রিয়তা নিয়ে তারা সেদিন ঝাঁপিয়ে পড়েছিল হানাদার হননে এবং বিজয়ী হয়ে দেশ মাতৃকাকে দিয়েছিল লালসবুজ পতাকা। যৌবন প্রসঙ্গে সেদিকে যাব না। আমরা বাউল সম্রাটের গানের দিকে এবার ফিরব।
বাউল সম্রাট শাহ আবদুল করিমের ‘তোমরা কুঞ্জ সাজাও গো’ শিরোনামের গানটি খুবই একটি চমৎকার গান। একজন যৌবনবতির প্রাণনাথের অপেক্ষা নিয়ে রচিত অত্যন্ত সংবেদনশীল এই গানটি যুবক-যুবতিসহ সব বয়সের মানুষকেই ছুঁয়ে যায়। একজন প্রাণনাথের জন্য কেমন যেন আকুপাক করে প্রেম কারবারিদের প্রাণ।
‘‘তামরা কুঞ্জ সাজাওগো আজ আমার প্রাণনাথ আসিতে পারে/ দিলে চায়, মনও চায় প্রাণও চায় তারে।
বসন্ত কালে কোকিল ডাকে কুহু সুরে/ যৌবন বসন্ত এমন থাকতে চায় না ঘরে।
আতর গোলাপ সোয়া চন্দন ছিটাই দাও ঘরে/ সাজাওগো ফুলের বিছানা পবিত্র অন্তরে।
আসলেও আসতে পারে ভরসা অন্তরে/ করিমে কয় পাইলে কি আর ছাইড়া দিমু তারে।...তোমরা কুঞ্জ সাজাওগো...
এই গানটি নিয়ে ভূমিকার বদলে কয়েক ছত্র লেখার কারণ হলো বাউল সম্রাট শাহ আবদুল করিমের শ্যামলা নামের এক শিষ্যের কণ্ঠে অদ্ভুত মায়ার টান লক্ষ্য করেছিলাম। তার নাম শ্যামলা। সে জানিয়েছিল বাউল সম্রাটই তার নাম নূরজাহান থেকে শ্যামলা রাখেন। এই গানটি তার অত্যন্ত প্রিয়। ঘরসংসারহীন শ্যামলা (৩৭) পরম দরদ দিয়ে এই গানটি গেয়েছিল। তার কণ্ঠে ছিল তার অদেখা প্রাণনাথের জন্য আকুতি। শ্যামলা হয়তো আজো খুঁজছে এমন একজন প্রাণনাথ। তাই এই গানটিই সব সময় তার হুদয়ে দোলা দেয়। সে জানেনা আদৌ তাকে পাবে কিনা। প্রশ্ন করেছিলাম তাকে, তোমার প্রাণনাথের স্বরূপ কেমন। উত্তরে বলেছিল, সে হবে অবলার পরম ধন...। বলেই ফুপিয়ে কান্না জুড়ে দেয়। আর ভাবলেশহীন নাগরিক আমি পাশ কাটিয়ে ফিরে আসি তাকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



